২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাঁড়াশি অভিযান: তৃতীয় দিনে গ্রেপ্তার ৩৪ ‘জঙ্গি’

জঙ্গি দমনে দেশজুড়ে চলা ‘সাঁড়াশি অভিযানে’ আরও ৩৪ সন্দেহভাজন জঙ্গি সদস্যকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2016, 02:44 PM

Updated : 12 Apr 2022, 02:15 AM

এ নিয়ে শুক্রবার থেকে মোট ১১৯ সন্দেহভাজন জঙ্গি সদস্যকে গ্রেপ্তারের কথা জানাল আইন-শৃঙ্খলা বাহিনী।

পুলিশ সদর দপ্তরের তথ্য কর্মকর্তা এ কে এম কামরুল আহছান সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান,  রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত মোট তিন হাজার ২৪৫ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে।

এদের মধ্যে ৩৪ জন সন্দেহভাজন জঙ্গি ছাড়াও ২ হাজার ৫৭৮ জন পরোয়ানাভুক্ত আসামি রয়েছেন।

এছাড়া অস্ত্র মামলায় ১৯ জন, মাদক মামলায় ১৬০ জন এবং অন্যান্য মামলায় ৪৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে কামরুল আহছান জানান।   

পুলিশ বলছে, রোববার গ্রেপ্তার ৩৪ জঙ্গির মধ্যে ২৫ জন জেএমবি, তিনজন হিযবুত তাহরীর, তিনজন আনসার আল ইসলাম ও তিনজন আল্লাহর দলের সদস্য।

ওই ২৪ ঘণ্টার অভিযানে ১৩টি আগ্নেয়াস্ত্র ৩৩ রাউন্ড গুলি, আটটি চাপাতি, দুটি পেট্রোল বোমা, ৩১টি ককটেল ও ২৮টি উগ্রপন্থি বই জব্দ করার কথাও পুলিশ সদর দপ্তর জানিয়েছে। 

চট্টগ্রামে জঙ্গিবিরোধী অভিযানে নেতৃত্ব দেওয়া পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী খুন হওয়ার পর বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরে আইজিপি এ কে এম শহীদুল হকের সভাপতিত্বে এক বৈঠকে এই ‘সাঁড়াশি অভিযান’ পরিচালনার সিদ্ধান্ত হয়।

শুক্রবার ভোর থেকে শুরু হওয়া এই অভিযান সাত দিন চলবে বলে পুলিশ সদরদপ্তর জানিয়েছে।  

পুলিশের তথ্য অনুযায়ী, অভিযানের প্রথম তিন দিন মোট আট হাজার ১৯২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এর মধ্যে প্রথম ২৪ ঘণ্টায় ৩৭ জঙ্গিসহ দুই হাজার ৮১৫ জন এবং দ্বিতীয় দিন ৪৮ জঙ্গিসহ দুই হাজার ১৩২ জনকে গ্রেপ্তারের কথা পুলিশ সদর দপ্তর থেকে থেকে জানানো হয়েছে। 

পুরনো খবর:

সাঁড়াশি অভিযানে ৩৭ জঙ্গি গ্রেপ্তার: পুলিশ
সাঁড়াশি অভিযান: প্রথম দিনে আটক ‘সহস্রাধিক’