২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গুলিস্তানে গ্রেপ্তার ১৯০ জন কারাগারে, পুলিশের মামলা

ঢাকার গুলিস্তানে ফুটপাতের হকার ও বিপণি বিতানের ব্যবসায়ীদের মধ্যে শুক্রবার দ্বিতীয় দিনের সংঘর্ষের পর গ্রেপ্তার ১৯০ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2016, 12:53 AM

Updated : 11 Oct 2022, 08:21 PM

পুরনো খবর:

গুলিস্তানে ফের সংঘর্ষ, গ্রেপ্তার ১৯০

বৃহস্পতিবার সংঘর্ষের পর দায়ের করা দুই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ঘটনায় শুক্রবার আরেকটি মামলা করেছে পুলিশ, যাতে পুলিশের ওপর হামলার অভিযোগ আনা হয়েছে।

পল্টন থানার এসআই আবুল হাসান হাওলাদার বাদী হয়ে রাতে দায়ের করা এই মামলায় ওই ১৯০ জনকে আসামি করা হয়েছে।

এরা সবাই দোকান মালিকপক্ষের বলে পল্টন থানার ওসি মোরশেদ আলম জানান।

তাদের মধ্যে গুলিস্তানের ট্রেড সেন্টার মালিক সমিতির সভাপতি হুমায়ুন কবির মোল্লাসহ কয়েকজন নেতাও রয়েছেন।

গুলিস্তানের ঢাকা ট্রেড সেন্টারের সামনের ফুটপাত থেকে অবৈধ দোকান উচ্ছেদ নিয়ে বৃহস্পতিবার বিকালে বিপণী বিতানের দোকান মালিক-কর্মচারীদের সঙ্গে হকারদের সংঘর্ষ হয়। এতে প্রায় আড়াই ঘণ্টা ওই এলাকায় যান চলাচল বন্ধ থাকে।

Image
সংঘর্ষের মধ্যে রাস্তায় আগুন ধরিয়ে একপক্ষ

সংঘর্ষের মধ্যে রাস্তায় আগুন ধরিয়ে একপক্ষ

Image
সংঘর্ষের পর রাস্তায় পড়ে আছে টিয়ার শেল।

সংঘর্ষের পর রাস্তায় পড়ে আছে টিয়ার শেল।

ওই ঘটনার পর থমথমে পরিস্থিতির মধ্যে শুক্রবার সকাল থেকে গুলিস্তান ফ্লাইওভারের নিচে অবস্থান নিতে থাকেন হকাররা। এদিকে স্থানীয় বিপণি বিতানের ব্যবসায়ীরাও তাদের দোকানে যেতে শুরু করেন।

বেলা সাড়ে ১১টার দিকে দুই পক্ষ মুখোমুখি অবস্থানে গেলে শুরু হয় সংঘর্ষ। ধাওয়া- পাল্টা ধাওয়ার মধ্যে ওই এলাকা দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। বৃষ্টির মত ঢিল, লাঠি হাতে মারামারি আর পুলিশের টিয়ারশেলে আহত হন বেশ কয়েকজন। আহতদের মধ্যে পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনারও রয়েছেন।

টিয়ার শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর ঘটনাস্থল থেকে ১৯০ জনকে গ্রেপ্তার করা হয় বলে পল্টন থানার ওসি মোরশেদ আলম জানান।

তিনি বলেন, সংঘর্ষের পর ওই এলাকা থেকে প্রায় দুইশ জনকে আটক করেন তারা। পরে যাচাই বাছাই করার পর ১৯০ জনকে আগের দিনের দুই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

বৃহস্পতিবারের সংঘর্ষের পর মালিক ও হকারদের পক্ষ থেকে ওই দুটি মামলা করা হয়েছিল বলে পুলিশের মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মো. তারেক বিন হাবিব জানান।

Image
গুলিস্তানে ফুটপাত উচ্ছেদ নিয়ে শুক্রবার সংঘর্ষ বাঁধে হকার ও ব্যবসায়ীদের মধ্যে।

গুলিস্তানে ফুটপাত উচ্ছেদ নিয়ে শুক্রবার সংঘর্ষ বাঁধে হকার ও ব্যবসায়ীদের মধ্যে।

Image
গুলিস্তানে ফুটপাত উচ্ছেদ নিয়ে শুক্রবার হকার ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ ঠেকাতে পুলিশের তৎপরতা।

গুলিস্তানে ফুটপাত উচ্ছেদ নিয়ে শুক্রবার হকার ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ ঠেকাতে পুলিশের তৎপরতা।

মহানগর হাকিম খুরশিদ আলমের আদালত সন্ধ্যায়  ওই ১৯০ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সমঝোতা না হওয়া পর্যন্ত ঢাকা ট্রেড সেন্টার বন্ধ থাকবে বলে পুলিশ কর্মকর্তা তারেক জানান।

ঢাকা ট্রেড সেন্টার (দক্ষিণ) দোকান মালিক সমিতির সহসভাপতি আসলাম হোসেন বলেন, হকাররা দীর্ঘদিন ধরে জোর করে মার্কেটের বারান্দা ও সামনের ফুটপাত দখল করে রেখেছিল।

“মার্কেট কমিটির লোকজন বৃহস্পতিবার ফুটপাতের দোকানদারদের চলে যেতে বললে তারা না গিয়ে উল্টো কমিটির লোকদের মারধর শুরু করে। এরপরই সংঘর্ষ বাঁধে।”

এর জের ধরেই দুই পক্ষ শুক্রবার আবারও সংঘর্ষে জড়ায় বলে স্থানীয় ব্যবসায়ীরা জানান।

একজন পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবারের সংঘর্ষ হয়েছে দোকান মালিক ও কর্মচারীদের ‘বাড়াবাড়ির' কারণে।

“শুক্রবার সকালে হকাররা এসে ফ্লাইওভারের নিচে অবস্থান নিলে ঢাকা ট্রেড সেন্টারের দোতলা তিনতলা থেকে দোকান কর্মচারীরা ঢিল মারতে শুরু করে। আমি নিজে গিয়ে নিষেধ করেছি; বলেছি সেখানে কেবল হকার না, পুলিশও আছে।”