২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ সুদান ‘যুদ্ধাবস্থায় ফিরে গেছে’

দক্ষিণ সুদানের ভাইস প্রেসিডেন্ট রিয়েক মাখারের এক মুখপাত্র বলেছেন, দেশটি ‘যুদ্ধ অবস্থায় ফিরে গেছে’।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2016, 10:46 PM

Updated : 11 Oct 2022, 08:29 PM

প্রতিদ্বন্দ্বী দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে শত শত মানুষ নিহত হওয়ার খবর প্রকাশ পাওয়ার পর মুখপাত্র এ ঘোষণা দিলেন।

মাখারের অনুগত বাহিনীর কর্নেল উইলিয়াম গ্যাটজিয়াথ বিবিসি’কে বলেন, “প্রেসিডেন্ট সালভা কির শান্তি চুক্তিকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না।”

“রোববারের সংঘর্ষে মাখারের অনুগত কয়েকশ সেনা নিহত হয়েছে। বিভিন্ন দিক থেকে মাখার সেনারা রাজধানী জুবার দিকে অগ্রসর হচ্ছে।”

যদিও তথ্যমন্ত্রী মাইকেল মাকুই লুয়েথ বলেন, “পরিস্থিতি স্বাভাবিক এবং সব কিছু পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।”

মাখারের অনুগত সেনাদের রাজধানীর উদ্দেশ্যে রওয়ানা হওয়া প্রসঙ্গে তিনি বলেন, “একটি চেকপয়েন্টে মাখার অনুগত সেনারা সরকারি সেনাবাহিনীর উপর হামলা করেছিল। সরকারি বাহিনী তাদের জবাব দেয় এবং তারা বিক্ষিপ্ত হয়ে গেছে।”

বৃহস্পতিবার জুবায় প্রেসিডেন্ট সালভা কির ও ভাইস প্রেসিডেন্ট রিয়েক মাখারের অনুগত সেনাদের মধ্যে লড়াই শুরু হয়। শুক্রবারও দুপক্ষের মধ্যে লড়াই অব্যাহত ছিল।

শনিবার পরিস্থিতি কিছুটা শান্ত থাকলেও রোববার শহরের জাতিসংঘ ভবনের সামনে ফের দুপক্ষের মধ্যে তীব্র লড়াই শুরু হয়।

জুবা থেকে জাতিসংঘ জানিয়েছে, মর্টার ও ভারী গোলাবর্ষণের কারণে জুবার বাসিন্দরা পালিয়ে যাচ্ছে।

শহরের গুদেলে ও জেবেল এলাকায় মাখারের অনুগত সেনাদের অবস্থানের কাছে গোলাগুলির শব্দ শুনেছেন রয়টার্সের প্রত্যক্ষদর্শী সাংবাদিক।

জুবায় অবস্থানরত নাম প্রকাশে অনিচ্ছুক এক ত্রাণকর্মী বলেছেন, “প্রায় ৩০ থেকে ৪০ মিনিট ধরে জেবেল এলাকা লক্ষ্য করে ভারী গোলাবর্ষণের শব্দ শুনেছি আমরা।”

শুক্রবারের লড়াইয়ে অন্তত ১৫০ জন নিহত হয়। শনিবার পরিস্থিতি কিছুটা শান্ত ছিল।

স্থানীয় রেডিও স্টেশন তামাজুজ-র খবরে বলা হয়, লড়াইয়ে নিহতের সংখ্যা ২৭২ জন হতে পারে।

২০১৩ সালে প্রেসিডেন্ট কির ভাইস প্রেসিডেন্ট মাখারকে বরখাস্ত করার পর দিনকা নৃগোষ্ঠীর কির ও নুয়ের গোষ্ঠীর মাখারের অনুগতদের মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়। দুই বছর টানা লড়াই চলার পর গত বছর অগাস্টে এক শান্তিচুক্তির মাধ্যমে এর অবসান হয়।

কিন্তু শান্তিচুক্তির অন্যতম প্রধান শর্তানুযায়ী দুই নেতার কেউ নিজ নিজ অনুগত বাহিনীকে শৃঙ্খলার মধ্যে আনতে পারেননি।

বিশ্বের নবীনতম দেশ দক্ষিণ সুদানের স্বাধীনতা দিবস ছিল শনিবার।

এর আগে শুক্রবার দুই নেতা প্রেসিডেন্ট ভবনে পরস্পরের সঙ্গে মিলিত হন। এখানে কির ও মাখারের দেহরক্ষীদের মধ্যে গোলাগুলি শুরু হলে নতুন করে লড়াই ছড়িয়ে পড়ে বলে জানা গেছে।

তাদের অনুগত বাহিনীগুলোর মধ্যে কী নিয়ে সর্বশেষ সংঘর্ষের সূত্রপাত তা জানেন না বলে দাবি করেছেন উভয় নেতা।