২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শব্দ দূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট: পরিবেশমন্ত্রী

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শব্দ দূষণ নিয়ন্ত্রণে পদক্ষেপ নিয়েছে সরকার। এ লক্ষ্যে শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ‘মোবাইল কোর্ট আইনের’ আওতায় আনা হয়েছে।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2016, 01:02 PM

Updated : 20 Aug 2022, 01:03 PM

বুধবার জাতীয় সংসদে এসব তথ্য জানিয়েছেন পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু।

এক প্রশ্নে তিনি বলেন, “আগে মোবাইল কোর্ট আইন-২০০৯ এর আওতায় শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালাটি অন্তর্ভুক্ত ছিল না বিধায় এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা গ্রহণের সুযোগ ছিল না।”

এমন প্রেক্ষাপটে গত ৩ এপ্রিল এক প্রজ্ঞাপনে সরকার বিধিমালাটিকে মাঠ পর্যায়ে প্রয়োগের সুবিধার্থে মোবাইল কোর্ট আইনের তালিকায় অন্তর্ভুক্ত করেছে জানিয়ে পরিবেশমন্ত্রী বলেন, “ফলে এখন থেকে মোবাইল কোর্টের মাধ্যমেও এ বিধিমালার বাস্তবায়ন করা সম্ভব হবে।”

বেসরকারি সংস্থা ওয়ার্ক ফর বেটার বাংলাদেশের (ডাব্লিওবিবি) ২০০৯ সালের এক জরিপ অনুযায়ী, ঢাকার কোনো 'পাবলিক প্লেস' বা কোনো জনসমাগমের স্থানেই শব্দের মাত্রা ৬০ ডেসিবলের (শব্দের তীব্রতা পরিমাপের একক) নিচে নয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, মানুষের জন্য শব্দের সহনীয় মাত্রা সেটাই। রাজধানীতে উদ্বেগজনক এ দূষণের অন্যতম প্রধান কারণ গাড়ির হর্ন।

পরিসংখ্যান বলছে, রাজধানীর ৯৫ ভাগ স্কুলশিক্ষার্থী শব্দ দূষণের শিকার। বিশেষজ্ঞদের মতে, তিন বছরের কোনো শিশু ৩০ মিনিট ধরে ১০০ ডেসিবলের বেশি মাত্রার শব্দ শুনতে থাকলে সে শ্রবণশক্তি হারাতে পারে। এছাড়া উচ্চ শব্দে হৃদক্রিয়া পর্যন্ত বন্ধ হতে পারে।

পরিবেশ অধিদপ্তরের মাপকাঠিতে এদেশে 'শান্তিপূর্ণ' এলাকায় দিনে ৪৫ এবং রাতে ৩৫ ডেসিবল থাকা উচিত বলে উল্লেখ করা হয়েছে। এ মাপকাঠিতে আবাসিক এলাকায় দিনে ৫০ এবং রাতে ৪০ ডেসিবল; বাণিজ্যিক এলাকায় দিনে ৬০, রাতে ৫০; কল-কারখানায় দিনে ৭৫ এবং রাতে ৭০ ডেসিবল শব্দমাত্রা সহনীয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে, অফিস কক্ষে ৩০ থেকে ৪০; শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে ৩০ থেকে ৪০, হাসপাতালে ২০ থেকে ৩৫; রেস্তোরাঁয় ৪০ থেকে ৬০ এবং শহর এলাকায় ৪৫ ডেসিবল শব্দমাত্রা সহনীয়। সংস্থাটির হিসাবে ৬০ ডেসিবল মাত্রার বেশি শব্দ হলে সেই এলাকা দূষিত বলে চিহ্নিত হবে।

জাসদের লুৎফা তাহেরের প্রশ্নে পরিবেশমন্ত্রী বলেন, আইন ও বিধি অনুযায়ী নির্ধারিত মান-মাত্রার অধিক শব্দ সৃষ্টি করে শব্দ দূষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ২০১০ থেকে ২০১৫ পর্যন্ত পরিবেশ অধিদপ্তরের পরিচালিত এনফোর্সমেন্ট অভিযানে ১০৩টি শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানকে এক কোটি ৮৯ লাখ টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়। এর মধ্যে এক কোটি ৭৭ লাখ টাকা আদায় হয়েছে।

তিনি জানান, গত পাঁচ বছরে পরিবেশ অধিদপ্তর, বিআরটিএ এবং পুলিশের ট্রাফিক বিভাগের সমন্বয়ে পরিচালিত অভিযানে প্রায় পাঁচ লাখ টাকা জরিমানাসহ গাড়ি থেকে মান-মাত্রা অতিক্রমকারী হর্ন খুলে নেওয়া হয়েছে।

ভোলার সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরীর প্রশ্নে পরিবেশমন্ত্রী বলেন, তরল বর্জ্য নির্গমনকারী বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২০১০ সাল থেকে এখন পর্যন্ত মোট এক হাজার ১৩২টি প্রতিষ্ঠানকে ১৬২ লাখ ৩৮ লাখ টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়েছে। এখন পর্যন্ত এক হাজার ১৪৯টি কল-কারখানায় ইটিপি স্থাপন করা হয়েছে।

ঢাকার সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহর প্রশ্নে তিনি জানান, গত অর্থবছরে চারা উৎপাদন, বাগান সৃজন ও রক্ষণাবেক্ষণ কাজে ৭২ কোটি আট লাখ এবং রাজস্ব বাজেটে ৯ কোটি টাকা খরচ করা হয়েছে।

পুরনো খবর:

বায়ু আর শব্দ দূষণে ঝুঁকিতে বন্দরনগরীর পরিবেশ