ট্যানারি স্থানান্তরে অগ্রগতি নেই: নৌমন্ত্রী
দফায় দফায় সময় বেঁধে দিলেও ঢাকার হাজারীবাগের ট্যানারিগুলোকে সাভারে চামড়া শিল্পনগরীতে স্থানান্তরে খুব বেশি অগ্রগতি হয়নি বলে জানিয়েছেন নৌমন্ত্রী শাজাহান খান।
সচিবালয়ে বৃহস্পতিবার নদনদীর নাব্যতা এবং নদীর স্বাভাবিক গতিপ্রবাহ অব্যাহত রাখা সংক্রান্ত টাস্কফোর্সের সভা শেষে মন্ত্রী সাংবাদিকদের বলেন, “হাজারীবাগে ট্যানারিগুলো দ্রুত সরাতে যে কার্যক্রম শুরু করেছিলাম সেখানে আমাদের অগ্রগতি খুব বেশি নেই, এরপরও কার্যক্রম অব্যাহত রেখেছি।”
সভারের চামড়া শিল্পনগরীতে ৬১টি ভবনের নির্মাণ কাজ শেষ হওয়ার তথ্য দিয়ে শাজাহান খান বলেন, দুটি ট্যানারি সম্পূর্ণভাবে স্থানান্তরিত হয়েছে, আশা করা যাচ্ছে ৩০টি এ বছরের মধ্যে চলে যাবে।
ট্যানারি স্থানান্তরে খুব বেশি অগ্রগতি না থাকায় নদী সংক্রান্ত টাস্কফোর্সের সদস্যরা আগামী ৩ অগাস্ট সাভারের চামড়া শিল্পনগরী পরিদর্শনে যাবেন বলেও জানান শাজাহান খান।
“টাস্কফোর্সের সদস্যরা সরেজমিন পরিদর্শন করে অগ্রগতি দেখে সভা করে প্রয়োজনীয় নির্দেশনা দেবেন। আমরা আশা করছি খুব দ্রুততার সাথেই এগুলোকে স্থাপন করা যাবে।”
গত ৩১ মার্চের পরে হাজারীবাগের ট্যানারিগুলোতে কাঁচা চামড়ার প্রবেশে নিষেধাজ্ঞা দেয় সরকার। এই নিষেধাজ্ঞা কার্যকরে গত ১ এপ্রিল হাজারীবাগে কাঁচা চামড়ার প্রবেশ ঠেকাতে পুলিশি পাহারা বসায় সরকার।
এর আগে গত ২৯ ফেব্রুয়ারি শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ট্যানারি স্থানান্তরে ৩১ মার্চ পর্যন্ত সময় দিয়েছিলেন মালিকদের।
১৯৮৬ সালে সবচেয়ে বেশি দূষণকারী শিল্প হিসেবে হাজারীবাগের ট্যানারি কারখানাগুলো চিহ্নিত হয়।এরপর ২০০১ সালে দূষণ বন্ধে উচ্চ আদালত থেকে আসে নির্দেশনা। ২০০৩ সালের ১৬ অগাস্ট একনেক সভায় চামড়া শিল্পনগরী প্রকল্পের অনুমোদনের পর প্রায় এক যুগ লেগে যায় তা বাস্তবায়নে।
হাজারীবাগ থেকে সব ট্যানারিকে সাভারে নিয়ে যেতে ব্যর্থ হয়ে ২০১৫ সালের জুন পর্যন্ত সময় দেওয়া হয়েছিল।এরপর সময় বাড়ানো হলেও অসম্পূর্ণ সিইটিপি ও শিল্পনগরী পূর্ণাঙ্গ রূপ না পাওয়ায় সেখানে যেতে অস্বীকৃতি জানিয়ে আসছিল হাজারীবাগের কারখানা মালিকরা।
হাজারীবাগে থাকা ১৫৪ ট্যানারি সেখান থেকে না সরানো পর্যন্ত পরিবেশ দূষণের ক্ষতিপূরণ হিসেবে প্রতিদিন ৫০ হাজার টাকা করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে গত ১৬ জুন নির্দেশ দেয় হাই কোর্ট।
তবে ব্যবসায়ীদের এক আবেদনে হাই কোর্টের আদেশ ১৭ জুলাই পর্যন্ত স্থগিত করে চেম্বার আদালত। ওইদিনই বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য তালিকায় আসতে পারে।
শাজাহান খান বলেন, আদি বুড়িগঙ্গা নদীর প্রতিবেদন আদালতে জমা দেওয়ার পর পরবর্তী নির্দেশনা না পাওয়ায় এ বিষয়ে তেমন কোনো অগ্রগতি নেই। তবে সেখানে কঠোরভাবে কার্যক্রম শুরু করব।
“নৌ পুলিশ ও র্যাব জমি চেয়েছিল। জ্বলানি প্রতিমন্ত্রী তার নির্বাচনী এলাকা কেরানীগঞ্জে র্যাবকে জায়গা দেবেন। নৌ পুলিশের ডিআইজি ও ঢাকা জেলা প্রশাসককে জায়গা খুঁজতে বলা হয়েছে। তবে তাদের জানিয়ে দেওয়া হয়েছে কোনো ক্রমেই নদীর জায়গা দেওয়া যাবে না।”
পাবনার বড়াল নদী ভরাট করে যে বাঁধ ও রাস্তা নির্মাণ করা হয়েছিল সেগুলো অপসারণ করা হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, চারটি বাধের মধ্যে দুটি অপসারণ করা হয়েছে, বাকী দুটোও অপসারণ করে সেখানে সেতু নির্মাণ করা হবে।
নদী দখল করে যেসব শিল্প প্রতিষ্ঠান ও বসতবাড়ি নির্মাণ করা হয়েছিল সেগুলোও অপসারণের কাজ শুরু হয়েছে বলে জানান তিনি।
