‘এখনও জানি না, কেন ইরফানকে হত্যা করা হল’
তিন মাসেও দৃক গ্যালারির প্রশাসনিক কর্মকর্তা ইরফানুল ইসলাম হত্যা রহস্য উদঘাটন না হওয়ায় ক্ষোভ জানিয়েছে দৃক পিকচার লাইব্রেরি লিমিটেড ও পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউট।
শনিবার বিকালে মানববন্ধন কর্মসূচি শেষে এক যৌথ বিবৃতিতে প্রতিষ্ঠান দুটি বলেছে, “আমরা এখনও জানিনা কী হয়েছিল আমাদের বন্ধু ইরফানের সঙ্গে, কেনই বা তাকে হত্যা করা হল।
“তিন মাস পেরিয়ে গেল, এখনও পর্যন্ত পুলিশ বা অন্য কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হত্যাকারীদের গ্রেপ্তার করতে পারেনি। অপরাধীদের শনাক্ত করার তেমন প্রয়াসও আমরা লক্ষ্য করিনি।”
বিবৃতিতে বলা হয়, “বিচার পাওয়া বা নিরাপদে বেঁচে থাকা যে আমাদের মৌলিক অধিকার আমরা এ কথা আপামর জনসাধারণকে স্মরণ করিয়ে দিতে চাই, সেজন্যই আমাদের এই মানববন্ধন।”
মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন দৃক গ্যালারির পরিচালনা পর্ষদের সদস্য রেহনুমা আহমেদ। ছিলেন নিহত কর্মকর্তার স্ত্রী জোহরা বেগম ও ছেলে ইফতেখারুল ইসলাম উমাম।
যৌথ বিবৃতিতে বাংলাদেশকে ‘একটি মৃত্যুপুরী’ হিসেবে উল্লেখ করা হয়।
চলতি বছর ২ এপিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে সিদ্ধিরগঞ্জের জালকুঁড়ি এলাকায় পাওয়া যায় দৃক কর্মকর্তা ইরফানুল ইসলামের (৪২) লাশ।
লাশের ময়নাতদন্তকারী চিকিৎসা কর্মকর্তা জানিয়েছিলেন, মাথায় আঘাত ও শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় নিহতের বড় ভাই এমদাদুল ইসলাম কলাবাগান থানায় একটি হত্যা মামলা করেছেন।
