চেনা চেহারায় ফিরছে সদরঘাট
স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন শেষে ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষজন; তবে সদরঘাটে সে চাপ খুব বেশি নয়।
শুক্রবার বেশিরভাগ বেসরকারি প্রতিষ্ঠানের ছুটি শেষ হয়েছে। সরকারি প্রতিষ্ঠান খুলবে রোববার।
ছুটির হিসেব-নিকেশ যাই হোক না কেন সদরঘাট দিয়ে দেশের ৪১ রুটের মানুষ শনিবার থেকে ঢাকায় আসতে শুরু করেছে।
এদিন বেলা ১১টা পর্যন্ত সদরঘাটে ভিড়েছে ৬৫টি লঞ্চ; ছেড়ে যাওয়া লঞ্চের সংখ্যা ২২টি।
এ বিষয়ে বিআইডব্লিউটিএর পরিবহন পরিদর্শক দিনেশ কুমার সাহা বলেন, “শনিবার রাত থেকে যাত্রীর চাপ বাড়ার সম্ভবনা বেশি। তাই সদরঘাটে যাত্রী নামিয়ে দিয়েই অনেক লঞ্চ প্রায় খালি লঞ্চ নিয়ে চলে যাচ্ছে ওপ্রান্ত থেকে যাত্রী আনতে।”
যাত্রীর চাপ কেমন জানতে চাইলে তিনি বলেন, “সেভাবে এখনও মানুষ আসতে শুরু করেনি; শনিবার রাত থেকে চাপ বাড়তে পারে।”
চাঁদপুর থেকে সদরঘাটে ফিরেছেন মো. হাসান নামে এক যাত্রী।
বেসরকারি চাকরিজীবী হাসানের কাছে আগেভাগে ফেরার কারণ জানতে চাইলে বলেন, “ভাই, আমিতো সরকারি চাকরি করি না। বাড়িতে গেছি ঈদের একদিন আগে, আজ চলে আসলাম, কাল (রোববার) থেকে অফিস।”
এদিকে বিআইডব্লিটিসির স্পেশাল সার্ভিস থাকবে ১০ জুলাই পর্যন্ত।
বিআইডব্লিউটিসির সহকারী মহা-ব্যবস্থাপক সৈয়দ বরকত উল্লাহ বলেন, “প্রতিদিন হুলারহাট ও মোড়লগঞ্জ থেকে একটি করে স্টিমার ঢাকার উদ্দেশ্যে যাত্রী নিয়ে ফিরে আসবে।”
