২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফিরতি যাত্রায় ট্রেনে উপচে পড়া ভিড়, বাস-লঞ্চ স্বাভাবিক

ঈদের ছুটি কাটিয়ে ফিরতি পথে বাসযাত্রা নির্বিঘ্ন হলেও খানিকটা ভোগান্তি পোহাতে হচ্ছে ট্রেনের যাত্রীদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2016, 04:57 PM

Updated : 11 Oct 2022, 08:29 PM

পুরনো খবর:

চেনা চেহারায় ফিরছে সদরঘাট

তবে লঞ্চে এখনও যাত্রীদের তেমন চাপ পড়েনি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

শনিবার প্রায় প্রতিটি ট্রেনেই দেখা গেছে যাত্রীদের অতিরিক্ত চাপ; সেই সঙ্গে বিলম্ব যাত্রার ভোগান্তির কথাও বলেছেন কেউ কেউ।

সরেজমিনে দেখা গেছে, ঢাকা-রাজশাহী রুটের সিল্কসিটি কমলাপুর স্টেশনে পৌঁছার নির্ধারিত সময় ছিল দুপুর ১টা ৫০ মিনিটে। সেই ট্রেন এসে পৌঁছুয় বেলা আড়াইটার কিছু পরে।

ট্রেনটির যাত্রী গোলাম কিবরিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ট্রেনের টিকেট পেতে খুব ঝামেলা হয়েছে।”

অপর যাত্রী শহীদুল ইসলাম বলেন, “ট্রেনে ব্যাপক ভিড় ছিল। অনেক কষ্টে কোনোমতে ট্রেনে উঠেছি। অনেক যাত্রী ট্রেনে উঠতেই পারেননি।”

ঢাকার একটি বায়িং হাউজের কর্মকর্তা মো. মনির হোসেন কালনী এক্সপ্রেসে করে সিলেট থেকে ঢাকা ফিরেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ট্রেন খুব একটা লেট করেনি। তবে জার্নিটা বেশ কষ্টকর ছিল। প্রচণ্ড ভিড়। তারপর ট্রেনের সিট জুড়ে পোকার উপদ্রপ।”

ট্রেনের বিলম্বের কারণ জানতে চাইলে কমলাপুর রেল স্টেশনের স্টেশন মাস্টার সীতাংশু চক্রবর্তী বলেন, “কয়েকটি ট্রেন ৫ থেকে ১০ মিনিট লেট করে এসেছে। ঈদে যাত্রীদের চাপের কারণে ট্রেনগুলোকে প্রতিটি স্টেশনেই নির্ধারিত সময়ের তুলনায় একটু বেশি সময় দাঁড়াতে হয়, এ কারণেই ট্রেনগুলোর আসতে কিছুটা বিলম্ব হচ্ছে।”

শনিবার মোট ৬৫টি ট্রেন কমলাপুর স্টেশনে আসার কথা রয়েছে বলে জানান তিনি।

তবে রাজধানীর বাস টার্মিনালগুলোতে ঘুরে যাত্রীদের কাছ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

সায়েদাবাদ বাস টার্মিনালে দেশের বিভিন্ন স্থান থেকে ছেড়ে আসা বাসগুলো ছিল যাত্রীতে পূর্ণ।

ঢাকার একটি পোশাক কারখানার কর্মকর্তা আলতাফ হোসেন ঈদের ছুটি শেষে কুমিল্লা থেকে ঢাকা এসেছেন।

তিনি বলেন, “টিকেট পেতে কোনো ঝামেলা হয়নি। ভালোভাবেই এসেছি। রাস্তায় কোনো যানজট ছিল না, দ্রুত আসতে পেরেছি।”

মহাখালী বাস টার্মিনালেও একই অবস্থা দেখা গেছে। একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী হুমায়ুন কবির কুড়িগ্রামের রৌমারিতে ঈদ উদযাপন শেষে ঢাকায় ফিরেছেন নির্ঝঞ্ঝাটভাবে।

সায়েদাবাদ আন্তঃজেলা বাস মালিক সমিতির সভপতি মো. আবুল কালাম বলেন, “শুক্রবার বিকাল থেকেই সায়েদাবাদ টার্মিনালে যে বাসগুলো এসেছে সেগুলো যাত্রী পরিপূর্ণ ছিল। আজ সারা দিনও ভিড় ছিল তবে তা উপচে পড়া নয়। এ সপ্তাহের পুরোটা জুড়েই লোকজন ঢাকায় ফিরবে।”

ঢাকায় ফেরা মানুষের ভিড় বাড়ছে গাবতলীতেও। মহাসড়কে যানজট না থাকায় নির্ধারিত সময়ের আগেই ঢাকায় ফিরতে পেরেছেন বলে জানিয়েছেন যাত্রীরা।

