২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমৃত্যু কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করবেন জামালপুরের ২ আসামি

একাত্তরে জামালপুরে সংঘটিত যুদ্ধাপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আমৃত্যু কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে কারাগারে থাকা  দুই আসামি আপিল করবেন বলে জানিয়েছেন তাদের আইনজীবী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2016, 03:44 PM

Updated : 12 Apr 2022, 02:28 AM

বিচারপতি আনোয়ারুল হক নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল সোমবার জামালপুরের তিন আসামির মৃত্যুদণ্ড ও পাঁচজনের আমৃত্যু কারাদণ্ডের রায়ে এই প্রতিক্রিয়া জানান অ্যাডভোকেট গাজী এম এইচ তামিম।

আমৃত্যু সাজা পাওয়াদের মধ্যে অ্যাডভোকেট মো. শামসুল হক ওরফে ‘বদর ভাই’ ও এস এম ইউসুফ আলী রায়ের সময় কাঠগড়ায় উপস্থিত ছিলেন। রায়ের বিরুদ্ধে এক মাসের মধ্যে আপিল করার সুযোগ পাবেন তারা।

এই দুজনের আইনজীবী তামিম রায় ঘোষণার পর সাংবাদিকদের বলেন, “ট্রাইব্যুনাল যে রায় দিয়েছেন, তাতে ১ নম্বর ও ৫ নম্বর অভিযোগ থেকে আমার আসামিদেরকে খালাস প্রদান করেছেন। একটি অভিযোগে আজীবন কারাদণ্ড প্রদান করেছেন।

“আমি মনে করি এবং আমার আসামিদের ইনস্ট্রাকশন হলো- এই অভিযোগের বিরুদ্ধে আপিল করা হবে।”

আসামীদের সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা করে আপিল বিভাগ আসামিদের নির্দোষ সাব্যস্ত করে খালাস দেবেন বলে আশা প্রকাশ করেন এই আইনজীবী।

এই দুই আসামি ছাড়া দণ্ডিত অপর আসামিরা সবাই পলাতক রয়েছেন। তাদের মধ্যে মো. আশরাফ হোসেন, মো. আব্দুল মান্নান ও মো. আব্দুল বারীকে প্রাণদণ্ড দিয়ে আদালত রায়ে বলেছে, সরকার ফাঁসিতে ঝুলিয়ে অথবা গুলি করে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করতে পারবে।

আর আমৃত্যু কারাদণ্ড পাওয়া বাকিরা হলেন- ইসলামী ব্যাংকের সাবেক কর্মকর্তা শরীফ আহাম্মেদ ওরফে শরীফ হোসেন, মো. আবুল হাশেম ও হারুন।

শামসুল ও ইউসুফ ছাড়া বাকিদের পলাতক দেখিয়েই এ মামলার বিচার চলে। রায়ের বিরুদ্ধে আপিল করতে হলে তাদের আত্মসমর্পণ করতে হবে।

রায়ে বলা হয়, আসামিদের বিরুদ্ধে প্রসিকিউশনের আনা পাঁচ অভিযোগের মধ্যে তিনটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।

এই আট আসামি একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নেন এবং পাকিস্তানি দখলদার বাহিনীর সহযোগিতায় গঠিত রাজাকার ও আল-বদর বাহিনীতে যোগ দেন।

সে সময় জামালপুরের বিভিন্ন এলাকায় তারা যেসব মানবতাবিরোধী কর্মকাণ্ড ঘটান, তা এ মামলার বিচারে উঠে এসেছে।