২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বায়ু আর শব্দ দূষণে ঝুঁকিতে বন্দরনগরীর পরিবেশ

নগরীর বিভিন্ন স্থানের বাতাসে ভাসমান বস্তুকণার পরিমাণ গ্রহণযোগ্য মাত্রার চেয়ে প্রায় দ্বিগুণ, শব্দের তীব্রতা প্রায় দেড়গুণ। মিন্টু চৌধুরীর প্রতিবেদন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2012, 06:19 AM

Updated : 24 Aug 2022, 11:29 AM

মিন্টু চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম চট্টগ্রাম, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সহনীয় মাত্রার চেয়ে কয়েকগুণ বেশি বায়ু ও শব্দ দূষণ বন্দরনগরী চট্টগ্রামের পরিবেশকে ঝুঁকির মুখে ফেলছে। চলতি বছর এপ্রিলে নগরীর একে খান মোড়, সিটি গেইট, জিইসি মোড়, টাইগারপাস, বিআরটিসি মোড়সহ বিভিন্ন এলাকার বাতাস পরীক্ষা করে পরিবেশ অধিদপ্তর দেখতে পেয়েছে, এসব এলাকার বাতাসে ভাসমান বস্তুকণার (সাসপেন্ডেন্ট পার্টিকুলেট মেটার বা এসপিএম ) পরিমাণ গ্রহণযোগ্য মাত্রার চেয়ে প্রায় দ্বিগুণ। ফিটনেসবিহীন গাড়ির অনিয়ন্ত্রিত কালো ধোঁয়া ও কলকারখানার ধোঁয়াকেই এ দূষণের মূল কারণ হিসাবে চিহ্নিত করছেন বিশেষজ্ঞরা। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, বাতাসে এসপিএমের গ্রহণযোগ্য মাত্রা যেখানে প্রতি ঘনমিটারে ২০০ মাইক্রোগ্রাম, সেখানে এ কে খান মোড়ে এর পরিমাণ ৩৮০ মাইক্রোগ্রাম, সিটি গেইটে ৪০০ মাইক্রোগ্রাম, বিআরটিসি মোড়ে ৩৩৮ মাইক্রোগ্রাম, আগ্রাবাদে ২৭০ মাইক্রোগ্রাম, বারিক বিল্ডিংয়ে ২৬০, ষোলশহরে ৩২০, জিইসি মোড়ে ৩১০ ও টাইগার পাস মোড়ে ৩১৪ মাইক্রোগ্রাম। বায়ু দূষণের সঙ্গে শব্দ দূষণও দিন দিন বাড়ছে বন্দরনগরী চট্টগ্রামে। আর এ জন্য ফিটনেসবিহীন গাড়ির অনিয়ন্ত্রিত হাইড্রোলিক হর্ন, বিভিন্নস্থানে অনিয়ন্ত্রিতভাবে উচ্চস্বরে মাইক ও শব্দযন্ত্র ব্যবহার করে অনুষ্ঠান, জনসমাবেশ, রাস্তার ধারে অনিয়ন্ত্রিতভাবে নির্মাণ কাজের পাথর ভাঙার যন্ত্র ব্যবহারকে দায়ী করেছে অধিদপ্তর। এপ্রিলে চালানো পরীক্ষার প্রতিবেদনে দেখা যায়, নগরীর খুলশী এলাকায় পরিবেশ ভবনের সামনেই শব্দের মাত্রা ছিল ৭৬ ডেসিবল, ইস্পাহানি মোড়ে ৭৯ ডেসিবল, এ কে খান গেইটে ৮০ ডেসিবল, পাহাড়তলী এলাকায় ৮২ ডেসিবল ও হালিশহরে ৮০ ডেসিবল। অথচ ১৯৯৭ সালের পরিবেশ আইন অনুযায়ী, সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত শিল্প এলাকায় শব্দের গ্রহণযোগ্য মাত্রা ৭৫ ডেসিবল, আবাসিক এলাকায় ৫০ ডেসিবেল, আর মিশ্র এলাকায় ৬০ ডেসিবল। চট্টগ্রাম বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের জ্যেষ্ঠ রসায়নবিদ জমির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নগরীর বিভিন্ন এলাকায় বাতাস পরীক্ষা করে দেখা গেছে, যানবাহন ও কলকারখানার কালো ধোঁয়ার সঙ্গেনির্গত বস্তুকণা, সালফার ডাই অক্সাইড ও নাইট্রোজেন ডাই অক্সাইড, সীসাসহ অন্যান্য ক্ষতিকর উপাদান বাতাসে বিপজ্জনক মাত্রায় ছড়িয়ে পড়েছে। এছাড়া অনেক এলাকাতেই সহনীয় মাত্রার চেয়ে বেশি শব্দ উৎপন্ন হচ্ছে। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) হিসাব অনুযায়ী, নগরীতে প্রায় ২৫ হাজার যানবাহন চলাচল করছে, যেগুলোর ফিটনেস নেই। এসব ফিটনেসবিহীন গাড়িকে চট্টগ্রামে বায়ু দূষণের অন্যতম কারণ হিসাবে চিহ্নিত করেন জমির উদ্দিন। তিনি বলেন, দূষণ রোধে অধিদপ্তরের পক্ষ থেকে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। বিআরটিএ চট্টগ্রামের উপ-পরিচালক এস কে বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নগরীতে চলাচলকারী যানবাহনের প্রায় ৩৫ শতাংশই ফিটনেসবিহীন। এসব যানবাহন কালো ধোঁয়া সৃষ্টি করছে এবং হাইড্রোলিক হর্ন ব্যবহার করছে। ফলে বায়ু ও শব্দ দূষণ বাড়ছে।” চট্টগ্রাম মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. অনিরুদ্ধ ঘোষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাতাসে বিষাক্ত উপাদানের মাত্রা বেড়ে যাওয়ায় অ্যাজমা-ব্রংকাইটিসসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিও বাড়ছে। “বায়ু দূষণের ফলে অনেকেই শ্বাসনালীর সংক্রমণে পড়েন। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় শিশুরা। সংক্রমণের ফলে দীর্ঘমেয়াদে শ্বাসতন্ত্রের ক্যান্সারের ঝুঁকিও থেকে যায়।” এছাড়া উচ্চমাত্রার শব্দ দূষণের কারণে শ্রবণেন্দ্রিয়ের সমস্যা তৈরি হয় জানিয়ে ডা. অনিরুদ্ধ বলেন, শব্দ দূষণের ফলে মানুষের দৈনন্দিন কাজের মনোযোগও ব্যাপকভাবে বিঘ্নিত হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/জেকে/১২১০ ঘ.