২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টিবিঘ্নিত ঈদযাত্রায় ভোগান্তি যানজটে

লম্বা ছুটির সুযোগে প্রথম কয়েকদিন স্বস্তিতে কাটলেও ঈদ করতে শেষ মুহূর্তে গ্রামের বাড়ি রওনা হওয়া নগরবাসী বৃষ্টি, যানজট আর গাড়ি সঙ্কটে পড়েছেন ভোগান্তিতে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2016, 08:42 PM

Updated : 11 Oct 2022, 08:27 PM

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজটে মঙ্গলবার দিনভর নাকাল হতে হয়েছে উত্তরের পথের যাত্রীদের। আর সড়কপথে দক্ষিণ-পশ্চিমের যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষায় কাটাতে হয়েছে পাটুরিয়া ফেরি ঘাটে।

সোমবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সৃষ্ট তীব্র যানজট মঙ্গলবার সকালে পৌঁছায় গাজীপুর চৌরাস্তা পর্যন্ত। এতে সোমবার বিকালে ছেড়ে যাওয়া বাসগুলো নির্দিষ্ট সময়ে গন্তব্যে পোঁছতে না পারায় মঙ্গলবার সকালে রাজধানীর কাউন্টারে কাউন্টারে ছিল যাত্রীদের চাপ।

এসময় মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালের প্রায় প্রত্যেক কাউন্টার থেকে বলা হচ্ছিল, “গাড়ি জ্যামে আটকায়া আছে। সবাই অপেক্ষা করেন, গাড়ি আইবো।”

বাস না পেয়ে এক পর্যায়ে যাত্রীরা ‘ক্ষেপে উঠলে’ কাউন্টার বন্ধ করে দেয় ঢাকা-মাদারগঞ্জ রুটের ক্রাউন ডিলাক্স ও রাজিব পরিবহন, ঢাকা-সিরাজগঞ্জ রুটের স্টার লিট ও রংপুর-কুড়িগ্রাম রুটের আলিফ লাইন।

মোহাম্মদ রিপন ঈদ করতে যাচ্ছিলেন গ্রামের বাড়ি ময়মনসিংহে।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভোর ৫টা থেইকা খাড়ায়া আছি। ছয় ঘণ্টা ধইরা অপেক্ষা করতাছি। কিন্তু বাসের দেখা নাই।”

Image
কখন আসবে বাস; যাত্রা শুরু হবে বাড়ির পথে- রাজধানীর গাবতলীর একটি কাউন্টারে সেই অপেক্ষা। ছবি: আসাদুজ্জামান প্রামানিক

কখন আসবে বাস; যাত্রা শুরু হবে বাড়ির পথে- রাজধানীর গাবতলীর একটি কাউন্টারে সেই অপেক্ষা। ছবি: আসাদুজ্জামান প্রামানিক

Image
ঝুঁকি নিয়ে ঈদযাত্রার ছবিটি রোববার রাজধানীর গাবতলী থেকে তোলা। ছবি: আসাদুজ্জামান প্রামানিক

ঝুঁকি নিয়ে ঈদযাত্রার ছবিটি রোববার রাজধানীর গাবতলী থেকে তোলা। ছবি: আসাদুজ্জামান প্রামানিক

ময়মনসিংহের আরেক যাত্রী আতিকুর রহমান বলেন, “সকাল থেকেই ঝামেলা লেগে আছে। গাড়ি না থাকায় টিকেট বিক্রি বন্ধ করে রেখেছে কাউন্টারগুলো। সকাল সাড়ে ৬টায় গাড়ি ছাড়ার কথা; সাড়ে ১১টা বাজল, এখনও ছাড়ল না। জানি না, আজ বাড়ি যেতে পারব কি না।”

রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠান চাকরি করেন রংপুরের নাঈম ইসলাম। ঈদে বাড়ি যেতে টিকেট কেটেছিলেন টিআর ট্রাভেলসের সকাল সাড়ে ১০টার গাড়িতে।

তার অভিযোগ, সাড়ে ১১টায়ও সেই বাসের দেখা পাননি। কাউন্টার থেকে বলা হয়েছে, গাড়িটি আসতে আরও দুই ঘণ্টা লাগবে।

