২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘জালিয়াত’ পিওতরের স্বীকারোক্তি

ব্যাংকের এটিএম জালিয়াতির ঘটনায় তথ্যপ্রযুক্তি আইনে দায়ের মামলায় বিদেশি নাগরিক পিওতর সেজেফান মাজুরেক নিজেকে এবং অন্য কয়েকজনকে জড়িয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2016, 10:48 PM

Updated : 20 Aug 2022, 12:06 PM

এই মামলায় দুই দফায় রিমান্ড শেষে বৃহস্পতিবার পিওতরকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করা হয়।

পরে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তার জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক সোহরাব মিয়া।

এর পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম আতিকুর রহমান তার খাস কামরায়  পিওতরের জবানবন্দি গ্রহণ করেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান আদালত পুলিশের সংশিষ্ট কর্মকর্তা এসআই ফরিদ মিয়া।

জবানবন্দি শেষে তাকে গুলশান থানার তথ্যপ্রযুক্তি আইনের আরেক মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১০ দিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করে পুলিশ।

শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মাহাবুবুর রহমান পাঁচ দিন মঞ্জুর করেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান পিওতরের আইনজীবী এ এইচ এম মাসুম।

সম্প্রতি ঢাকার গুলশান, বনানী ও মিরপুরের কালশীতে ইস্টার্ন ব্যাংক লিমিটেড, সিটি ব্যাংক লিমিটেড ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) চারটি এটিএম বুথে ‘স্কিমিং ডিভাইস’ বসিয়ে গ্রাহকের ব্যক্তিগত তথ্য চুরির পর কার্ড ক্লোন করে টাকা তুলে নেওয়ার ঘটনায় ব্যাপক তোলপাড় হয়।

এরপর ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) ও সিটি ব্যাংক কর্তৃপক্ষ মামলা করলে তার তদন্তে নামে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ইউসিবিএলের করা মামলার এজাহারের সঙ্গে এটিএম বুথের সিসি ক্যামেরায় পাওয়া এক বিদেশির ছবিও দেওয়া হয়েছিল। এর ভিত্তিতে ২২ ফেব্রুয়ারি পিওতর ও সিটি ব্যাংকের চার কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়।

ওই ঘটনায় গ্রেপ্তার একটি মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানের কর্মী সাইফুজ্জামান ও বেসরকারি একটি আইটি প্রতিষ্ঠানের কর্মী হুমায়ুন কবীরকে গত ৬ মার্চ পাঁচ দিনের রিমান্ডে পাঠায় আদালত।

পুরনো খবর:

এটিএম জালিয়াতি: বিদেশিসহ ৬ জন বিভিন্ন মেয়াদে রিমান্ডে