এটিএম জালিয়াতি: গ্রেপ্তার বিদেশিকে নির্যাতনের অভিযোগ অস্বীকার পুলিশের
এটিএম কার্ড জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার বিদেশি পিওতর সেজেফান মাজুরেককে জিজ্ঞাসাবাদের সময় নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।
গত ফেব্রুয়ারিতে গ্রেপ্তার পিওতর পুলিশ হেফাজতে নির্যাতনের শিকার হন বলে ঢাকার জার্মান দূতাবাস অভিযোগ করেছে বলে গণমাধ্যমে খবর আসে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাদের ওই চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও যায়।
এই বিষয়ে জানতে চাইলে ঢাকার অতিরিক্ত পুলিশ কমিশনার মনিরুল ইসলাম বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নির্যাতনের অভিযোগটি ‘ঠিক নয়’।
“একজন বিদেশি এবং বন্দি হিসাবে তার যতটুকু অধিকার পাওয়ার কথা, সবটুকুই দেওয়া হয়েছে।”
পুলিশ হেফাজতে থাকার সময় পিওতরের সঙ্গে জার্মান দূতাবাসের প্রতিনিধি এবং তার স্ত্রীও দেখা করে গেছেন বলে জানান মনিরুল।
“কথা বলা পর তারা নির্যাতনের কোনো অভিযোগ করেননি। পরেও আমাদের কাছে এ ধরনের কেউ অভিযোগ করেননি।”
গত ২২ ফেব্রুয়ারি জার্মান নাগরিক পিওতর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। জন্ম ইউক্রেইনে হলেও তিনি এখন জার্মানির নাগরিক।
গত ৭ এবং ৮ ফেব্রুয়ারি ইউসিবিএল, সিটি ব্যাংক এবং ইস্টার্ন ব্যাংকের এটিএম বুথে জালিয়াতির মাধ্যমে মোট অংকের অর্থ হাতিয়ে নেয় একটি চক্র। তার অনুসন্ধানে পিওতরের সম্পৃক্ততা মেলে বলে জানায় গোয়েন্দা পুলিশ।
বর্তমানে এই বিদেশি গাজীপুরের কাশিমপুর কারাগারে রয়েছেন।
গোয়েন্দা কর্মকর্তারা জানান, কারাগারে নেওয়ার সময় পিওতর কিছুটা অসুস্থ ছিলেন। তার চিকিৎসা দেওয়া হয়েছে।
এটিএম জালিয়াতির আলোচিত ঘটনাটির তদন্ত প্রায় শেষ পর্যায়ে বলে জানান গোয়েন্দা কর্মকর্তারা।
বাংলাদেশে সাইবার অপরাধে কোনো বিদেশির সম্পৃক্ততার ঘটনা এটাই প্রথম বলে তারা জানান। গোয়েন্দাদের বক্তব্য অনুযায়ী, এই ঘটনায় আরও দুই বিদেশি জড়িত ছিলেন, তবে তারা ইতোমধ্যে বাংলাদেশ ছেড়েছেন।
“পিওতর ও আরও দুই বিদেশিসহ ৪/৫জনের বিরুদ্ধে খুব শিগগিরই চার্জশিট দেওয়া হবে,” বলেন তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তা।
এই জালিয়াতির ঘটনায় পিওতরের পাশাপাশি সিটি ব্যাংকের চার কর্মকর্তাকেও গ্রেপ্তার করেছে পুলিশ।
বলা হচ্ছে, চারটি এটিএম বুথে ‘স্কিমিং ডিভাইস’ বসিয়ে গ্রাহকের ব্যক্তিগত তথ্য চুরির পর কার্ড ক্লোন করে টাকা তুলে নেয় জালিয়াত চক্র।
