বঙ্গবন্ধু স্মরণে রাজধানীতে মাসব্যাপী নানা আয়োজন
শোকাবহ অগাস্টের প্রথম দিনে বঙ্গবন্ধুকে নিয়ে শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে মাসব্যাপী শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান ‘শিল্পের আলোয় বঙ্গবন্ধু’। পাশাপাশি পাঠক সমাবেশে চলছে বঙ্গবন্ধু সম্পর্কিত বাংলা ও ইংরেজি বইয়ের প্রদর্শনী।
‘শিল্পের আলোয় বঙ্গবন্ধু’ শিরোনামে মাসব্যাপী আয়োজনে থাকছে বঙ্গবন্ধুর উপর শিশুদের অঙ্কিত চিত্রকর্ম প্রদর্শনী, বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর আলোকচিত্র প্রদর্শনী।
এছাড়াও ৪৯০টি উপজেলা ও ৬৪ জেলায় এবং ঢাকা মহানগরীতে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতার পাশাপাশি থাকছে ‘বঙ্গবন্ধুর গল্প শোন’ শিরোনামে গল্প বলার আসর।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়ও নানা আয়োজন করছে শিল্পকলা একাডেমি। সেখানে বঙ্গবন্ধুকে নিয়ে রচিত গান ও কবিতার উপর ভিত্তি করে আর্র্টিস্ট ক্যাম্প, বরেণ্য শিল্পীদের চিত্রকর্ম নিয়ে আয়োজন করা হয়েছে প্রদর্শনী।
এছাড়াও দেশব্যাপী বঙ্গবন্ধুর উপর আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, বঙ্গন্ধুর উপর নির্মিত চলচ্চিত্র নিয়ে প্রদর্শনী, বঙ্গবন্ধুর উপর প্রকাশিত গ্রন্থের প্রদর্শনী ও লেকচার ওয়ার্কশপ, ২১ শে অগাস্টে সংগঠিত নারকীয় গ্রেনেড হামলা: স্থাপনা প্রদর্শনী, ‘বঙ্গবন্ধু ও বিশ্ব শান্তি’ বিষয়ক আলোচনা, ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ পাঠ এবং কবিকন্ঠে কবিতা পাঠ ও বঙ্গবন্ধুর উপর রচিত গানের কোরিওগ্রাফির আয়োজন করা হয়েছে।
মাসব্যাপী অনুষ্ঠানমালার কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকালে বঙ্গবন্ধুকে নিয়ে এক চিত্রকর্ম প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
শিল্পী বীরেন সোম, আহমেদ সামসুদ্দোহা, শেখ আফজাল, শাহজাহান আহমেদ বিকাশ, মো. আলপ্তগীন, মো. কামাল উদ্দিন, ময়াজ উদ্দিন, আবুল কালাম আজাদ, মাকসুদুল আহসানসহ ১৪৮ জন শিল্পীর ১৫০টি চিত্রকর্ম স্থান পেয়েছে এই প্রদর্শনীতে। এর মধ্যে রয়েছে শিল্পী প্রদ্যুৎ কুমার দাসের ১টি ভাস্কর্য শিল্প।
পাঠক সমাবেশে বঙ্গবন্ধু সম্পর্কিত বইয়ের প্রদর্শনী
বই পাঠের মাধ্যমে বঙ্গবন্ধুকে জানার প্রয়াস নিয়েছে শাহবাগের পাঠক সমাবেশ কেন্দ্র। এক ছাদের নিচে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কিত বাংলা ও ইংরেজি বইয়ের প্রদর্শনীর আয়োজন করেছে।
‘জাতির জনককে জানুন’ শীর্ষক মাসব্যাপী এ গ্রন্থমেলার পর্দা ওঠে সোমবার। বইমেলার এ আয়োজনে প্রতিদিন বিকালে থাকবে বঙ্গবন্ধুর জীবনী আলোচনা ও কবিকণ্ঠে কবিতাপাঠ।
সোমবার বিকালে শাহবাগের বই বিতানটিতে কবিকণ্ঠে কবিতাপাঠ ও আলোচনায় সাজানো হয় উদ্বোধনী অনুষ্ঠান।
আলোচনায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ হচ্ছে একই সত্তার দুই রূপ। বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে মূলত বাংলাদেশকেই হত্যার চেষ্টা করা হয়েছে। তবে চাইলেও ব্যর্থ হয়েছে ষড়যন্ত্রকারীদের সেই ঘৃণ্য প্রচেষ্টা।
বাঙালি জাতিসত্ত্বার আত্মপরিচয়ের ঠিকানা গড়ে দেওয়া সেই মহামানব স্বমহিমায় অবিনশ্বর হয়ে আছেন। কারণ, তিনি ধারণ করেছিলেন স্বাধীনতার স্বপ্ন দেখা একটি জাতির আবেগকে।
আলোচনায় অংশ নেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কবি ও গবেষক নূহ-উল-আলম লেনিন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, সাংবাদিক ও বঙ্গবন্ধুর জীবনীকার সৈয়দ বদরুল আহসান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল এবং অ্যাডর্ন পাবলিকেশন্সের প্রকাশক সৈয়দ জাকির হোসাইন।
শুরুতেই ছিল কবিকণ্ঠে কবিতাপাঠ। বঙ্গবন্ধুর জন্ম, উত্থান, মৃত্যু ও পুনরায় জেগে ওঠার বিষয়কে উপজীব্য করে কবি মুহাম্মদ সামাদ পাঠ করেন ‘এই বাংলা মুজিবময়’ শিরোনামের কবিতা। কবি মুহম্মদ নূরুল হুদা পঠিত কবিতার শিরোনাম ছিল ‘জাতির পিতা’।
বই প্রদর্শনীর উদ্বোধনী বক্তব্যে শামসুজ্জামান খান বলেন, “এটি একটি চমৎকার উদ্যোগ। অন্য প্রকাশকরাও এভাবে বড় পরিসরে বঙ্গবন্ধুকে নিয়ে রচিত বইয়ের প্রদর্শনীর আয়োজন করলে তা আরও ব্যাপ্তি লাভ করবে। এ ধরনের গ্রন্থমেলার মাধ্যমে বঙ্গবন্ধুর মতো মহান নেতা সম্পর্কে জানতে পারবে নতুন প্রজন্ম।”
গোলাম কুদ্দুছ বলেন, “বাঙালির রাজনৈতিক জীবনের এমন কোনো স্থান নেই যেখানে বঙ্গবন্ধুর উপস্থিতি ছিল না। তাকে হত্যার মাধ্যমে বাংলাদেশ ও মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত সেটা সফল হয়নি।”
পাঠক সমাবেশ কেন্দ্রের এই বই প্রদর্শনীতে ঠাঁই পেয়েছে বঙ্গবন্ধু সম্পর্কিত ৩ শতাধিক বাংলা ও ইংরেজি গ্রন্থ। প্রবন্ধ, জীবনী, কবিতা, তৎকালীন রাজনৈতিক অবস্থা, বঙ্গবন্ধুর সঙ্গে সম্পৃক্ত বাংলাদেশের জন্মের ইতিহাসহ জাতির জনককে নিয়ে রচিত বইগুলো নিয়ে সাজানো হয়েছে একটি আলাদা কর্নার।
আয়োজনের অংশ হিসেবে প্রতিদিন বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধুকে নিয়ে আলোচনা ও কবিকণ্ঠে কবিতাপাঠ।
৩১ অগাস্ট পর্যন্ত চলবে এই প্রদর্শনী।
শিশু একাডেমির পক্ষকালব্যাপী কর্মসূচি
বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১৫ দিনব্যাপী জাতীয় শোক দিবস পালনের কর্মসূচি নিয়েছে বাংলাদেশ শিশু একাডেমি।
সোমবার বিকালে একাডেমির শেখ রাসেল মুক্তমঞ্চ ও একাডেমি মিলনায়তনে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক আলোকচিত্র ও পুস্তক প্রদর্শনীর উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।
প্রতিমন্ত্রী চুমকি বলেন, “১৯৭৫ সালের ১৫ অগাস্ট জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মাধ্যমে বাংলাদেশকে আবার পাকিস্তানের অংশ বানাতে চেয়েছিল। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে মুছে দিয়ে একটি উগ্র মৌলবাদী রাষ্ট্র বানাতে চেয়েছিল। কিন্তু ঘাতকরা সফল হতে পারেনি।”
বাংলাদেশের উন্নয়নের ধারাকে ব্যাহত করার জন্য পঁচাত্তরের ষড়যন্ত্রকারীরা এখনও সক্রিয় থেকে ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে তরুণদের জঙ্গি বানাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
১৫ দিনব্যাপী জাতীয় শোক দিবস পালনে প্রতিদিন বঙ্গবন্ধুকে নিয়ে শিশু একাডেমি প্রকাশিত বঙ্গবন্ধু গ্রন্থমেলা প্রদর্শনী ও বিক্রয়ের জন্য উন্মুক্ত থাকবে। ১৫ অগাস্ট জাতীয় শোক দিবসে শেষ হবে এই কর্মসূচি।
