২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদযাত্রার শেষ দিন সব পথেই স্বস্তি

ঈদের আগের দিনের সাধারণ চিত্র হারিয়েছে এবার রাজধানীর বাস ও লঞ্চ টার্মিনাল। বুধবার যাত্রী খরায় সায়েদাবাদ, মহাখালী ও গাবতলী থেকে অনেক বাস ছেড়েছে দেরি করে। সদরঘাট লঞ্চ টার্মিনালে ছিল না যাত্রীদের কোনো চাপ। অবশ্য কমলাপুর রেল স্টেশনের চিত্র ছিল কিছুটা ভিন্ন; সেখানে দেখা গেছে যাত্রীদের ভিড়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2016, 08:49 PM

Updated : 11 Oct 2022, 08:28 PM

পুরনো খবর:

বৃষ্টিবিঘ্নিত ঈদযাত্রায় ভোগান্তি যানজটে
‘ঈদের চাপ’ নেই সদরঘাটে

ঈদ বুধ না বৃহস্পতিবার- তা নিয়ে ধন্দে থাকা নগরবাসীর বেশিরভাগ মঙ্গলবারই ঢাকা ছাড়ায় এমন পরিস্থিতি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বাস মালিক সমিতির নেতারা বলছেন, ঈদের বিষয়টি মঙ্গলবার সন্ধ্যায় পরিষ্কার হওয়ায় বুধবার ঘরমুখো যাত্রী প্রত্যাশার চেয়ে অনেক কম। তাই ব্যবসায়িকভাবে ‘মারাত্মক ক্ষতি’ হয়েছে তাদের।

বুধবার সকালে সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল ও মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালে যাত্রীদের কিছুটা ভিড় থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীসংখ্যা কমতে থাকে।

মঙ্গলবার দুপুরে বাসের টিকিট না পাওয়ার পাশাপাশি নির্দিষ্ট সময়ে বাস না পাওয়ার সীমাহীন অভিযোগ ছিল মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালে আসা অনেক যাত্রীর।

বুধবার সে চিত্র ছিল না। ঘরমুখো যাত্রীরা টার্মিনালে এসেই পেয়েছেন টিকিট, বাসও ছেড়েছে নির্দিষ্ট সময়ে।

বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মো. রফিকুল ইসলাম ঈদ করতে যাবেন গ্রামের বাড়ি ময়মনসিংহ।

Image
ঝুঁকি নিয়ে ঈদযাত্রার ছবিটি রোববার রাজধানীর গাবতলী থেকে তোলা। ছবি: আসাদুজ্জামান প্রামানিক

ঝুঁকি নিয়ে ঈদযাত্রার ছবিটি রোববার রাজধানীর গাবতলী থেকে তোলা। ছবি: আসাদুজ্জামান প্রামানিক

Image
কখন আসবে বাস; যাত্রা শুরু হবে বাড়ির পথে- রাজধানীর গাবতলীর একটি কাউন্টারে সেই অপেক্ষা। ছবি: আসাদুজ্জামান প্রামানিক

কখন আসবে বাস; যাত্রা শুরু হবে বাড়ির পথে- রাজধানীর গাবতলীর একটি কাউন্টারে সেই অপেক্ষা। ছবি: আসাদুজ্জামান প্রামানিক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ঈদ কবে হবে, তা নিয়ে সন্দেহ ছিল। মঙ্গলবার জানতে পারি, আজ ঈদ হচ্ছে না। তাই কাল ভিড়ের মধ্যে ঝুঁকি না নিয়ে আজ আসলাম। এসেই টিকিট পেয়ে গেলাম।”

টাঙ্গাইলের যাত্রী নাফিউল আলম নাহিদ বলেন, “সকালে এসে এত দ্রুত টিকিট পাব, বাসও ছাড়বে দ্রুত- ভাবতে পারিনি।”

মঙ্গলবার যাত্রীদের চাপে হিমশিম খাওয়া বগুড়া রুটের একতা পরিবহনের লাইনম্যান সজীব বুধবার বলেন, “আজকে একদম চাপ নাই। দুপুরের দিকে তো যাত্রীই ছিল না। মনে হচ্ছে কাউন্টার বন্ধ কর দিতে হবে।”

কাউন্টার সার্ভিসের পাশাপাশি লোকাল সার্ভিসের বাসেও যেন অতিরিক্ত ভাড়া না নিতে পারে সেজন্য র্যা ব-পুলিশের যৌথ টাস্কফোর্সকে নিয়ে তৎপর দেখা গেল মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালের পরিবহন মালিকদের।

সেখানকার পরিবহন মালিক সংগঠনের নেতা মো. শওকত আলী বাবু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঢাকা-রাজশাহী-রংপুর মহাসড়কে কোনো যানজট না থাকায় আজ বাস পাচ্ছেন যাত্রীরা। যাত্রীদের তেমন কোনো অভিযোগও নেই।”

বুধবার দুপুর থেকে বিকাল পর্যন্ত সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল ছেড়ে যাওয়া বাসে যাত্রী ছিল অনেক কম।

