২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অধ্যাপক সৈয়দ সফিউল্লাহ আর নেই

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. সৈয়দ সফিউল্লাহ আর নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2016, 10:05 AM

Updated : 12 Apr 2022, 02:15 AM

শুক্রবার রাতে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

রসায়ন ও পরিবেশ বিজ্ঞানে খ্যাতিমান বাংলাদেশি গবেষক সফিউল্লাহর বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে রেখে গেছেন।

শনিবার সকালে ক্যাম্পাসের উপাচার্যের বাসবভন সংলগ্ন মাঠে জানাজার পর বিকালে ঢাকার গুলশানের আজাদ মসজিদে দ্বিতীয় জানাজা শেষে বনানী কবরস্থানে এই অধ্যাপককে দাফন করা হবে।

অধ্যাপক সফিউল্লাহর মৃত্যুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম শোক প্রকাশ করেছেন।

এক শোকবার্তায় তিনি বলেন, “তার মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে। রসায়ন ও পরিবেশ গবেষণায় তার অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে।”

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার শুরুর দিকে এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা, গবেষণা ও ভৌত অবকাঠামো সম্প্রসারণে সৈয়দ সফিউল্লাহর অবদান স্মরণ করেন বর্তমান উপাচার্য।

ষাটের দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে বামপন্থি ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী সফিউল্লাহ ১৯৭২ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় যোগ দিয়েছিলেন।

রসায়ন বিভাগ থেকে ২০১২ সালে অবসরে যান তিনি। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন তিনি।

দুই সামরিক শাসক জিয়াউর রহমান ও এইচ এম এরশাদের সঙ্গে সুসম্পর্ক ছিল সৈয়দ সফিউল্লাহর, যা নিয়ে সমালোচিতও ছিলেন তিনি।

সর্বশেষ কাজী জাফর আহমেদ নেতৃত্বাধীন জাতীয় পার্টিতে যুক্ত ছিলেন সৈয়দ সফিউল্লাহ। তার সময়কার ছাত্র আন্দোলনের নেতা কাজী জাফরকে (প্রয়াত) রাজনীতিতে বরাবরই অনুসরণ করে গেছেন সফিউল্লাহ।

সফিউল্লাহর জন্ম ১৯৪৫ সালের ২৫ ডিসেম্বর বাগেরহাটে। তার বাবা সৈয়দ আব্দুল হালিম ছিলেন একজন যুগ্ম সচিব। ১৯৬৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি নেওয়ার পর যুক্তরাজ্যের কেমব্রিজ ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি নেন তিনি।

জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন জার্নালে ২৫০টিরও বেশি গবেষণাপত্র, ৬০টি পর্যালোচনা নিবন্ধ প্রকাশিত হয় অধ্যাপক সফিউল্লাহর।

ইউএনইপি এবং হামবুর্গ ইউনিভার্সিটির তত্ত্বাবধানে গ্লোবাল কার্বন ট্রান্সপোর্ট নিয়ে গবেষণার পর ১৯৮৫ সালে লন্ডন রয়্যাল সোসাইটি অব কেমিস্ট্রির ফেলো নির্বাচিত হন তিনি। পরের বছর তিনি বাংলাদেশ অ্যাকাডেমি অব সায়েন্স থেকে বিজ্ঞানে অবদানের জন্য স্বর্ণপদক পান।

দীর্ঘস্থায়ী পলিমারিত সম্পূরক জৈবিক সার সফিউল্লাহর আবিষ্কার, যা মাটির উর্বরতা বাড়ানোর পাশাপাশি পরিবেশবান্ধবও। ‘সুষমা সার’ নামে এই সারের পেটেন্ট ১৯৯১ সালে পান তিনি।

কৃষকদের সারসংক্রান্ত সেবা দিতে সফিউল্লাহ নিজ উদ্যোগে সাভারের গোকুলনগরে প্রতিষ্ঠা করেন ‘গ্রিন বাংলাদেশ এনভায়রনমেন্টাল প্রডাক্টস অ্যান্ড মিটিগেশন কনসালটেন্টস লিমিটেড’।

কাঁচামাল ব্যবহার করে সিমেন্ট এবং ডায়াবেটিক রোগীদের জন্য বিশেষ সসও তৈরি করেন সফিউল্লাহ। পিট থেকে জ্বালানি উৎপাদন করে তিনি তার নাম দেন ‘সাফি ফুয়েল’।