২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদযাত্রা নির্বিঘ্নে সড়কে থাকবে হাজার স্বেচ্ছাসেবক: কাদের

ঈদযাত্রায় যানজট নিয়ন্ত্রণ করে ঘরমুখো মানুষের ভোগান্তি লাগবে এক হাজার সড়ক স্বেচ্ছাসেবক নিয়োগসহ বেশকিছু ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2016, 11:35 PM

Updated : 20 Aug 2022, 12:58 PM

মঙ্গলবার দুপুরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান তিনি।

মন্ত্রী জানান, ঈদের পাঁচদিন আগে থেকে এক হাজার সড়ক স্বেচ্ছাসেবক তিনটি শিফটে ১৪টি পয়েন্টে যানজট নিয়ন্ত্রণে পুলিশকে সহায়তা করবে।

“এছাড়া এবার ঈদে ঘরমুখো বৃদ্ধ, নারী ও শিশুদের জন্য বিভিন্ন পয়েটে ভ্রাম্যমাণ পাবলিক টয়লেটের ব্যবস্থা করা হচ্ছে।”

ঈদে সড়ক-মহাসড়কে যানজট বিষয়ে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, “গাজীপুরের ভুলতাসহ যেসব এলাকায় যানজট হয় সেখানে বিকল্প ব্যবস্থা করা হয়েছে।”

তবে বিভিন্নভাবে মহাসড়ক দখল হয়ে যাওয়াকে যানজটের ক্ষেত্রে অন্যতম সমস্যা হিসেবে চিহ্নিত করে এ বিষয়ে কাজ করা হচ্ছে বলে জানান মন্ত্রী।

নবীনগর-চন্দ্রা ফোরলেনের উদাহরণ দিয়ে তিনি বলেন, “ফোরলেন করার পরও রাস্তা দখল হয়ে যায়। রাস্তাকে দখলমুক্ত করার কাজ একইভাবে করে যাচ্ছি।”

ঈদে মহাসড়কে দুর্ঘটনা কমানোর বিষয়ে মন্ত্রী জানান, দুর্ঘটনা কমাতে সড়ক-মহাসড়কে ১৪৪টি স্পট চিহ্নিত করা হয়েছে, যাতে ১৬৫ কোটি ব্যয়ে একটি প্রকল্পের ৮০ শতাংশ শেষ হয়েছে।

তবে রাস্তা ভালো করা হলেও গাড়ি চালকদের বেপরোয়া মানসিকতা এবং চালক-পথচারীদের সচেতনতার অভাব রয়েছে বলে মনে করেন আওয়ামী লীগ নেতা কাদের।

তিনি বলেন, ‍“বঙ্গবন্ধু সেতু এলাকা ও ঢাকা-আরিচা মহাসড়ক এখন আর মরণফাঁদ নয়, নিরাপদ সড়কের মডেল হিসেবে গড়ে তোলা হয়েছে। রাস্তা ভালো করা হলেও গাড়ি চালকদের বেপরোয়া মানসিকতা, চালক-পথচারীদের সচেতনতার অভাব ও সমন্বয়ের অভাব রয়েছে।”

ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাজধানীতে নগরবাসীর চলাচলে ভোগান্তি এড়াতে সহসাই ফিটনেসবিহীন বাস উঠিয়ে নেওয়া হচ্ছে না বলে জানান সড়ক পরিবহনমন্ত্রী কাদের।

“নতুন বাস আনার নানা উদ্যোগ নিয়েছি… গণপরিবহনে নতুন বাস আসবে। এসব বাস আসার আগে ফিটনেসবিহীনগুলো রাস্তা থেকে উঠিয়ে নেওয়া সম্ভব নয়।

“অভিযান চললে ফিটনেসবিহীন গাড়ি বের হয় না। সে অবস্থায় রাস্তায় মানুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকেন, গাড়ি পায় না- ভোগান্তি হয়। রিপ্লেসমেন্টের আগে তুঘলকি কাণ্ড ঘটিয়ে সব গাড়ি রাস্তা থেকে উঠিয়ে দেওয়ার বাস্তবতা এ মুহূর্তে নেই, তবে একেবারেই ফিটনেসবিহীন গাড়ি চলতে দেওয়া হবে না।”

আগামী বছর বিআরটিএস বহরে ১১শ গাড়ি আসছে জানিয়ে মন্ত্রী বলেন, ৫০০ ট্রাক ও ডাবল ডেকার ছাড়াও ৬০০ এসি, নন-এসি বাস ফেব্রুয়ারি-মার্চে বিআরটিএ বহরে যুক্ত হবে।

মোটরসাইকেলে চালকসহ দুই জনের বেশি আরোহী উঠতে না দেওয়ার সিদ্ধান্তে দৃঢ় থাকার কথা বলেন ওবায়দুল কাদের।

“দুইজনেরই হেলমেট থাকতে হবে। সহযাত্রী হিসেবে কোনো অবস্থায় শিশুদের উঠানো যাবে না।”

রাজধানীর অটোরিকশার পরিবহন সেবা নিয়ে মন্ত্রী বলেন, “অটোরিকশায় মিটার চালুর পর থেকে অনেকেই মিটার মানছে না, আবার অনেকেই প্রাইভেট সিএনজিকে কর্মাশিয়ালি চালাচ্ছে।

“অটোরিকশায় মিটার ও প্রাইভেট অটোরিকশাকে বাণিজ্যিকভাবে চালানোর ব্যাপারে বিআরটিএ অভিযান চলছে, চলবে।”

মানিক মিয়া অ্যাভিনিউ দুই পাশে সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত পরিচালিত অভিযানে ৯৯টি মামলা, ৬০ হাজার টাকা জরিমানা, তিনজনকে জেল, দুইটি মোটরসাইকেল জব্দ ও ১০টি প্রাইভেট অটোরিকশাকে ড্যাম্পিংয়ে পাঠানো হয়।

এসময় বিআরটিএ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট জোহরা খাতুন ও মুহম্মদ আব্দুস সালাম উপস্থিত ছিলেন।