২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরের বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা

উজানে বৃষ্টিপাত অব্যাহত থাকায় নদ-নদীর পানি বৃদ্ধির প্রবণতা আরও তিনদিন অব্যাহত থাকতে পারে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2016, 06:43 PM

Updated : 11 Oct 2022, 08:31 PM

পুরনো খবর:

শ্রাবণে ভারি বর্ষণের আভাস
ব্রহ্মপুত্রের পানি বেড়ে কুড়িগ্রামের নিম্নাঞ্চল প্লাবিত
তিস্তা বিপদসীমার উপর, শতশত ঘরবাড়ি বিলীন

আর সেক্ষেত্রে কুড়িগ্রাম, গাইবান্ধা ও নীলফামারী এলাকার বন্যা পরিস্থিতির আরও অবনতির আভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

বুধবার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বুলেটিনে বলা হয়েছে, পাউবোর ৯০টি পানি পর্যবেক্ষক স্টেশনের মধ্যে ৬৩টি পয়েন্টে পানি বাড়ছে। এর মধ্যে ছয়টি পয়েন্টি পানি বিপদসীমার ওপরে রয়েছে।

কেন্দ্রের সহকারী প্রকৌশলী রিপন কর্মকার জানান, বহ্মপুত্র-যমুনা, গঙ্গা-পদ্মা ও সুরমা-কুশিয়ারা নদীর পানি বাড়ছে। কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারীর নিম্নাঞ্চল আগেই প্লাবিত হয়েছে। উজানে বৃষ্টি অব্যাহত থাকলে এ পরিস্থিতির অবনতি হতে পারে।

“ভারতের আবহাওয়া অধিদপ্তর আগামী পাঁচ দিন বৃষ্টি অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে। বুধবার দুপুরে বৃষ্টি কমেছে সেখানে। তবে উজানে বৃষ্টি হলে নদ-নদীর পানিও বাড়বে।”

বুধবার সকাল ৯টায় বহ্মপুত্রের চিলমারী, ধলেশ্বরীর এলাসিন, সুরমার কানাইঘাট ও সুনামগঞ্জ, সারি নদীর সারিঘাট ও কংশ নদীর জারিয়াজঞ্জাইল পয়েন্টে পানি বিপদ সীমার ওপরে ছিল।

রিপন কর্মকার জানান, আগামী ২৪ ঘণ্টায় বহ্মপুত্র নদের পানির উচ্চতা অপরিবর্তিত থাকতে পারে, যমুনা নদীর পানি ৪৮ ঘণ্টায় সামান্য বাড়তে পারে। সুরমা-কুশিয়ারার পানি ২৪ ঘণ্টায় বাড়তে পারে এবং গঙ্গা-পদ্মায় ৭২ ঘণ্টা পর্যন্ত পানি বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমী বায়ু দেশের উত্তরাংশে সক্রিয়। ফলে আগামী তিন দিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

বৃহস্পতিবারের পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারি থেকে ভারি বর্ষণেরে আশঙ্কা রয়েছে।

বুধবার সকাল ৬টা পর্যন্ত রংপুরেরে তেঁতুলিয়ায় দেশের সর্বোচ্চ ৯০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

জুলাই মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসের বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক মাহনাজ খান বলেন, “এ মাসে স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হতে পারে; যার মধ্যে দুয়েকটি নিম্নচাপের রূপ নিতে পারে।

সেই সঙ্গে দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের কিছু কিছু জায়গায় স্বাভাবিক বন্যার সম্ভাবনার কথাও অধিদপ্তর জানিয়েছে।