নিহত জাপানিদের ব্যক্তিগত তথ্য গণমাধ্যমে নয়
গুলশানে জঙ্গি হামলায় নিহত জাপানিদের ব্যক্তিগত তথ্য ও ছবি গণমাধ্যমে প্রকাশ না করতে অনুরোধ করেছেন তাদের স্বজনরা।
রোববার একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছার পর সেনানিবাসের ভেতরে একটি জায়গায় নিহত সাত জাপানির প্রতি শ্রদ্ধা জানান তারা।
সরকারের উচ্চ পর্যায়ের একটি সূত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছে, জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সেইজি কিহারা ও বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম রাতভর নিহতদের স্বজনদের সঙ্গে থেকে তাদের সান্ত্বনা দিয়েছেন।
জানতে চাইলে শাহরিয়ার আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জাপানিদের পরিবার ও সরকারের অনুরোধের প্রতি শ্রদ্ধা রেখে কোনো তথ্য প্রকাশ করব না এবং বাংলাদেশের গণমাধ্যমও একই ওই অনুরোধের প্রতি শ্রদ্ধা রাখবে।”
গত বছর রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশিকে হত্যার পরও তার পরিবারের পক্ষ থেকে ছবি না প্রকাশ করতে অনুরোধ করা হয়েছিল।
শুক্রবার রাতে গুলশান ২ নম্বরের হলি আর্টিজান বেকারিতে হামলা চালায় একদল অস্ত্রধারী জঙ্গি; দেশি বিদেশি অন্তত ৩৩ জন সেখানে জিম্মি হন।
প্রায় ১২ ঘণ্টা পর কমান্ডো অভিযান চালিয়ে ওই রেস্তোরাঁর নিয়ন্ত্রণ নেয় সশস্ত্রবাহিনী। ১৩ জন জিম্মিকে জীবিত উদ্ধার করা হলেও ২০ জনের লাশ পাওয়া যায় জবাই করা অবস্থায়।
নিহতদের মধ্যে নয়জন ইতালির, সাতজন জাপানি ও একজন ভারতের নাগরিক। বাকি তিনজন বাংলাদেশি, যাদের মধ্যে একজনের যুক্তরাষ্ট্রেরও নাগরিকত্ব ছিল।