হানিফ পরিবহন কাউন্টারের কর্মী মো. রাকিব উদ্দিন অন্তর বলেন, বুধবার সকাল থেকে চট্টগ্রাম রুটে ৫টি ও সিলেট রুটে ৬টি বাস ছেড়ে গেছে। প্রতিটি বাস ১১-১২ জন যাত্রী নিয়ে গেছে।

“মানুষ মনে করছে, আইজই ঈদ হইবো। আগেভাগেই সবাই বাড়ি চইল্যা গেছে। মনে হইতাসে, হুদাই আইস্যা বইস্যা আছি।”

বেসরকারি কলেজের শিক্ষক কুমকুম হাসান সপরিবারে যাচ্ছিলেন চট্টগ্রাম।

শ্যামলী পরিবহনের টিকিট খুব সহজেই পেয়ে যাওয়ায় বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, “ঈদের আগের দিন স্বাভাবিকভাবে একটু ভিড় হয়। ভয় ছিল, টিকেট পাব কি না। কিন্তু সায়েদাবাদ এসেই টিকিট পেয়ে গেলাম।”

গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার প্রভাব পরিবহন খাতেও পড়েছে বলে মনে করছেন কোনো কোনো পরিবহনকর্মী।

নোয়াখালী-লক্ষ্মীপুর রুটের হিমাচল এক্সপ্রেসের টিকেট বিক্রেতা সুমন বলেন, “যাত্রীগো অনেকেই ভয় পাইতাসে। অনেকেই চেক করছে, বাসের ভেতরে বোমা-টোমা আছে কি না।”

তবে ব্রাহ্মণবাড়িয়া রুটের রয়েল কোচ- এর টিকেট বিক্রেতা মো. শাহজালাল তা মানতে নারাজ।

তিনি বলছেন, এবার ঈদে টানা নয়দিন ছুটি থাকায় যাত্রীরা অনেক আগেই চলে গেছে। প্রতিবারের মতো এবারের ঈদে তাই খুব বেশি চাপ নেই।

টেকনাফের সেন্টমার্টিন পরিবহনের যাত্রী মো. জুয়েলও বলছিলেন একই ধরনের কথা। 

“ঈদের লম্বা ছুটি শুরু হওয়ার পরই অনেক যাত্রী চলে গেছেন; তাই চাপ কম।”

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেইনে উন্নীত হওয়ায় বেজায় খুশি সফটওয়্যার প্রকৌশলী মফিদুল হক।

“বাসে উঠলে মনে হত, সেদিন সত্যি বাড়ি ফিরতে পারব না। কিন্তু মহাসড়ক চার লেইন হয়েছে; জ্যাম নেই একেবারেই। এখন অপেক্ষা শুধু নিরাপদে বাড়ি ফেরার।”

সায়েদাবাদে শ্যামলী পরিবহনের কর্মকর্তা মো. নীরব বলেন, মহাসড়কে যানজট না থাকায় চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামগামী বাস যথাসময়ে ঢাকায় ফিরছে। প্রতি আধা ঘণ্টা অন্তর ছেড়ে যাচ্ছে বাস।

ঈদের শেষদিন সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে ছেড়ে যাওয়া দক্ষিণবঙ্গগামী বিভিন্ন বাসে ‘বাড়তি ভাড়া’ আদায়ের অভিযোগ করেন কয়েকজন।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) দক্ষিণবঙ্গের বাসভাড়া নির্ধারণ করে দিলেও তা মানতে নারাজ খুলনাগামী ফাল্গুনী ও রাজিব, বাগেরহাটের রাফিন-শাফিন ও আরা এবং বরিশালের সুগন্ধা পরিবহন।

ফাল্গুনী পরিবহনের টিকে কাটা রাসেল মিয়া বলেন, “সাধারণত ৪০০ টাকা ভাড়ায় যাতায়াত করি। মাওয়া রুটে গেলে তাড়াতাড়ি বাড়ি যাওন যায়। কিন্তু আমাদের কাছ থিকা রাখছে ৬০০ টাকা। কোনো কথাই শুনবো না কাউন্টারে। কইসে, না পোষাইলে না যাইতে।”

এ সম্পর্কে বিআরটিএ-র মেকানিক্যাল অ্যাসিসস্টেন্ট ও সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনালের অস্থায়ী ক্যাম্পের দায়িত্বরত কর্মকর্তা প্রণব চন্দ্র নাথ বলেন, তারা হরহামেশাই এমন অভিযোগ পাচ্ছেন। কোনো বাস কাউন্টার, টিকেট বিক্রেতা বা পরিবহন অতিরিক্ত ভাড়া আদায় করলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চাপমুক্ত সদরঘাটও

সদরঘাটে বুধবার সকালে বৃষ্টির মধ্যে যাত্রীদের কিছুটা চাপ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কমে যায়। দুপুরের পর অবশ্য চাপ কিছুটা বাড়তে থাকে।

