সব প্যানেল শিক্ষককে নিয়োগের দাবি
রেজিস্ট্রার্ড প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে নিয়োগের জন্য প্যানেলে থাকা সবাইকে নিয়োগের দাবিতে ঢাকায় মানববন্ধন করছেন প্যানেল শিক্ষকরা।
বাংলাদেশ প্রাথমিক প্যানেল শিক্ষক ঐক্য পরিষদের ব্যানারে মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে শতাধিক শিক্ষক এ মানববন্ধনে যোগ দেন।
ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাই কোর্টের রায়ের পর সরকার যে পদ্ধতিতে প্যানেল শিক্ষকদের নিয়োগ কার্যক্রম শুরু করেছে, তাতে সবাই নিয়োগ পাবেন না।
“আমরা চাই কোর্টের নির্দেশনা অনুযায়ী যেসব প্রার্থী রিট করেছেন তাদের যেন আগে নিয়োগ দেওয়া হয়। রিটকারীদের নিয়োগ শেষে অন্য প্রার্থীদের নিয়োগ দিলে আমাদের আপত্তি নেই।”
প্যানেলে থাকা সব প্রার্থীর নিয়োগ নিশ্চিত করতে সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজারের সঙ্গে দেখা করেন প্যানেল শিক্ষকদের নেতারা।
প্যানেলে থাকা সব প্রার্থীর নিয়োগের দাবিতে মঙ্গলবার গণশিক্ষা মন্ত্রীকে স্মারকলিপি দেওয়া হবে বলেও শিক্ষক নেতা মিজানুর জানান।
হাই কোর্টের নির্দেশে সদ্য জাতীয়করণ হওয়া প্রাথমিক বিদ্যালয়ের ‘শূন্যপদে’ প্যানেল প্রার্থীদের নিয়োগ দিতে গত ৬ জুন জেলা শিক্ষা কর্মকর্তাদের নির্দেশনা দেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
প্যানেল থেকে নিয়োগের জন্য প্রায় ২৩ হাজার প্রার্থী নিয়োগের অপেক্ষায় থাকলেও এদের নিয়োগে শূন্যপদের শর্ত জুড়ে দেওয়ায় সবাইকে নিয়োগ দেওয়া যাচ্ছিল না। এ নিয়ে প্যানেল প্রার্থীরা ক্ষোভ জানিয়ে আদেশ সংশোধনের দাবি জানান।
শূন্য পদের বাইরেও অন্য পদগুলোতে প্যানেল শিক্ষকদের নিয়োগ দিতে গত বৃহস্পতিবার নতুন আদেশ জারি করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এর পরেও প্যানেলে থাকা সব প্রার্থী নিয়োগ পাবেন না জানিয়ে তারা কর্মসূচি পালন করছেন।
রেজিস্ট্রার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের চাকরি (নিয়োগ, পদোন্নতি, শৃঙ্খলা ও কল্যাণ) নীতিমালা-২০০৯ অনুযায়ী সহকারী শিক্ষক নিয়োগের জন্য ২০১০ সালের ২১ এপ্রিল বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকার।
ওইসব বিদ্যালয়ে পর্যায়ক্রমে নিয়োগ দিতে পরীক্ষার মাধ্যমে ২০১২ সালের ৮ এপ্রিল ৪২ হাজার ৬১১ জনের মেধাতালিকা প্রকাশ করা হয়। এদের মধ্য থেকে ২০১৩ সালের আগ পর্যন্ত ১০ হাজার ৫১৪ জন নিয়োগ পান।
২০১৩ সালের ৯ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২২ হাজার ৯৯৫টি রেজিস্ট্রার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে সরকারি করেন। ওইসব বিদ্যালয়েই প্যানেলভুক্ত শিক্ষকদের নিয়োগের কথা ছিল।
প্রধানমন্ত্রীর এক ঘোষণায় বেশিরভাগ রেজিস্ট্রার্ড প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ হলে প্যানেলে থাকা বাকিদের নিয়োগ ঝুলে যায়। এরপর আন্দোলনে নামেন এসব প্রার্থীরা।
দীর্ঘ দিন আন্দোলনে কাজ না হওয়ার প্রথমে প্যানেলভুক্ত ১০ প্রার্থী হাই কোর্টে রিট করে নিজেদের পক্ষে রায় পান।
পরে এ বিষয়ে আরও ৪৯০টি রিট আবেদন হাই কোর্ট নিষ্পত্তি করে প্যানেলভুক্ত শিক্ষকদের নিয়োগ দিতে নির্দেশ দেয়।
হাই কোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল খারিজের পর পুনর্বিবেচনা চেয়ে করা রিভিউ আবেদনও গত ১১ ফেব্রুয়ারি খারিজ করে দেয় সর্বোচ্চ আদালত। এরপরই প্যানেলে থাকা প্রার্থীদের নিয়োগের পথ খোলে।
