২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শফিক রেহমানের জামিন আবেদনে আদেশ রোববার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টার মামলায় শফিক রেহমানের জামিন চেয়ে করা লিভ টু আপিলের বিষয়ে আদেশ হবে রোববার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2016, 01:20 PM

Updated : 20 Aug 2022, 01:12 PM

শফিক রেহমানের আবেদনের ওপর শুনানি নিয়ে বৃহস্পতিবার প্রধান বিচারপতি এস কে সিনহা নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ আদেশের এই দিন ঠিক করে দেয়।

আদালতে শফিক রেহমানের পক্ষে শুনানি করেন এ জে মোহাম্মদ আলী, সঙ্গে ছিলেন আইনজীবী মো. আসাদুজ্জামান ও ব্যারিস্টার রাগীর রউফ চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. বশির আহমেদ।

গত ৭ জুন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাই কোর্টের বেঞ্চ শফিক রেহমানের জামিন আবেদন খারিজ করে আদেশ দেয়।

ওই আদেশের বিরুদ্ধে ১৬ জুন লিভ টু আপিল করেন শফিক রেহমান। ১৪ জুলাই চেম্বার বিচারপতির আদালত বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন।

জয়কে যুক্তরাষ্ট্রে ‘অপহরণের লক্ষ্যে’ তার সম্পর্কে তথ্য পেতে এফবিআইয়ের এক এজেন্টকে ঘুষ দেওয়ায় দেশটির আদালতে গত বছর প্রবাসী এক বিএনপি নেতার ছেলের কারাদণ্ড হয়। সেই রায়কে কেন্দ্র করে ঢাকায় করা এক মামলায় গত ১৬ এপ্রিল শফিক রেহমানকে গ্রেপ্তার করা হয়।

মামলায় নিম্ন আদালতে জামিন না মঞ্জুর হলে যায়যায়দিন পত্রিকার সাবেক সম্পাদক শফিক রেহমান হাই কোর্টে আবেদন করেন, যার ওপর শুনানি শেষে ৭ জুন হাই কোর্ট আবেদন খারিজ করে দেয়।

রাজধানীর ইস্কাটনের বাসা থেকে গ্রেপ্তারের পর মামলায় দুই দফায় রিমান্ডে নেওয়া হয় বিএনপি ঘনিষ্ঠ এই সম্পাদককে। ওই বাসায় তল্লাশি চালিয়ে জয় সংক্রান্ত কিছু তথ্য ও গোপনীয় নথিপত্র পাওয়া গেছে বলে গোয়েন্দা পুলিশের দাবি।

শফিক রেহমানের স্ত্রী তালেয়া রেহমান দাবি করেছেন, ‘অনুসন্ধানী সাংবাদিক’ হিসেবে নিবন্ধ লেখার জন্যই তার স্বামী ওই তথ্য সংগ্রহ করেছিলেন।

শুনানির পর অ্যাটর্নি জেনারেল পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শফিক রেহমানের ব্যাপারে পুলিশ কী তথ্য পেয়েছে আদালত তা দেখাতে বলেছে। শুনানি নিয়ে রোববার আদেশের জন্য দিন রেখেছে।”

পুরনো খবর:

শফিক রেহমানের লিভ টু আপিলের শুনানি ১৪ জুলাই
হাই কোর্টেও জামিন মেলেনি শফিক রেহমানের