বিআইডব্লিউটিএর পরিবহন পরিদর্শক (টিআই) সৈয়দ মাহফুজুর রহমান বলেন, দুপুর ১টা পর্যন্ত সদরঘাট থেকে ২৭টি লঞ্চ ছেড়ে গেছে। বুধবার ছেড়ে যায় ১২৩টি লঞ্চ।

তিনি বলেন,  বৃষ্টির কারণে এক নম্বর নৌ-সতর্কতা রয়েছে। এতে লঞ্চ চলাচলে বাধা নেই।

যাত্রীদের নির্বিঘ্নে গ্রামের বাড়ি ঈদ করতে যাওয়ার জন্য ‘সব ধরনের’ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান বিআইডাব্লিউটিএর যুগ্ম-পরিচালক মো. জয়নাল আবেদীন।

সারা দেশে ৪১টি নৌ-রুট আছে এবং লঞ্চের সংখ্যা ১৯০টি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ করপোরেশনের (বিআইডাব্লিউটিসি) সহকারী মহাব্যবস্থাপক সৈয়দ বরকত উল্ল্যাহ জানান, বৃহস্পতিবার সদরঘাট থেকে ঈদের ‘স্পেশাল সার্ভিস’ শুরু হয়েছে। বুধবার একটি স্টিমার মোড়লগঞ্জ যাবে।

কমলাপুরে ভিড়

কমলাপুরে বুধবার আন্তঃনগর ট্রেনের পাশাপাশি বিভিন্ন মেইল ও কমিউটার ট্রেনে ঘরমুখো যাত্রীদের ভিড় দেখা গেছে; অবশ্য সহসাই মিলেছে সেসব ট্রেনের টিকেটও।

ঈদের ঠিক আগের দিনের এসব যাত্রীর অধিকাংশই ছিলেন শ্রমিক শ্রেণীর। শেষ মুহূর্তে বাড়ি ফেরার টিকেট পেয়ে দারুণ খুশি তারা।

রাজধানীর এক ওয়ার্কশপের মেকানিক মাছুম রাজশাহী যাওয়ার জন্য সকালে কমলাপুর স্টেশনে যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “মনে করছিলাম সিট পামু না। কিন্তু কী আজব, সিট পাইসি।”

রাজশাহীর যাত্রী সাঈফুল ইসলাম বলেন, “সকালে আইসা লাইনে দাঁড়াইলাম। ভাবছিলাম অনেক ভিড় হইবো। টিকেট বিক্রির সিস্টেম খুব সুন্দর হইসে এইবার।”

ঈদের আগের দিন এভাবে টিকেট পেয়ে খুবেই খুশি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী আব্দুল মোমিনও।

আন্তঃনগর ট্রেনের টিকিট না পেয়ে জামালপুর কমিউটারের টিকেট কেনার কথা জানিয়ে তিনি বলেন, “সিট পেয়ে গেছি। ভাবতেই পারছি না! রেলের ব্যবস্থাপনা এবার সত্যি ভালো।”

জামালপুরের আরেক যাত্রী আকতার হোসেন বলেন, “পরিবার নিয়ে বাড়ি যাচ্ছি। এখনও কোনো ঝামেলা পোহাতে হয়নি। ট্রেনের ব্যবস্থাপনা যথেষ্ট ভালো মনে হচ্ছে।”

অবশ্য ঢাকা-রাজশাহী রুটের ট্রেন সিল্ক সিটি নির্দিষ্ট সময় দুপুর আড়াইটায় কমলাপুর না পৌঁছানোয় ক্ষোভ প্রকাশ করেন যাত্রীরা।

বিকাল ৩টায়ও ট্রেন আসেনি জানিয়ে আনোয়ার হোসেন নামের এক যাত্রী বলেন, স্টেশন থেকে জানানো হয়েছে, সন্ধ্যার আগে ট্রেনটির কমলাপুরে আসার সম্ভাবনা নেই।

“স্টেশন থেকে তো ঠিকমতো বলছেও না ট্রেনটি রাজশাহী যাবে কি না। এখন দেখি, বাসে করেই রওনা হতে হবে। এমন ভোগান্তির কোনো মানে হয় না।”

টাঙ্গাইলের যাত্রী মুনির হাসান বলেন, “সিল্ক সিটির টিকেট কেটেছি। লেট করবে জেনে টিকেট ফেরত দিতে গেলাম। কিন্তু কাউন্টার থেকে বলছে, ফেরত দেওয়া যাবে না।”

শিডিউল বিপর্যয় প্রসঙ্গে কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার সীতাংশু চক্রবর্তী বিডিনিউজকে জানান, সিল্ক সিটি ট্রেনটি ঢাকা থেকেই বেশ দেরি করে ছেড়েছিল। তাই রাজশাহী থেকে ফিরতে দেরি হচ্ছে। তবে ট্রেনটি আবার রাজশাহী ফিরে যাবে।

তিনি জানান, ঈদের দিন কোনো আন্তঃনগর ও মেইল ট্রেন চলবে না। ঈদের একদিন পরই নির্ধারিত সময়ে যাতায়াত শুরু করবে সব ট্রেন।