লাশ পাওয়ার ৫ ঘণ্টা আগে সিসি ক্যামেরায় ইরফানুলের ছবি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে লাশ পাওয়ার পাঁচ ঘণ্টা আগে ঢাকার ধানমণ্ডিতে একটি ব্যাংকের সিসি ক্যামেরায় দেখা গেছে দৃক গ্যালারির প্রশাসনিক কর্মকর্তা ইরফানুল ইসলামকে।
তিনি রোববার দুপুর ১২টার দিকে ধানমন্ডি ৮ নম্বর সড়কের ডাচ-বাংলা ব্যাংক থেকে তিন লাখ টাকা তুলেছিলেন বলে সহকর্মীরা জানান।
ব্যাংক থেকে বের হয়ে ফুটপাত ধরে তার হাঁটার দৃশ্যও সিসি ক্যামেরায় দেখা গেছে বলে জানিয়েছেন কলাবাগান থানার ওসি মো. ইকবাল।
এরপর থেকে ইরফানুলের মোবাইল ফোন বন্ধ। তার কোনো খবর না পেয়ে কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে দৃক।
তার পাঁচ ঘণ্টা পর বিকাল ৫টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ সড়কের কাছে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি থেকে অজ্ঞাত পরিচয়ের একটি লাশ পেয়ে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
এই খবর পেয়ে নারায়ণগঞ্জের হাসপাতালে গিয়ে লাশ শনাক্ত করেন ইরফানুলের বড় ভাই নওশাদুল ইসলাম এবং দৃক গ্যালারির উপ-মহাব্যবস্থাপক রেজাউর রহমান।
রেজাউর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ধানমণ্ডি ২৭ নম্বর সড়কের পাশের অফিস থেকে সকাল ১১টার পর গাড়ি নিয়ে বেরিয়েছিলেন ইরফানুল। অফিসের জন্যই তিনি তিন লাখ টাকা তোলেন ব্যাংক থেকে।
ধানমন্ডি ৮ নম্বর সড়কে ভিকারুননিসা নূন স্কুল ও কলেজের পাশেই ডাচ-বাংলা ব্যাংক, যেখান থেকে টাকা তুলেছিলেন ইরফানুল।
এই ব্যাংক (চিহ্নিত) থেকে বেরিয়েছিলেন ইরফানুল ইসলাম
রেজাউর জানান, গাড়িচালক ইরফানুলকে ব্যাংকের সামনে নামিয়ে দিয়ে পাশের সাত নম্বর সড়কে চলে যায়। এর আগে ওই সড়কে একবার ট্রাফিক পুলিশ জরিমানা করেছিল বলে গাড়িচালক পাশের সড়কে চলে গিয়ে অপেক্ষা করছিল। যাওয়ার সময় চালক তা ইরফানুলকে মোবাইল ফোনে জানিয়েছিল।
বেলা ১২টার পর বেশ কয়েকবার কল করেও ইরফানুলের ফোন বন্ধ পান গাড়িচালক। এরপর তার কাছ থেকে দৃকের কর্মকর্তারা খবর পেয়ে জিডি করেন থানায়।
সিসি ক্যামেরার ছবিতে দেখা যাচ্ছে, ইরফানুল ব্যাংক থেকে বেরিয়ে হাঁটছিলেন।
ওসি ইকবাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ব্যাংক থেকে বের হওয়ার আগে তিনি চালককে ফোন করলে চালক গাড়ি নিয়ে ব্যাংকের সামনে আসতে পারত। তাহলে কেন তিনি হেঁটে যাচ্ছিলেন।”
সহকর্মী রেজাউর বলেন, সম্ভবত সাত নম্বর সড়কে থাকা গাড়িতে উঠতেই তিনি হেঁটে সে দিকে যাচ্ছিলেন।
ইরফানুলের মাথায় ভারী বস্তুর আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া গলায়ও আঘাতের চিহ্ন রয়েছে।
নারায়ণগঞ্জের জালকুড়িতে (চিহ্নিত) পাওয়া যায় ইরফানুল ইসলামের লাশ
ময়নাতদন্তকারী নারায়ণগঞ্জের চিকিৎসক মো. আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, “ধারণা করছি, মাথায় আঘাতের পর তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।”
দুর্বৃত্তরা টাকার জন্যই ইরফানুলকে তুলে নিয়ে গিয়েছিল বলে ধারণা সহকর্মী রেজাউরের।
তিনি বলেন, কারও সঙ্গে তার কোনো বিরোধ ছিল না, কেউ তাকে কোনো দিন হুমকিও দেয়নি। সন্দেহ করার মতো কেউই নেই।
তবে ওসি বলেন, “শুধু টাকা ছিনতাই করার উদ্দেশ্য থাকলে তাকে হত্যা করার কোনো প্রয়োজন ছিল বলে মনে হয় না।”
হাজারীবাগ থানা এলাকার মনেশ্বর সড়কে থাকতনে এক সন্তানের জনক ইরফানুল। তার বাড়ি চট্টগ্রামে।
ওসি বলেন, “তার সাথে কারও কোনো বিরোধ ছিল কি না, কোনো দেনা-পাওনা ছিল কি না, তা তার স্বজনদের সঙ্গে কথা বললে পরিষ্কার হবে।”
রোববার সন্ধ্যার পর বনানী কবরস্থানে ইরফানুলকে দাফন করা হয়। সোমবার কলাবাগান থানায় হত্যা মামলা করা হবে বলে জানান রেজাউর।
