দক্ষিণ সুদানে বাংলাদেশি শান্তিরক্ষীরা নিরাপদে
দক্ষিণ সুদানের রাজধানী জুবাতে সংঘর্ষ ঘটলেও বাংলাদেশি শান্তিরক্ষীরা নিরাপদে রয়েছে বলে সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।
রোববার আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “জুবাতে রাষ্ট্রপতির প্রাসাদ এবং জাতিসংঘ ক্যাম্প এর সন্নিকটে ০৮ জুলাই দক্ষিণ সুদানের রাষ্ট্রীয় সেনাবাহিনী এবং প্রথম উপ-রাষ্ট্রপতির নিরাপত্তা বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধ সংগঠিত হয়। বন্দুকযুদ্ধে উভয় পক্ষের প্রায় ১৫০ জন প্রাণ হারায়।
“শেষ খবর পাওয়া পর্যন্ত উভয় পক্ষের মধ্যে বিক্ষিপ্তভাবে সংঘর্ষ এবং থেমে থেমে গোলাগুলি চলছে। দক্ষিণ সুদানে কর্মরত সকল বাংলাদেশি শান্তিরক্ষীগণ নিরাপদে আছেন।”
দক্ষিণ সুদানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে রয়টার্স জানায়, নিহতদের মধ্যে ৩৩ জন বেসামরিক ব্যক্তি রয়েছে।
প্রেসিডেন্ট সালভা কির ও ভাইস প্রেসিডেন্ট রিয়েক মাখারের অনুগত সেনাদের মধ্যে লড়াই শুরু হওয়ার পর থেকে মর্টার ও ভারী গোলাবর্ষণের কারণে জুবার বাসিন্দরা পালিয়ে যাচ্ছে।
