কলাবাগান ওয়েলফেয়ার সোসাইটির জঙ্গিবিরোধী মানববন্ধন
বাংলাদেশকে জঙ্গিমুক্ত করার প্রত্যয়ে ছাত্র-শিক্ষকসহ নানা শ্রেণি-পেশার মানুষকে নিয়ে মানববন্ধন করেছে রাজধানীর কলাবাগান ওয়েলফেয়ার সোসাইটি।
বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত লেক সার্কাস উচ্চ বালিকা বিদ্যালয় সংলগ্ন পশ্চিম পান্থপথে জঙ্গিবিরোধী এ মানববন্ধন হয়।
মানববন্ধনে সোসাইটির প্রতিষ্ঠাতা সদস্য মাসুদ করিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত বাংলাদেশকে জঙ্গিমুক্ত করার প্রত্যয়ে এ জঙ্গিবিরোধী মানববন্ধন করা হয়েছে। এতে সোসাইটির সদস্যদের পাশাপাশি লেক সার্কাস উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং সব শ্রেণি-পেশার সচেতন নাগরিকরা অংশ নেন।
এসময় বাংলাদেশের প্রতিটি এলাকার প্রত্যেকটি মানবাধিকার ও সমাজসেবামূলক সংগঠনকে জঙ্গিবাদের বিরুদ্ধে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সোসাইটির সভাপতি শফিকুল আলম ফিরোজ, সাধারণ সম্পাদক মাইনুল হক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কাউন্সিলর সালাউদ্দিন আহমদ ঢালী, লেক সার্কাস উচ্চ বালিকা বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হেলাল উদ্দীন আহমদ ও প্রধান শিক্ষক মোস্তফা কামাল।
