মলদ্বারে বাতাসেই সাগরের মৃত্যু: ময়নাতদন্তকারী চিকিৎসক
মলদ্বারে বাতাস ঢোকানোয় অভ্যন্তরীণ রক্তক্ষরণে নারায়ণগঞ্জের রূপগঞ্জের তুলা কারখানার শিশু শ্রমিক সাগর বর্মণের মৃত্যু হয়েছে বলে মরদেহের ময়নাতদন্ত করা চিকিৎসক জানিয়েছেন।
সোমবার ময়না তদন্তে সাগরের পায়ুপথে এবং ভেতরে জখমের চিহ্ন পাওয়ার কথাও জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক সহকারী অধ্যাপক আ খ ম শফিউজ্জামান।
পরে চিকিৎসক শফিউজ্জামান সাংবাদিকদের বলেন, “তার পায়ুপথে ও পায়ুপথের ভেতরে জখমের চিহ্ন পাওয়া গেছে। আমরা অনেকটা নিশ্চিত যে, পায়ুপথে বাতাস ঢোকানোর কারণেই তার মৃত্যু হয়েছে।
“শরীরের ভেতরে আমরা রক্তক্ষরণের আলামত পেয়েছি। ভিসেরা পরীক্ষার জন্য সেই রক্ত সংগ্রহও করা হয়েছে।”
রোববার রূপগঞ্জ উপজেলার যাত্রমোড়া এলাকায় জোবেদা টেক্সটাইল অ্যান্ড স্পিনিং কারখানায় দশ বছর বয়সী সাগরকে মলদ্বারে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগ ওঠে।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. জাকারিয়া জানিয়েছিলেন, দুপুর ২ টার দিকে কারখানার অন্য শ্রমিকরা একটি পাম্প থেকে সাগরের মলদ্বার দিয়ে বাতাস দিলে সে অসুস্থ হয়ে পড়ে।
গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে বিকাল ৪টায় তার মৃত্যু হয়।
এই ঘটনায় ওই কারখানার চার কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে সাগরের পরিবার। এরা হলেন জোবেদা টেক্সটাইল মিলস এর ব্যবস্থাপক (প্রশাসন) নাজমুল হুদা, ব্যবস্থাপক (উৎপাদন) হারুনুর রশীদ, জ্যেষ্ঠ উৎপাদন কর্মকর্তা আজহার ইমাম ওরফে সোহেল এবং সহাকারী উৎপাদন ব্যাবস্থাপক রাশেদুল ইসলাম।
এদের মধ্যে নাজমুল হুদাকে রোববার রাতেই আটক করা হয়েছে।
সাগরের বাবা রতন বর্মণও ওই কারখানার শ্রমিক। আর মা লাবণ্য বর্মণ গৃহিণী। সাগর দুই ভাই ও এক বোনের মধ্যে সবার ছোট। পরিবারটি রূপগঞ্জ উপজেলার দিঘি বরাব এলাকার সাত্তার মেম্বরের বাড়ির ভাড়া বাসায় থাকে। রতন বর্মণের পৈতৃক বাড়ি নেত্রকোণার খালিয়াজুড়ি উপজেলার রাজিবপুর গ্রামে।
খুলনায় মলদ্বার দিয়ে বাতাস ঢুকিয়ে শিশু রাকিবকে হত্যার এক বছরের মধ্যে এ ঘটনা ঘটল। গত বছর ৪ অগাস্ট রাকিব হত্যামামলায় ওই বছর ৮ নভেম্বর দুই জনের ফাঁসির রায় হয়েছে।
