এটিএম জালিয়াতি: বিদেশিসহ চারজন ফের রিমান্ডে
ব্যাংকের এটিএম জালিয়াতির ঘটনায় গ্রেপ্তার বিদেশি নাগরিক পিওতর সেজেফান মাজুরেক ও সিটি ব্যাংকের তিন কর্মকর্তাকে আরও পাঁচ দিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে গোয়েন্দা পুলিশ।
ছয় দিনের রিমান্ড শেষে সোমবার ওই চারজনকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে আরও আট দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের এস আই সোহরাব মিয়া।
অন্যদিকে পিওতরের আইনজীবী এইচ এম মাসুম নতুন করে রিমান্ডের বিরোধিতা করে জামিনের আবেদন করেন।
শুনানি শেষে মহানগর হাকিম আবদুল্লাহ আল মাসুদ জামিন নাকচ করে পাঁচ দিনের হেফাজত মঞ্জুর করেন।
জার্মান দূতাবাসের কালচারাল অ্যাটাশে ক্রিশ্চিয়ান জুরপেল, পিওতরের স্ত্রী রোজিনা ইসলাম ও তাদের শিশু সন্তান এ সময় আদালতে উপস্থিত ছিলেন।
তথ্য প্রযুক্তি আইনের এ মামলায় গ্রেপ্তার সিটি ব্যাংকের কার্ড ডিভিশনের তিন কর্মকর্তা হলেন- মোকসেদ আলী মাকসুদ, রেজাউল করিম শাহীন ও রেফাত আহমেদ রনি।
সম্প্রতি ঢাকার গুলশান, বনানী ও মিরপুরের কালশীতে ইস্টার্ন ব্যাংক লিমিটেড, সিটি ব্যাংক লিমিটেড ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) চারটি এটিএম বুথে ‘স্কিমিং ডিভাইস’ বসিয়ে গ্রাহকের ব্যক্তিগত তথ্য চুরির পর কার্ড ক্লোন করে টাকা তুলে নেওয়ার ঘটনায় ব্যাপক তোলপাড় হয়।
এরপর ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) ও সিটি ব্যাংক কর্তৃপক্ষ মামলা করলে তার তদন্তে নামে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ইউসিবি মামলার এজাহারের সঙ্গে এটিএম বুথের সিসি ক্যামেরায় পাওয়া এক বিদেশির ছবিও দেওয়া হয়েছিল। এর ভিত্তিতে ২২ ফেব্রুয়ারি পিওতরসহ চারজনকে গ্রেপ্তার করার কথা পুলিশের পক্ষ থেকে জানানো হয়।
গোয়েন্দা পুলিশের বক্তব্য অনুযায়ী, ইউক্রেইনে জন্মগ্রহণকারী পিওতর পোল্যান্ডের ভুয়া পাসপোর্ট নিয়ে বাংলাদেশে ঢুকে বিয়ে করে সংসার পেতেছিলেন। তার কাছে জার্মানির একটি পরিচয়পত্রও পাওয়া যায়।
আইনজীবী মাসুম পিওতরের অসুস্থার কথা বরে জার্মান দূতাবাস কর্মকর্তার জিম্মায় তাকে জামিন দেওয়ার আবেদন করেন।
জামিন নাকচ হলে এজলাসে বসে পিওতরের সঙ্গে কথা বলার অনুমতি চাওয়া হয়। বিচারক অনুমতি দিলে পিওতরের সঙ্গে রোজিনা নিচু গলায় কিছুক্ষণ কথা বলেন।
