২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাপা সাংসদ হান্নানসহ আটজনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের ৫ অভিযোগ

একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার জাতীয় পার্টির সংসদ সদস্য এমএ হান্নান (৮০) ও তার ছেলেসহ আটজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2016, 04:21 PM

Updated : 12 Apr 2022, 02:26 AM

প্রতিবেদনে আসামিদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় অগ্নিসংযোগ, লুটপাট, অপহরণ, আটক, নির্যাতন, হত্যা ও লাশ গুম- এ সাত ধরনের অপরাধের পাঁচটি অভিযোগ আনা হয়েছে।   

আসামিদের মধ্যে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সাংসদ হান্নানের ছেলে মো. রফিক সাজ্জাদ (৬২), ডা. খন্দকার গোলাম ছাব্বির আহমাদ (৬৯), মিজানুর রহমান মিন্টু (৬৩), মো. হরমুজ আলী (৭৩) গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।

পলাতক রয়েছেন ময়মনসিংহের বাসিন্দা মো. ফখরুজ্জামান (৬১), মো. আব্দুস সাত্তার (৬১) ও খন্দকার গোলাম রব্বানী (৬৩)।

সোমবার ধানমন্ডিতে তদন্ত সংস্থার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রতিবেদনের বিভিন্ন তথ্য তুলে ধরা হয়।

২০১৫ সালের ১৯ মে ত্রিশালের শহীদ মুক্তিযোদ্ধা আবদুর রহমানের স্ত্রী রহিমা খাতুন এ মামলা করেন। ময়মনসিংহের ১ নম্বর আমলি আদালতের বিচারক পরে এজাহারটি গ্রহণ করে ঢাকার  আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানোর আদেশ দেন।     

তদন্ত সংস্থা ওই বছরের ২৮ জুলাই তদন্ত শুরু করে এবছরের ১১ জুলাই তা শেষ করে।

২০১৫ সালের ১০ অক্টোবর ট্রইব্যুনাল আসামিদের বিরুদ্ধে পরোয়ানা জারি করলে ওইদিনই হান্নানকে গুলশানে তার বাড়ি থেকে এবং ছেলে রফিক সাজ্জাদকে ওই এলাকার একটি অফিস থেকে গ্রেপ্তার করা হয়। 

পরে একইদিন গ্রেপ্তার করা হয় ডা. খন্দকার গোলাম সাব্বির, মিজানুর রহমান মিন্টু ও হরমুজ আলীকে।

অভিযোগসমূহ

অভিযোগ ১: ১৯৭১ সালের ২৩ ও ২৪ এপ্রিল ময়মনসিংহের গোলকীবাড়ী বাইলেনের প্রখ্যাত ভাস্কর আব্দুর রশিদকে অপহরণ, নির‌্যাতনের পর জিপ গাড়ির পেছনে রশি দিয়ে বেঁধে টেনেহিঁছড়ে নির্মমভাবে হত্যা ও লাশ গুম। 

অভিযোগ ২: একাত্তরের ২ অগাস্ট ত্রিশাল থানার বৈলর হিন্দুপল্লী ও মুন্সিপাড়ায় অগ্নিসংযোগ, সেন্টুকে গুলি করে হত্যা ও দুইজন হিন্দুকে গুলি করে আহত, শহীদ আ. রহমানের বাড়িতে অগ্নিসংযোগ ও গুলি করে হত্যার ঘোষণা।

অভিযোগ ৩: একাত্তরের ৭ থেকে ৯ অগাস্টের মধ্যে বৈলরের আ. রহমান মেম্বারকে আটক, অপহরণ, নির‌্যাতন, হত্যা ও লাশ গুম।

অভিযোগ ৪: ১৯৭১ সালের ১৭ নভেম্বর থেকে ৭ ডিসেম্বরের মধ্যে খন্দকার আব্দুল আলী রতনকে অপহরণ, আটক, নির‌্যাতন, হত্যা ও লাশ গুম।

অভিযোগ ৫: ১৯৭১ সালের ২৩ এপ্রিল থেকে ২৮ জুলাইয়ের মধ্যে মো. আবেদ হোসেন খানকে আটক, নির‌্যাতন ও পাকিস্তান সেনাবাহিনীর কাছে হস্তান্তর। এছাড়া ৭ থেকে ১০ অগাস্টের মধ্যে কে এম খালিদ বাবুকে অপহরণ, আটক ও নির‌্যাতন।

