অগ্রণীর মিজানের জামিন শুনানি, আদেশ বৃহস্পতিবার
ঋণ অনিয়মের অভিযোগে গ্রেপ্তার অগ্রণী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমান খানের জামিন আবেদনের ওপর শুনানি নিয়ে বৃহস্পতিবার আদেশের দিন রেখেছে আদালত।
ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. কামরুল হোসেন মোল্লা বুধবার জামিন আবেদনের ওপর শুনানি গ্রহণ করেন।
আসামিপক্ষে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক শ ম রেজাউল করিম শুনানিতে অংশ নেন। মিজানুর রহমান খানকে সম্পূর্ণ নির্দোষ দাবি করেন তারা।
মিথ্যা তথ্যে মুন গ্রুপকে ১০৮ কোটি টাকা ঋণ দেওয়ার অভিযোগ ওঠার পর গত ৩০ জুন অগ্রণী ব্যাংকের এমডি সৈয়দ আবদুল হামিদকে অপসারণ করে বাংলাদেশ ব্যাংক। ওই দিনই ডিএমডি মিজানুর রহমানকে ভারপ্রাপ্ত এমডি করা হয়।
এরপর একইদিন মিজান, ব্যাংকের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. আখতারুল আলম ও সহকারী মহাব্যবস্থাপক মো. শফিউল্লাহকে গ্রেপ্তার করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এরপর এই চারজনসহ ব্যাংকটির মোট আট কর্মকর্তাকে আসামি করে ঋণ অনিয়মের অভিযোগে মামলা করা হয়।
দুদকের মামলায় বলা হয়, রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ৫৫৫ নম্বর প্লটে মুন গ্রুপের মালিক মিজানুর রহমানের বৈধ মালিকানা ছিল না। এছাড়া রাজউক অনুমোদিত বৈধ নকশা ছাড়াই বিতর্কিত ওই জমিতে নির্মাণাধীন একটি ভবনের ‘অস্বাভাবিক’ নির্মাণ ব্যয় ও আয় দেখিয়ে মিথ্যা তথ্যের ওপর ভিত্তি করে মুন গ্রুপকে ১০৮ কোটি টাকা ঋণ দেওয়া হয়।
মঞ্জুর হওয়া ঋণ থেকে পর্যায়ক্রমে ৯৪ কোটি ৮০ লাখ টাকা তুলে নিয়ে ব্যাংক তথা রাষ্ট্রের ওই পরিমাণ অর্থ আসামিরা আত্মসাৎ করেন বলে মামলায় অভিযোগ করা হয়।
