এটিএম জালিয়াতি: বিদেশিসহ ৬ জন বিভিন্ন মেয়াদে রিমান্ডে
ব্যাংকের এটিএম জালিয়াতির ঘটনায় আটক বিদেশি নাগরিক পিওতর সেজেফান মাজুরেকসহ ছয়জনকে বিভিন্ন মেয়াদে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।
রোববার ঢাকার মহানগর হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরী এই আদেশ দেন।
এদের মধ্যে বিদেশি পিওতর, সিটি ব্যাংকের তিন কর্মকর্তা মোকসেদ আলী মাকসুদ, রেজাউল করিম ও রেফাত আহমেদকে চারদিনের হেফাজতে পাঠানো হয়।
এই চারজনকে এর আগে দুই দফায় ১১ দিন হেফাজতে পেয়েছিল গোয়েন্দা পুলিশ।
এছাড়া মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানের কর্মী সাইফুজ্জামান ও বেসরকারি একটি আইটি প্রতিষ্ঠানের কর্মী হুমায়ুন কবীরকে পাঁচদিনের হেফাজত দেওয়া হয়।
বিচারক ছয়জনের জামিন আবেদনও নাকচ করে দেন।
আদালতে তাদের পক্ষে ছিলেন আইনজীবী গোলাম মোস্তফা খান ও এইচএম মাসুম।
সম্প্রতি ঢাকার গুলশান, বনানী ও মিরপুরের কালশীতে ইস্টার্ন ব্যাংক লিমিটেড, সিটি ব্যাংক লিমিটেড ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) চারটি এটিএম বুথে ‘স্কিমিং ডিভাইস’ বসিয়ে গ্রাহকের ব্যক্তিগত তথ্য চুরির পর কার্ড ক্লোন করে টাকা তুলে নেওয়ার ঘটনায় ব্যাপক তোলপাড় হয়।
এরপর ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) ও সিটি ব্যাংক কর্তৃপক্ষ মামলা করলে তার তদন্তে নামে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ইউসিবিএলের করা মামলার এজাহারের সঙ্গে এটিএম বুথের সিসি ক্যামেরায় পাওয়া এক বিদেশির ছবিও দেওয়া হয়েছিল। এর ভিত্তিতে ২২ ফেব্রুয়ারি পিওতর ও সিটি ব্যাংকের চার কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়।
নতুন করে গ্রেপ্তার সাইফুজ্জামান ও হুমায়ুন কবীরকে প্রথম রিমান্ডে নেওয়া হলো বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান আদালত পুলিশের প্রসিকিউশন বিভাগের সহকারী কমিশনার মিরাশ উদ্দিন।