হানিফ পরিবহনের বাসে সাড়ে চার ঘণ্টায় রাজশাহী থেকে ঢাকায় এসেছেন ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্মকর্তা জয়নাল আবেদীন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সকাল ১১টায় বাস ছেড়েছে। সাড়ে তিনটায় গাবতলীতে পৌঁছে গেছি। আমি আর কখনো এতো তাড়াতাড়ি ঢাকায় আসতে পারিনি।”

তবে পাটুরিয়া থেকে গাবতলী রুটের বাসগুলোয় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেছেন রাজবাড়ী থেকে আসা যাত্রী মিজানুর রহমান।

“পাটুরিয়া থেকে গাবতলী পর্যন্ত বাসের ভাড়া ৬০ টাকা। আজ পরিবহনের লোকজন আদায় করছে ১৫০ টাকা করে। এসব অনিয়ম দেখার কেউ নেই।”

পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে সাতক্ষীরা থেকে ফেরা বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থী তৌহিদুজ্জামান নাঈম বলেন, “বন্ধুদের সঙ্গে অনেক ঘুরেছি, অনেক মজা করেছি। কিন্তু কাল থেকে ক্লাস শুরু তাই চলে আসতে হয়েছে।”

সোনারতরী পরিবহনের যাত্রী মেহেদি হাসান মাদারীপুরের টেকেরেহাট থেকে এসেছেন। রাস্তা ফাঁকা থাকলেও দৌলতদিয়া ঘাটে যানজটে ভোগান্তির কথা জানান মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এই কর্মকর্তা।

“রাস্তায় কোথাও যানজট নেই। কিন্তু ঘাটে এসে প্রায় আড়াই ঘণ্টা আটকে ছিলাম।”

শ্যামলী পরিবহনের মহাব্যবস্থাপক পারভেজ মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার রাতে ছেড়ে আসা বাসগুলোয় যাত্রীদের ভিড় ছিল। শনিবার সকালের বাসে তেমন ভিড় না থাকলেও শনিবার রাতের বাসে বেশি হবে।

এদিকে স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন শেষে নৌপথে ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষজন; তবে সদরঘাটে সে চাপ তুলনামূলক অনেক কম।

শুক্রবার বেশিরভাগ বেসরকারি প্রতিষ্ঠানের ছুটি শেষ হয়েছে। সরকারি প্রতিষ্ঠান খুলবে রোববার।

ছুটির হিসেব-নিকেশ যাই হোক না কেন সদরঘাট দিয়ে দেশের ৪১ রুটের মানুষ শনিবার থেকেই ঢাকায় আসতে শুরু করেছে।

এদিন বেলা ১১টা পর্যন্ত সদরঘাটে ভিড়েছে ৬৫টি লঞ্চ; ছেড়ে যাওয়া লঞ্চের সংখ্যা ২২টি।

বিআইডব্লিউটিএর পরিবহন পরিদর্শক দিনেশ কুমার সাহা বলেন, “শনিবার রাত থেকে যাত্রীর চাপ বাড়ার সম্ভবনা বেশি। তাই সদরঘাটে যাত্রী নামিয়ে দিয়েই অনেক লঞ্চ প্রায় খালি লঞ্চ নিয়ে চলে যাচ্ছে ওপ্রান্ত থেকে যাত্রী আনতে।”

যাত্রীর চাপ কেমন জানতে চাইলে তিনি বলেন, “সেভাবে এখনও মানুষ আসতে শুরু করেনি; শনিবার রাত থেকে চাপ বাড়তে পারে।”

চাঁদপুর থেকে সদরঘাটে ফিরেছেন মো. হাসান নামে এক যাত্রী।

বেসরকারি চাকরিজীবী হাসানের কাছে এই আগেভাগে ফেরার কারণ জানতে চাইলে বলেন, “ভাই, আমিতো সরকারি চাকরি করি না। বাড়িতে গেছি ঈদের একদিন আগে, আজ চলে আসলাম, কাল (রোববার) থেকে অফিস।”

বিআইডব্লিটিসির স্পেশাল সার্ভিস থাকবে ১০ জুলাই পর্যন্ত।

বিআইডব্লিউটিসির সহকারী মহা-ব্যবস্থাপক সৈয়দ বরকত উল্লাহ বলেন, “প্রতিদিন হুলারহাট  ও মোড়লগঞ্জ থেকে একটি করে স্টিমার ঢাকার উদ্দেশ্যে যাত্রী নিয়ে ফিরে আসবে।”