অগ্রিম টিকেট কাটা এই যাত্রীর অভিযোগ, ৫০০ টাকার টিকিট ৬০০ টাকায় কিনতে হয়েছে। এ নিয়ে নিয়ন্ত্রণ কক্ষে অভিযোগ করেও লাভ হয়নি।

সিরাজগঞ্জগামী এসআই, স্টার লিংক, অভি পরিবহনের যাত্রীরা প্রথমে লাইনে দাঁড়িয়ে টিকেট কাটলেও সকাল সাড়ে ৯টার দিকে সেই লাইন ভেঙে দেন কাউন্টারকর্মীরা।

কাউন্টারকর্মীরা ‘যেমন ইচ্ছা তেমন করছেন’ অভিযোগ করে মুকুল হোসেন নামের এক যাত্রী বলেন, “এই বলে লাইনে দাঁড়ান, বাস আসতাসে। আবার বলে, বাস আটকা পড়ছে। এরা সত্যি করে বলতাছে না, বাস আসবো কি না।”

অভিযোগের বিষয়ে নওগাঁ-বগুড়া রুটের অভি পরিবহনের কাউন্টারের লাইনম্যান শিপন বলেন, সোমবার সন্ধ্যায় মহাখালী বাস টার্মিনাল ছেড়ে যাওয়া বাসগুলো মঙ্গলবার সকালে পৌঁছেছে গন্তব্যে। নওগাঁ, বগুড়া থেকে আসার পরই গাড়ি পাওয়া যাবে।

একই কথা জানালেন রুটের আরেক পরিবহন অরিন এর লাইনম্যান মো. কামাল হোসেন।

বগুড়াগামী যাত্রী মো. আব্দুস সাত্তার বলেন, “কাউন্টার থেকে সকালে বলেছে, যে গাড়িগুলো বগুড়া গেছিল, সেই গাড়িগুলো আইস্যা পড়তাসে। কিন্তু সেই গাড়ি তো ফেরে নাই। যাত্রীরা উত্তেজিত হওয়ার পর কাউন্টার বন্ধ কইরা পালাইসে লোকজন।”

এসময় রাজিব পরিবহনের লাইনম্যান মিজানুর রহমানকে পাওয়া গেল কিছুটা দূরে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আজকে যাত্রীর ম্যালা চাপ। সামলাতেই হিমশিম খাইতাসি। তবে গাড়ি আইবো। যাত্রীরা অবুঝের মতন আচরণ করতাসে। জ্যামের কথা কইলে কয়, কিসের জ্যাম। আমরা কী করুম? আমরাও নিরুপায়।”

বগুড়াগামী শাহ ফতেহ আলী ও একতা ট্রান্সপোর্টের যাত্রীরা সকালে বাস না পেয়ে বিক্ষোভ করছিলেন।

এ প্রসঙ্গে একতার লাইনম্যান সজীব বললেন, “মালিকপক্ষ বললেই বাস ছাড়া হবে। মাত্র ক’টা গাড়ি ফিরেছে। ড্রাইভারদেরও তো ক্লান্তির ব্যাপার থাকে। এটাও তো বুঝতে হবে।”

ঈদ করতে মায়ের সঙ্গে নানাবাড়ি গোপালগঞ্জ যাচ্ছিলেন ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী ফৌজিয়া খন্দকার সুমি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ক্ষোভের সুরে তিনি বলেন, “সকাল সাড়ে ৭টার গাড়ির টিকেট কেটেছিলাম। গাবতলী থেকে সময়মতো গাড়ি ছাড়লেও পাটুরিয়া ঘাট আর পার হতে পারছিলাম না। দুপুর ২টা বাজল ঘাট পার হতে।”  

এদিন অবশ্য ঢাকা-ময়মনসিংহ রুটের কিছু যাত্রী প্রশান্তির কথাও জানান। এনা, সৌখিন ও এশিয়া পরিবহনের বাস বেলা ১১টার পর নিয়মিত বিরতিতে মহাখালী টার্মিনাল ছাড়তে দেখা গেছে।

মো. আলমগীর নামের ময়মনসিংহের একজন জানান, আধা ঘণ্টা লাইনে দাঁড়িয়েই টিকেট পেয়েছেন; গাড়িও ছাড়বে আধাঘণ্টার মধ্যেই।

