২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের ১০ দিন আগে বন্ধ মহাসড়কের কাজ

মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে বিভিন্ন মহাসড়কের চলমান কাজ ঈদের ১০ দিন আগে থেকে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2016, 06:25 PM

Updated : 20 Aug 2022, 01:01 PM

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রোববার মন্ত্রণালয়ে ঈদে মানুষের চলাচল নির্বিঘ্ন করতে যানজটপ্রবণ স্থানের ব্যবস্থাপনা বিষয়ক এক সমন্বয় সভায় একথা জানান।

মহাসড়কের ১৪টি পয়েন্টে ঈদের পাঁচদিন আগে থেকে এক হাজার স্বেচ্ছাসেবক নামানোর কথা মন্ত্রী গত মঙ্গলবার জানালেও রোববারের সভায় ১৬টি পয়েন্টের কথা বলেন তিনি।

তিনি বলেন, যানজট প্রবণ ১৬টি স্পটে বাংলাদেশ রোভার স্কাউটের এক হাজার সদস্য সড়ক স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবেন।

পাশাপাশি আবদুল্লাহপুর, টঙ্গী স্টেশন রোড, জয়দেবপুর চৌরাস্তা, ভোগড়া, মীরের বাজার এলাকায় কমিউনিটি পুলিশ যানজট নিরসনে কাজ করবে বলে ওবায়দুল কাদের জানান।

ঈদের সময় অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে টার্মিনালগুলোয় ভিজিলেন্স টিম রাখার কথাও জানান তিনি।

এছাড়া ঈদের আগেপরে তিন দিন করে রপ্তানিমুখী এবং জরুরি সেবা ছাড়া ট্রাক, কভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে বলেও জানান মন্ত্রী।

সভায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও ঢাকা ও পার্শ্ববর্তী জেলাগুলোর জেলা প্রশাসক, পুলিশ সুপার, সড়ক পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তিন সেতু নির্মাণে চুক্তি

পটুয়াখালী, বাগেরহাট ও খুলনা জেলায় চীন সরকারের অনুদানে তিনটি সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে মিনিটস অফ মিটিং বা এমওএম সই হয়েছে।

মন্ত্রী ওবায়দুল কাদেরের উপস্থিতিতে চুক্তিতে সই করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এমএএন ছিদ্দিক ও বাংলাদেশে চীন দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর লি গুয়াংজুন।

এসময় স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক, সেতু নির্মাণ প্রকল্প পরিচালক পরিমল বিকাশ সূত্রধর উপস্থিত ছিলেন।

তিনটি সেতু হচ্ছে- পটুয়াখালীর লোহালিয়া নদীতে বগা সেতু বা নবম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু, বাগেরহাট জেলার মংলা উপজেলার মংলা নদীর উপর মংলা সেতু বা ১০ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু এবং খুলনা জেলার দাকোপ উপজেলার ঝপঝপিয়া নদীতে ঝপঝপিয়া সেতু বা ১১তম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু।

২০১৬ সালে সেতু তিনটির কাজ শুরু হয়ে ২০২০ সালে শেষ হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।

পুরনো খবর:

ঈদযাত্রা নির্বিঘ্নে সড়কে থাকবে হাজার স্বেচ্ছাসেবক: কাদের