ধানমন্ডিতে বাসের ধাক্কায় চিকিৎসকের মৃত্যু
রাজধানীর কলাবাগান বাসস্ট্যান্ড এলাকায় বাসের ধাক্কায় আহত হয়ে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে।
নিহত চিকিৎসক তৃষ্ণা রাণী (২৬) ঢাকা মেডিকেল কলেজে ‘অ্যানেসথেশিয়া’ বিষয়ে ডিপ্লোমা করছিলেন।
কলাবাগান থানার এসআই রিয়াজ উদ্দিন জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে বাস স্ট্যান্ডের কাছে রাস্তা পার হওয়ার সময় ‘মিরপুর লিংক’ নামে একটি বাস তৃষ্ণাকে ধাক্কা দেয়।
এ সময় পথচারীরা তাকে ধানমন্ডির আনোয়ার খান মর্ডান হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে তিনি মারা যান।
তৃষ্ণা কলাবাগান প্রথম লেনের ২৭ নম্বর বাড়িতে স্বামী কিংশুক ঘোষের সঙ্গে ভাড়া থাকতেন বলে জানান এই পুলিশ সদস্য।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক আব্দুল গফুর জানান, তৃষ্ণা একটি বেসরকারি মেডিকেল কলেজ থেকে পাস করে ঢাকা মেডিকেলে কলেজে ‘অ্যানেসথেশিয়া’ বিষয়ে ডিপ্লোমা করছিলেন।
তৃষ্ণাকে ধাক্কা দেওয়া বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে যায় জানান এসআই রিয়াজ।
