অগ্রণী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি মিজানের জামিন
দুর্নীতি দমন কমিশনের মামলায় জামিন পেয়েছেন রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমান খান।
বুধবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. কামরুল হোসেন মোল্লা তার জামিনের আদেশ দেন বলে দুদকের অন্যতম আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
শুনানিতে মিজানের আইনজীবীদের মধ্যে ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক শ ম রেজাউল করিম।
মামলার অন্য দুই আসামি অগ্রণী ব্যাংকের উপমহাব্যবস্থাপক আখতারুল আলম, সহকারী মহাব্যবস্থাপক মো. শফিউল্লাহ এই মামলায় জামিনের আবেদন এখনও করেননি।
গত ৩০ জুন অগ্রণী ব্যাংকের এমডি সৈয়দ আবদুল হামিদকে বাংলাদেশ ব্যাংক অপসারণের পর ডিএমডি মিজানুর রহমান খানকে ভারপ্রাপ্ত এমডি করা হয়েছিল।
সেদিন বিকালেই তাকেসহ ডিজিএম আখতারুল এবং এজিএম শফিউল্লাহকে গ্রেপ্তার করে দুদক।
মুন গ্রুপকে ঋণ দেওয়ায় অনিয়মের মামলায় তাদের গ্রেপ্তারের পর পাঠানো হয় কারাগারে।
মিথ্যা তথ্যের ওপর ভিত্তি করে মুন গ্রুপকে ১০৮ কোটি টাকা ঋণ দেওয়ার অভিযোগে গত ৩০ জুন মামলাটি করে দুদক।
দুদকের মামলায় বলা হয়, রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ৫৫৫ নম্বর প্লটে মুন গ্রুপের মালিক মিজানুর রহমানের বৈধ মালিকানা ছিল না। এছাড়া রাজউক অনুমোদিত বৈধ নকশা ছাড়াই বিতর্কিত ওই জমিতে নির্মাণাধীন একটি ভবনের ‘অস্বাভাবিক’ নির্মাণ ব্যয় ও আয় দেখিয়ে মিথ্যা তথ্যের ওপর ভিত্তি করে মুন গ্রুপকে ১০৮ কোটি টাকা ঋণ দেওয়া হয়।
মঞ্জুর হওয়া ঋণ থেকে পর্যায়ক্রমে ৯৪ কোটি ৮০ লাখ টাকা তুলে নিয়ে ব্যাংক তথা রাষ্ট্রের ওই পরিমাণ অর্থ আসামিরা আত্মসাৎ করেন বলে মামলায় অভিযোগ করা হয়।
