দৃকের নিখোঁজ কর্মকর্তার লাশ নারায়ণগঞ্জে
দৃক গ্যালারির প্রশাসনিক কর্মকর্তা ইরফানুল ইসলামের লাশ পাওয়া গেছে নারায়ণগঞ্জে।
শনিবার বিকালে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে সিদ্ধিরগঞ্জের জালকুঁড়ি এলাকায় তার লাশ পাওয়া যায়।
রোববার সকালে ইরফানের বড় ভাই নওশাদুল ইসলাম নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে লাশ শনাক্ত করেন।
দৃক গ্যালারির জেনারেল ম্যানেজার রেজাউর রহমান সাংবাদিকদের জানান, শনিবার দুপুরে ইরফানুল ইসলাম (৪২) ডাচ বাংলা ব্যাংকের ধানমণ্ডি শাখা থেকে তিন লাখ টাকা তোলেন। এরপর থেকে তিনি নিখোঁজ থাকেন।
সাপ্তাহিক ছুটির দিন হলেও ডাচ বাংলা ব্যাংকের ধানমণ্ডির ওই শাখা শনিবার দুপুর ২টা পর্যন্ত খোলা থাকে।
লাশের ময়নাতদন্তকারী নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান বলেন, নিহতের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। গলায় ক্ষত দেখে শ্বাসরোধের চিহ্ন বলে ধারণা করা হচ্ছে।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম শানিবার লাশ উদ্ধারের পর বলেন, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে সিদ্ধিরগঞ্জের জালকুঁড়ি এলাকায় অজ্ঞাত ব্যক্তির লাশ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
তার পরনে হলুদ পাঞ্জাবী ও সাদা রংয়ের প্যান্ট ছিল।