মুক্তিযুদ্ধের সময় আসামিরা ময়মনসিংহ শহরের জেলা পরিষদের ডাক বাংলো, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল, অভিযুক্ত এমএ হান্নানের রামবাবু রোডের ৫৯ নং বাড়িকে ‘টর্চারসেল’ হিসেবে ব্যবহার করতেন বলে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে।

আসামিদের সংক্ষিপ্ত পরিচয়ে

এমএ হান্নান: ১৯৩৫ সালে জন্মগ্রহণকারী হান্নান ১৯৬০ সালের পর মুসলিম লীগের রাজনীতিদতে জড়ান। প্রথম শহর মুসলিম লীগের সদস্য এবং ১৯৬৫-৬৬ সালে জেলা যুগ্ম সম্পাদক হন।

১৯৬৫ সালে তিনি মুসলিম লীগের প্রার্থী হিসেবে কোতয়ালি, ত্রিশাল আসন থেকে প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন।

হান্নান ১৯৭১ সালে টাঙ্গাইল থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। বাংলাদেশের স্বাধীনতার পর ১৯৭৬-৭৭ সালে মুসলিম লীগের কার্যক্রম শুরু হলে তিনি জেলার যুগ্ম সম্পাদক এবং কেন্দ্রীয় সদস্যপদ লাভ করেন।

১৯৯৫ সালে জাতীয় পার্টিতে যোগ দিয়ে কেন্তদ্রীয় সাংগঠনিক সম্পাদকের পদ পান হান্নান।দুই বছর পর দলের সভাপতিমণ্ডলীর সদস্য হন।

২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য হন হান্নান।

হান্নানের বিরুদ্ধে গত ৭ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধের আরেকটি মামলা করেন মুক্তিযোদ্ধা আবুল কালাম।

ময়মনসিংহের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মিটফুল ইসলামের আদালতে করা মামলাটিতে রাজাকার কমান্ডার আনিছুর রহমান মানিকসহ আরও ২৪ জন রয়েছেন।

মো. রফিক সাজ্জাদ: হান্নানের ছেলে রফিক সাজ্জাদের বিষয়ে তদন্ত প্রতিবেদনে কোনো তথ্য না দেওয়া হলেও সংবাদ সম্মেলনে  মামলার তদন্ত কর্মকর্তা মতিউর রহমান বলেন, “এমপি হান্নানের বিরুদ্ধে মামলাটি অত্যন্ত হাই প্রোফাইল। তার ছেলে সাজ্জাদের বয়স তখন কম হলেও বাবা-ছেলে মিলে ময়মনসিংহ অঞ্চলে রীতিমতো ত্রাস সৃষ্টি করেছিলেন।”

মো. ফখরুজ্জামান: মুক্তিযুদ্ধের সময় ইসলামী ছাত্র সংঘের সঙ্গে জড়িত ছিলেন। বর্তমানে জামায়াতের সমর্থক।

মো. আবদুস সাত্তার: মুসলিম লীগ সমর্থক।

ডা. খন্দকার গোলাম ছাব্বির আহমাদ: ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্র থাকাকালে ১৯৬৯ সালে ইসলামী ছাত্র সংঘের প্রার্থী হিসেবে ছাত্র সংসদ নির্বাচনে অংশ নেন। বর্তমানে জামায়তের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

খন্দকার গোলাম রব্বানী: ছাত্রজীবনে ইসলামী ছাত্র সংঘের সঙ্গে জড়িত ছিলেন। বরতমানে জামায়াতের রাজনীতিতে যুক্ত।

মিজানুর রহমান মিন্টু: ২০০১ সাল থেকে জাতীয় পার্টির রাজনীতিতে জড়িত মিন্টু ময়মনসিংহ জেলার ৫ নম্বর সাংগঠনিক সম্পাদক।

হরমুজ আলী: ১৯৭১ সালে জামায়াতে ইসলামীর সমর্থক হরমুজ আলী বর্তমানে জাতীয় পার্টির সমর্থক।

পুরনো খবর:

হান্নানের বিরুদ্ধে আরেকটি যুদ্ধাপরাধের মামলা