গুলিস্তানে ফের সংঘর্ষ, গ্রেপ্তার ১৯০
ঢাকার গুলিস্তানে ফুটপাতের হকার ও বিপণি বিতানের ব্যবসায়ীদের মধ্যে আবারও সংঘর্ষ হয়েছে; বৃষ্টির মত ঢিল, লাঠি হাতে মারামারি আর পুলিশের টিয়ারশেলে আহত হয়েছেন বেশ কয়েকজন।
শুক্রবার দুপুরে এ ঘটনায় আহতদের মধ্যে পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনারও রয়েছেন।
টিয়ার শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর ঘটনাস্থল থেকে ১৯০ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর কথা জানিয়েছেন পল্টন থানার ওসি মোরশেদ আলম।
গুলিস্তানের ঢাকা ট্রেড সেন্টারের সামনের ফুটপাত থেকে হকার উচ্ছেদ করে ওই সড়ক যান চলাচলের উপযোগী করার পর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বৃহস্পতিবার ওই এলাকা পরিদর্শনে যান।
তিনি ফিরে যাওয়ার পরপরই হকার এবং ওই বিপণি বিতানের ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ বাঁধে; যান চলাচল বন্ধ থাকে আড়াই ঘণ্টা।
ওই ঘটনার পর থমথমে পরিস্থিতির মধ্যে শুক্রবার সকাল থেকে গুলিস্তান ফ্লাইওভারের নিচে অবস্থান নিতে থাকেন হকাররা। এদিকে স্থানীয় বিপণি বিতানের ব্যবসায়ীরাও তাদের দোকানে যেতে শুরু করেন।
সংঘর্ষের পর রাস্তায় পড়ে আছে টিয়ার শেল।
গুলিস্তানে ফুটপাত উচ্ছেদ নিয়ে শুক্রবার সংঘর্ষ বাঁধে হকার ও ব্যবসায়ীদের মধ্যে।
পল্টন থানার ওসি মোরশেদ আলম জানান, তারা সংঘর্ষের পর ওই এলাকা থেকে প্রায় দুইশ জনকে আটক করেন। যাচাই বাছাই করার পর ১৯০ জনকে আগের দিনের দুই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
সন্ধ্যায় মহানগর হাকিম খুরশিদ আলমের আদালত ওই ১৯০ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন জানিয়ে ওসি বলেন, “তাদের সবাই দোকান মালিকপক্ষের লোক।”
রাতে পল্টন থানায় আরেকটি মামলা হয়, যেখানে শুক্রবারের ঘটনায় পুলিশের ওপর হামলার অভিযোগে ওই ১৯০ জনকেই আসামি করা হয়।
মতিঝিল বিভাগের পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. তারেক বিন হাবিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবারের সংঘর্ষের পর মালিক ও হাকারদের পক্ষ থেকে আগের মামলা দুটি করা হয়। শুক্রবারের মামলাটি করে পুলিশ।
সমঝোতা না হওয়া পর্যন্ত ঢাকা ট্রেড সেন্টার বন্ধ থাকবে বলেও এই পুলিশ কর্মকর্তা জানান।
গুলিস্তানে ফুটপাত উচ্ছেদ নিয়ে শুক্রবার হকার ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ ঠেকাতে পুলিশের তৎপরতা।
ফুটপাত উচ্ছেদ নিয়ে গুলিস্তানে হকার ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের সময় ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়।
“মার্কেট কমিটির লোকজন বৃহস্পতিবার ফুটপাতের দোকানদারদের চলে যেতে বললে তারা না গিয়ে উল্টো কমিটির লোকদের মারধর শুরু করে। এরপরই সংঘর্ষ বাঁধে।”
এর জের ধরেই দুই পক্ষ শুক্রবার আবারও সংঘর্ষে জড়ায় বলে স্থানীয় ব্যবসায়ীরা জানান।
একজন পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবারের সংঘর্ষ হয়েছে দোকান মালিক ও কর্মচারীদের ‘বাড়াবাড়ির’ কারণে।
“শুক্রবার সকালে হকারা এসে ফ্লাইওভারের নিচে অবস্থান নিলে ঢাকা ট্রেড সেন্টারের দোতলা তিনতলা থেকে দোকান কর্মচারীরা ঢিল মারতে শুরু করে। আমি নিজে গিয়ে নিষেধ করেছি; বলেছি সেখানে কেবল হকার না, পুলিশও আছে।”
