বছরে সাড়ে ৪ লাখ অপরিণত শিশু জন্ম নেয়: স্বাস্থ্যমন্ত্রী
দেশে বছরে প্রায় সাড়ে চার লাখ শিশু অপরিণত অবস্থায় জন্ম নেয় বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।
মঙ্গলবার সংসদে সরকারি দলের সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, অপরিণত অবস্থায় জন্ম নেওয়া শিশুদের মধ্যে ২৬ হাজারের মতো শিশুর মৃত্যু ঘটে, যা মোট নবজাতকের মৃত্যুর হারের ৪৫ শতাংশ।
“অবশিষ্ট অপরিণত শিশুরা পরবর্তীতে শারীরিক নানা জটিলতায় ভোগে।”
এস এম মোস্তফা রশিদীর প্রশ্নের জবাবে মন্ত্রী নাসিম বলেন, “বর্তমানে দেশে শতকরা ৫ দশমিক ৪০ শতাংশ মানুষ হেপাটাইটিস-বি ভাইরাসে আক্রান্ত।”
দেশের জনগণকে হেপাটাইটিস-বি ভাইরাস মুক্তকরণে দেশের হাসপাতালসমূহে বিনামুল্যে টিকা প্রদানের ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা সরকারের রয়েছে বলে মন্ত্রী জানান।
নিজাম উদ্দিন হাজারীর প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “সরকারি হাসপাতালে নবজাতক শিশু চুরি বন্ধে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে। চুরি বন্ধে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের বাধ্যতামূলক নির্ধারিত ইউনিফর্ম পরার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”
২০ কোটি মানুষ নৌ-পথে যাতায়াত করে
এদিকে আওয়ামী লীগের পিনু খানের প্রশ্নের জবাবে নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান জানান, বর্তমানে রুট পারমিট নিয়ে ৬৯৫টি যাত্রীবাহী নৌযান চলাচল করে। এসব নৌযানের মাধ্যমে বছরে প্রায় ২০ কোটি মানুষ নৌপথে যাতায়াত করে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ)’র তথ্যের বরাত দিয়ে নৌ মন্ত্রী আরও জানান, বিগত ৫ বছরে দেশের অভ্যন্তরীণ নৌপথে ১০০ কোটি ৫৭ লাখ যাত্রী নৌযানের মাধ্যমে যাতায়াত করেছে।
মন্ত্রীর তথ্য অনুযায়ী, বছরে নৌপথে যাতায়াতকারী যাত্রীর সংখ্যা প্রায় ২০ কোটি ১১ লাখ।
মন্ত্রী জানান, যাত্রীবাহী ৯২৩টিসহ বর্তমানে দেশে নৌযানের সংখ্যা ১০ হাজার ২৯৬টি। যাত্রীবাহী নৌযানের মধ্যে রুট পারমিট নিয়ে ৬৯৫টি বিভিন্ন রুটে চলাচল করছে।
এনামুর রহমানের প্রশ্নের জবাবে নৌমন্ত্রী জানান, বর্তমানে অভ্যন্তরীণ নৌ-পথের দৈর্ঘ্য বর্ষাকালে প্রায় ২৪ হাজার এবং শুষ্ক মৌসুমে ৬ হাজার কিলোমিটার।
তরিকত ফেডারেশনের এম এ আউয়ালের প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী মতিউর রহমান জানান, চুক্তি অনুযায়ী এ বছর হজ পালনের জন্য এক লাখ এক হাজার ৭৫৮ জন বাংলাদেশ থেকে হজ পালনে যেতে পারবেন।
এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার এবং বাকি ৯১ হাজার ৭৫৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে পারবেন বলে মন্ত্রী জানান।