কিশোরগঞ্জ রুটের বাসের দেখা ছিল না ভোর থেকে। দুপুর ১২টা পর্যন্ত মাত্র চারটি বাস ছাড়ার কথা জানান রুটের সম্রাট ট্রান্সলাইন, উজান ভাটি পরিবহন ও বন্যা পরিবহন।

ভৈরবগামী তিতাস ও বাদশা পরিবহনের কাউন্টারে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেন একাধিক যাত্রী।

আনোয়ারুল ইসলাম নামের একজন ১৩৫ টাকার টিকেট ৩০০ টাকায় কিনতে বাধ্য হওয়ার অভিযোগ করেন।

বাস না পেয়ে ক্ষুব্ধ নাসরিন আরা বলেন, “যহন বাস নাইগা, তহন তো কাউন্টারে সামনে লেইখ্যা দিলেই পারে, বাস নাইগা। কাউন্টারে যান, গিয়া দ্যাহেন, লোকজন নাকে তেল দিয়া ঘুমাইতাসে। ভোর ৫টায় আইছি, দুপুর ১২টা বাজে, এহনও বাসের দেহা পাই নাই।”

নরসিংদীগামী পিপিএল সুপার পরিবহনের কাউন্টারম্যান আনোয়ার হোসেন বলেন, আধা ঘণ্টা অন্তর অন্তর তাদের বাস ছেড়ে যাচ্ছে। যাত্রীদেরও তেমন চাপ নেই।

টাঙ্গাইল বাস টার্মিনালের অস্থায়ী নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আব্দুল মান্না বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চন্দ্রা থেকে এলেঙ্গা ২৫ কিলোমিটার সড়কে যানজটের কারণে বাসগুলো আটকে পড়েছে। তাই বাস পেতে কিছুটা ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের।

টার্মিনালে নিরালা পরিবহনের বাস থাকলেও তারা টাঙ্গাইলের যাত্রী নিচ্ছে না বলে অভিযোগ করেন সাংবাদিক এ. মিজান।

“অনেক বাস মহাখালী টার্মিনালে না এসে বনানী থেকে ঘুরিয়ে অতিরিক্ত ভাড়া নিয়ে বগুড়ার দিকে যাচ্ছে। এ নিয়ে অভিযোগ কানে তুলছে না কাউন্টারম্যানরা। তারা বলছে, এত অভিযোগ না করে তাদের কাউন্টার বোমা মেরে উড়িয়ে দিতে।”

ঢাকা-টাঙ্গাইলের রুটের বাসভাড়া ১৫০ টাকা হলেও ৫০০ টাকার কমে কোনো টিকেট বিক্রি করা হচ্ছে না বলেও অভিযোগ করেন এ. মিজান।

এ অভিযোগ পেয়ে বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির কর্মকর্তারা নিরালা পরিবহনের কাউন্টারে অভিযান চালান।

এসময় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের সত্যতা পেয়ে সেই ভাড়া যাত্রীদের ফেরত দেওয়ার নির্দেশ দেন তারা।

পরিবহন মালিক সংগঠনের নেতা মো. শওকত আলী বাবু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গুটিকয়েক পরিবহন অ্যাডভান্স টিকেট বিক্রি করে এখন কাউন্টার বন্ধ রেখেছে। যাত্রীদের রোষানলে পড়ার ভয়ে তারা পালিয়ে গেছে।

“আবার কিছু কাউন্টার অতিরিক্ত ভাড়া আদায় করছে। যাত্রীদের এসব অভিযোগের প্রেক্ষিতে আমরা অভিযান চালাচ্ছি।”

যাত্রীদের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ আমরা মৌখিকভাবে পেয়েছি। আমরা তৎপর রয়েছি। এখানে র‌্যাব সদস্যরাও তৎপর রয়েছেন। কোনো অভিযোগ পেলে আমরা তৎক্ষণাৎ ব্যবস্থা নিয়েছি।”

গাজীপুর চৌরাস্তা এলাকায় ‘উত্তেজিত যাত্রীরা’ একটি বাস আটকে সেটি নিয়ে তাদের গন্তব্যে রওনা হওয়ায় বাসের সংখ্যা কিছুটা কম বলে দাবি করেন তিনি।

শওকত আলী বাবু বলেন, দুপুর ১টার দিকে চন্দ্রা-নবীনগর সড়কে যানজট কিছুটা কমলে গাড়িগুলো ঢাকার দিকে আসতে শুরু করে।