সংসদ এলাকায় গাড়ি প্রবেশে কড়াকড়ি আরোপের সুপারিশ
সাম্প্রতিক সময়ে দেশে জঙ্গি হামলার প্রেক্ষাপটে জাতীয় সংসদ ভবনের নিরাপত্তায় সংসদ এলাকায় দর্শনার্থীসহ সব ধরনের বহিরাগতদের গাড়ি ও মোটর সাইকেলের প্রবেশ নিষিদ্ধ করার সুপারিশ করেছে ‘সংসদ সদস্য ভবন ব্যবস্থাপনা কমিটি’।
এছাড়া কমিটি মূল ভবনের বাইরে সংসদ এলাকায় সিসি ক্যামেরা স্থাপন করতে বলেছে।
সোমবার এক বৈঠক শেষে কমিটির সদস্য ছলিম উদ্দিন তরফদার সাংবাদিকদের বলেন, “দেশের বর্তমান প্রেক্ষাপটে সংসদ ভবনের নিরাপত্তার বিষয়ে আলাদা করে ভাবতে হচ্ছে। কমিটি মনে করে, সংসদ সদস্য ও বৈধ পাসধারী ব্যক্তি ছাড়া অন্য কারও কার বা মোটর সাইকেলের প্রবেশ নিষিদ্ধ থাকা উচিত।
“মূল ভবনের বাইরে সংসদ এলাকায় কী হচ্ছে- না হচ্ছে সে বিষয়ে সংসদ কতৃর্পক্ষ কিছুই জানে না। দর্শনার্থী কেউ গাড়ি নিয়ে আসলে তার বাহন সংসদ এলাকার বাইরে থাকবে।”
যে কোনো ধরনের নাশকতা ঘটলে তা শনাক্ত করার সুবিধার্থে কমিটি সিসি ক্যামেরা বসানোর পরামর্শ দিয়েছে বলে জানান ছলিম উদ্দিন।
“কোনো ধরনের নাশকতা ঘটলে তা শনাক্ত করার কোনো উপায় নেই। সে জন্য কমিটি সিসি ক্যামেরা বসানোর পরামর্শ দিয়েছে। এ ছাড়া দক্ষিণ পাশের সীমানা প্রাচীরের ওপরে কাঁটাতার লাগাতে বলেছে।”
তিনি আরও বলেন, “বৈধ পাস বা সাংসদ ও সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের সম্মতি ছাড়া কোনো বহিরাগতও সংসদ ভবন এলাকায় ঢুকতে পারবেন না।”
সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা জানান, বর্তমানে সংসদ এলাকায় ঢোকার জন্য এবং ভবনে ঢোকার জন্য পৃথক পাশ দেওয়া হয়। এলাকায় ঢোকার পাশের জন্য সংসদ সদস্য বা কর্মকর্তাদের সম্মতির দরকার হয় না। কমিটির সুপারিশ বাস্তবায়িত হলে অনুমোদিত ব্যক্তির সম্মতি বিহীন কেউ প্রবেশ করতে পারবে না।
সংসদ সদস্য ভবনে বহিরাগতরা থাকতে পারবেন না বলেও কমিটি একমত হয়েছে।
এ বিষয়ে ছলিম উদ্দিন বলেন, “অভিযোগ আছে, সাংসদদের অনেকের বাসায় তারা নিজেরা থাকেন না। তাদের কর্মচারী ও আত্মীয়-স্বজনেরা থাকেন। নিজেদের নিরাপত্তার খাতিরে এটা হওয়া উচিত না।
“কমিটি সকল সাংসদদের নিয়ে একটি মতবিনিময় সভা করার সিদ্ধান্ত নিয়েছে। সেখানে সদস্য ভবন থেকে বহিরাগতদের বের করে দেওয়ার অনুরোধ জানানো হবে।”
সংসদ কমিটির সঙ্গে আলোচনা করে এই মত বিনিময় সভার তারিখ ঠিক করা হবে বলেও জানান তিনি।
কমিটির আহ্বায়ক উম্মে রাজিয়া কাজলের সভাপতিত্বে এই বৈঠক কমিটির সদস্য ছলিম উদ্দিন তরফদার ও আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী অংশ নেন।
বৈঠকে পুলিশের তেজগাঁও অঞ্চলের শীর্ষ কর্মকর্তা ও গণপূর্ত বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
