২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির সঙ্গে ভিয়েতনামের বিদায়ী দূতের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত নগুয়েন কুয়াং থুক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2016, 06:00 PM

Updated : 20 Aug 2022, 01:20 PM

রোববার বিদায়ী দূত বঙ্গভবনে যান বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাক্ষাতের সময় রাষ্ট্রপতি বাংলাদেশে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালনের জন্য বিদায়ী দূতকে ধন্যবাদ জানান।”

“রাষ্ট্রপতি এ সময় বলেন, ভিয়েতনাম বাংলাদেশের পরিক্ষীত বন্ধু। দুই দেশের মধ্যে বাণিজ্য-বিনিয়োগ সম্প্রসারণের যথেষ্ট সুযোগ আছে। এ সুযোগ কাজে লাগিয়ে রাষ্ট্রপতি দুই দেশের সরকারি-বেসরবকারি উচ্চ পর্যায়ের সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।”

রাষ্ট্রপতির এসময় ভিয়েতনামের নতুন প্রেসিডন্টে ত্রান দাই কুয়াংকে অভিনন্দন জানান। আবদুল হামিদ আশা করেন নতুন প্রেসিডেন্টের নেতৃত্বে ভিয়েতনামের আর্থ-সামাজিক উন্নয়ন তরান্বিত হবে এবং বাংলাদেশের সঙ্গে সম্পর্ক সম্প্রসারিত হবে।

প্রেসে সচিব জানান, বিদায়ী দূত বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসা করেন।

জয়নাল আবেদীন বলেন, “ভিয়েতনামের রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন, বাংলাদেশ তার কাঙ্খিত অগ্রগতি অর্জনে সফল হবে।”

বিদায়ী দূত গতবছর আবদুল হামিদের ভিয়েতনাম সফরের কথা উল্লেখ করে ওই সফরকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে মাইলফলক বলে আখ্যা দেন। আবদুল হামিদের ওই সফর দুই দেশের সম্পর্কে নতুন মাত্রা যোগ করেছে বলেও উল্লেখ করেন বিদায়ী দূত।

বিদায়ী রাষ্ট্রদূত সাক্ষাতের সময় দায়িত্ব পালনে সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।     

বিশ্ববিদ্যালয়ের হলে মনিটরিং জোরদার করার আহ্বান

পরে রাষ্ট্রপতির আবদুল হামিদের সৌজন্য সাক্ষাৎ করেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য মোহাম্মদ রফিকুল আলম।

রাষ্ট্রপতির সাক্ষাতের সময় শিক্ষার গুণগত মান নিশ্চিতে সার্বিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। এছাড়া শিক্ষার্থীরা যাতে লেখাপড়ায় মনযোগী হওয়ার পাশাপাশি বিভিন্ন সৃজনশীল কাজেও সম্পৃক্ত হয় সেজন্য কর্তৃপক্ষকে  উদ্যোগী হওয়ার আহ্বান জানান।

প্রেস সচিব বলেন, “শিক্ষার্থীরা যাতে সন্ত্রাস ও জঙ্গিবাদে জড়িত হতে না পরে সেজন্য রাষ্ট্রপতি শিক্ষাঙ্গনসহ আবাসিক হলগুলোতে নিয়মিত মনিটরিং এর ওপর জোর দেন।”

নতুন ভিসি তার নিয়োগের জন্য কৃতজ্ঞতা জানান এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

তিনি এসময় তার প্রতিষ্ঠানের আবাসিক ও পরিবহন খাতের বিভিন্ন সমস্যার কথা তুলে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন।