২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রন্থকেন্দ্র ‘পূর্ব পশ্চিমের’ যাত্রা শুরু

বইপ্রেমীদের জন্য রাজধানীর শুক্রাবাদে যাত্রা শুরু করল গ্রন্থকেন্দ্র ‘পূর্ব পশ্চিম’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2016, 11:44 PM

Updated : 11 Oct 2022, 08:23 PM

‘আগামী প্রকাশনী’, ‘পাঞ্জেরি পাবলিকেশন্স’, ‘জ্যার্নিম্যান বুকস’ ও ‘অন্যপ্রকাশ’ যৌথভাবে এ গ্রন্থকেন্দ্র চালু করেছে।

রোববার এই গ্রন্থকেন্দ্র উদ্বোধন করেন অধ্যাপক আনিসুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, বিশেষ অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান।

উপস্থিত ছিলেন ‘পূর্ব পশ্চিমের’ ব্যবস্থাপনা পরিচালক কামরুল হাসান শায়ক, পর্ষদের সদস্য তারিক সুজাত ও সিরাজুল কবির চৌধুরী।

অধ্যাপক আনিসুজ্জামান বলেন, “প্রায় শুনি, আজিজ সুপার মার্কেটে বইয়ের দোকান বন্ধ হয়ে কাপড়ের দোকান খোলা হয়েছে। এবারই প্রথম কোনো কাপড়ের দোকান বন্ধ হয়ে বইয়ের দোকান হল।

“সারাবিশ্বে বই নিয়ে দোদুল্যমানতা রয়েছে। কেউ কেউ বলে বসছেন, বইয়ের যুগ শেষ হয়ে আসছে। ই-বুক বড় জায়গা নিয়ে আছে। তারপরও মুদ্রিত বইয়ের চাহিদা শেষ হয়নি। এ ধরনের উদ্যোগ আমাদের এ আশাবাদকে আরও উস্কে দেবে।”

শামসুজ্জামান খান বলেন, “ছেলেবেলায় তিন-চার মাইল হেঁটে বই পড়তে যেতাম। একটি বই নিয়ে সারাদিনও পার করেছি। এখন আর সেই উদ্দীপনা দেখা যায় না। তবে এ ধরনের গ্রন্থকেন্দ্র হলে পাঠকরা আবারও বইয়ের প্রতি আগ্রহী হয়ে উঠবে।”

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর নিজের পাঠ্যাভাসের কথা তুলে ধরে বলেন, “বই পড়ার অভ্যাস এখন কমে এসেছে। যতীন সরকার বলেছিলেন, এ দেশে কোনো শিক্ষার্থী নেই, খালি পরীক্ষার্থী রয়েছে। এটাই বাস্তব।

“অভিভাবক ও শিক্ষক ‍দুপক্ষই এ বিষয়ে উদাসীন। কী ভয়ঙ্কর ব্যাপার!”

সরকার শিক্ষার্থীদের ঘরে বই পৌঁছানোর নানা ব্যবস্থা নিয়েছে জানিয়ে অন্যদেরও শিক্ষার্থীদের বইমনস্ক করে তুলতে অনুরোধ জানান মন্ত্রী।

বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ ও পৃথিবীর যেকোনো প্রান্তের বাঙালি লেখকের বই, প্রাচ্য ও পশ্চিমের উল্লেখ্যযোগ্য সাহিত্যকর্মও ঠাঁই পাচ্ছে এ গ্রন্থকেন্দ্রে। এরপর রাজধানীর ছয়টি গুরুত্বপূর্ণ স্থানের পাশাপাশি বিভাগীয় শহর, জেলা শহর এবং পৃথিবীর বিভিন্ন দেশে এর শাখা খোলা হবে জানান এর উদ্যোক্তারা।

উদ্যোক্তারা জানান, শিগগিরই ঘরে বসে বাংলাদেশের যে কোনো স্থান থেকে অনলাইনে পূর্ব পশ্চিমের বই অর্ডার করা যাবে। কলকাতার কলেজ স্ট্রিটেও শাখা খুলবেন তারা।