‘ঈদের চাপ’ নেই সদরঘাটে
দেখতে দেখতে শেষ হয়ে আসছে রোজা। বাংলাদেশে মঙ্গলবার চাঁদ দেখা গেলে শুরু হয়ে যাবে ঈদ উৎসব। তবে সোমবারও রাজধানীর সদরঘাটে দেখা যায়নি ‘ঈদের চাপ’।
রাজধানী থেকে নৌপথে দেশের দক্ষিণাঞ্চলে যাওয়ার এই টার্মিনালে সোমবার সকালে কয়েকদিনের তুলনায় যাত্রী বাড়লেও ঈদের এই সময়ে সাধারণত যে ভিড় দেখা যায় তা ছিল না।
সংশ্লিষ্টরা বলছেন, এবার টানা নয়দিন ছুটি থাকায় অন্যান্য ঈদের মতো যাত্রীদের চাপ দেখা যাচ্ছে না।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পরিবহন পরিদর্শক (টিআই) সৈয়দ মাহফুজুর রহমান বলেন, সোমবার দুপুর পর্যন্ত সদরঘাট থেকে ৪০টি লঞ্চ ছেড়ে গেছে। রোববার ছাড়ে ১০৫টি লঞ্চ।
যাত্রীর তেমন চাপ না থাকার কারণ জানতে চাইলে এক লঞ্চমালিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সদরঘাট থেকে বরিশাল যাচ্ছে ১৭টি লঞ্চ; পটুয়াখালী ও ভোলা যাচ্ছে আটটি করে। অন্যান্য রুটে একাধিক লঞ্চ রয়েছে। তাই এখন যাত্রীর তেমন চাপ দেখা যাচ্ছে না।
এদিকে ঈদযাত্রার লঞ্চ যাত্রীদের নিরাপত্তায় ‘জোরদার ব্যবস্থা’ নেওয়ার কথা বলা হলেও নানা বিশৃঙ্খলা দেখা গেছে টার্মিনালে। পন্টুনে বসেছে নানা ধরনের ফলের দোকান।
এ বিষয়ে বিআইডব্লিউটিএর যুগ্ম-পরিচালক (প্রশাসন) গুলজান আলী বলেন, “উঠিয়ে দেওয়ার পর তারা আবার বসে।”
নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট একজন বলেন, অর্থের বিনিময়ে হকারদের পন্টুনে বসতে দেওয়া হয়। ঊর্ধ্বতন কর্মকর্তারা আসলে অভিযানে তাদের উঠিয়ে দেওয়া হয়। তারা চলে গেলেই ফের পন্টুনে বসে পড়েন হকাররা।
যাত্রীদের নির্বিঘ্নে গ্রামের বাড়ি ঈদ করতে যাওয়ার জন্য ‘সব ধরনের’ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান বিআইডাব্লিউটিএর যুগ্ম-পরিচালক মো. জয়নাল আবেদীন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ঈদ উপলক্ষে সদরঘাটের ১৪টি প্রবেশ পথে বসানো হয়েছে ১৪টি সিসি-টিভি। যাত্রীদের চলাচলের সুবিধায় ৪,২০০ বর্গফুট পার্কিং স্পেস বাড়ানো হয়েছে। চাঁদপুর ও বরিশারের ‘ডে-সার্ভিসের’ যাত্রীরা এখন থেকে লালকুঠির ঘাট দিয়ে যাবেন।
এর ফলে সদরঘাটের মূল পন্টুনে যাত্রীর চাপ কমে যাবে বলে আশা করছেন তারা।
সারা দেশে ৪১টি নৌ-রুট আছে এবং লঞ্চের সংখ্যা ১৯০টি।
বিআইডাব্লিউটিএর এই কর্মকর্তা বলেন, ঈদে উপলক্ষে সদরঘাটে ঢাকা মহানগর পুলিশের পাশাপাশি ১৯৫ জন নৌ-পুলিশ দায়িত্ব পালন করবেন। নদীতে ছয়টি বোট সবসময় টহল দেবে। দায়িত্ব পালন করবেন র্যাব, কোস্টগার্ড, ফায়ার সার্ভিসের সদস্যদের পাশাপাশি বিএনসিসির ৫০ জন এবং মেরিন ক্যাডেটের ৩০ জন স্বেচ্ছাসেবী।
বৃহস্পতিবার সদরঘাট থেকে ঈদের ‘স্পেশাল সার্ভিস’ শুরু হয়েছে বলে জানান বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ করপোরেশনের (বিআইডাব্লিউটিসি) সহকারী মহাব্যবস্থাপক সৈয়দ বরকত উল্ল্যাহ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সোমবার সদরঘাট থেকে দুটি স্টিমার মোড়লগঞ্জ ও হুলার হাট যাবে। ১০ জুলাই পর্যন্ত এই বিশেষ ব্যবস্থা থাকবে।
লঞ্চের ধাক্কায় আহত ৩
রোববার দুপুরে দুই নম্বর পন্টুনে টিপু-৭ লঞ্চ ভিড়তে গেলে ধাক্কা লেগে সুন্দরবন-৬ লঞ্চের পাশের অংশ ভেঙে যায় এবং ক্যান্টিনে থাকা হুমায়ন নামে এক কর্মচারী ও দুই যাত্রী আহত হন।
এ বিষয়ে টিপু গ্রুপের মহাব্যবস্থাপক মো. ফারুক হোসেন বলেন, “ছোট্ট একটি দুর্ঘটনা ঘটেছে; একজন আহত হয়েছে।”
তার অভিযোগ সুন্দরবন লঞ্চের কারণে ওই দুর্ঘটনা ঘটে।
তবে সুন্দরবন গ্রুপের মহাব্যবস্থাপক আবুল কালাম ঝন্টু বলেন, তার লঞ্চটি পন্টুনে ভেড়ানো ছিল। পাশ দিয়ে টিপু লঞ্চ ধাক্কা দিলে তার লঞ্চের কিছু অংশ ভেঙে যায় এবং ভেতরের এক কর্মচারী ও দুই যাত্রী আহত হন।
তাদের তিনজনকে হাসপাতালে নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, কর্মচারী হুমায়ূনকে পুরান ঢাকার ন্যাশনাল হাসপাতালে নেওয়া হয়েছে। তবে যাত্রীদের কোথায় নেওয়া হয়েছে তা বলতে পারেননি তিনি।
সদরঘাট নৌ-পুলিশের এসআই মিজানুর রহমান বলেন, টিপু লঞ্চের ধাক্কায় সুন্দরবন লঞ্চের কিছু অংশ ভেঙে গেছে এবং তিনজন আহত হয়েছেন।
