জামিন: শফিক রেহমানকে আপিলের অনুমতি
জামিন খারিজ করে দেওয়া হাই কোর্টের আদেশের বিরুদ্ধে শফিক রেহমানকে আপিল করার অনুমতি দিয়ে তার চিকিৎসার জন্য ‘যথাযথ ও প্রয়োজনীয়’ ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে আপিল বিভাগ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে ‘অপহরণ ও হত্যার ষড়যন্ত্র’ মামলায় জামিন চেয়ে করা লিভ টু আপিলের শুনানি নিয়ে রোববার প্রধান বিচারপতি এস কে সিনহা নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এই আদেশ দেয়।
শফিক রেহমানকে তিন সপ্তাহ এবং রাষ্ট্রপক্ষকে এক সপ্তাহের মধ্যে আপিলের সার সংক্ষেপ জমা দিতে বলেছে সর্বোচ্চ আদালত।
আদালতে শফিক রেহমানের পক্ষে শুনানি করেন এ জে মোহাম্মদ আলী, সঙ্গে ছিলেন আইনজীবী মো. আসাদুজ্জামান। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
আসাদুজ্জামান পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শফিক রেহমানকে প্রয়োজনীয় ও যথাযথ স্বাস্থ্যসেবা দিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে আদালত। প্রয়োজন মনে করলে তাকে বঙ্গবন্ধু মেডিকেলে হাসপাতালে নিতে বলেছে।”
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, “হাই কোর্ট শফিক রেহমানের জামিন আবেদন নাকচ করেছিলেন। এর বিরুদ্ধে শফিক রেহমানের পক্ষে লিভ টু আপিল করা হয়েছিল। তার এই আবেদনটি শুনানির জন্য গৃহীত হয়েছে।”
শফিক রেহমান অসুস্থ হলে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা দেওয়ার আদেশও হয়েছে জানিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, “তবে তাকে জামিন আপাতত দেওয়া হয়নি। তাদের আবেদন ছিল জামিনের।... আমাকে এ মর্মে আদালত আদেশ প্রদান করেছেন যে এই মামলার পরবর্তী অগ্রগতি কী, চার্জশিট দাখিল করা হল কি না- ইত্যাদি বিষয়গুলো আদালতকে জানাতে হবে।”
গত ৭ জুন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাই কোর্টের বেঞ্চ শফিক রেহমানের জামিন আবেদন খারিজ করে আদেশ দেয়।
ওই আদেশের বিরুদ্ধে ১৬ জুন লিভ টু আপিল করেন শফিক রেহমান। ১৪ জুলাই চেম্বার বিচারপতির আদালত বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন।
জয়কে যুক্তরাষ্ট্রে ‘অপহরণের লক্ষ্যে’ তার সম্পর্কে তথ্য পেতে এফবিআইয়ের এক এজেন্টকে ঘুষ দেওয়ায় দেশটির আদালতে গত বছর প্রবাসী এক বিএনপি নেতার ছেলের কারাদণ্ড হয়। সেই রায়কে কেন্দ্র করে ঢাকায় করা এক মামলায় গত ১৬ এপ্রিল শফিক রেহমানকে গ্রেপ্তার করা হয়।
মামলায় নিম্ন আদালতে জামিন না মঞ্জুর হলে যায়যায়দিন পত্রিকার সাবেক সম্পাদক শফিক রেহমান হাই কোর্টে আবেদন করেন, যার ওপর শুনানি শেষে ৭ জুন হাই কোর্ট আবেদন খারিজ করে দেয়।
রাজধানীর ইস্কাটনের বাসা থেকে গ্রেপ্তারের পর মামলায় দুই দফায় রিমান্ডে নেওয়া হয় বিএনপি ঘনিষ্ঠ এই সম্পাদককে। ওই বাসায় তল্লাশি চালিয়ে জয় সংক্রান্ত কিছু তথ্য ও গোপনীয় নথিপত্র পাওয়া গেছে বলে গোয়েন্দা পুলিশের দাবি।
শফিক রেহমানের স্ত্রী তালেয়া রেহমান দাবি করেছেন, ‘অনুসন্ধানী সাংবাদিক’ হিসেবে নিবন্ধ লেখার জন্যই তার স্বামী ওই তথ্য সংগ্রহ করেছিলেন।
