সমাধান খুঁজছে ইসি
নবম ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে প্রাণঘাতী সহিংসতার প্রেক্ষাপটে ভবিষ্যতের জন্য সমাধান খোঁজার চেষ্টায় আছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনার আবু হাফিজ বলছেন, ইউপিতে ধাপে ধাপে ভোট করতে গেলে এক পর্বের ভোটের প্রভাব অন্য পর্বে থাকে। বিদ্যমান আইনে কেন্দ্রে কেন্দ্রে ফলও ঘোষণা করতে হয়। ধাপে ধাপে ভোটে সহিংসতা এড়াতে চাইলে নতুন করে ভাববার সময় এসেছে।
তিনি মনে করেন, পার্শ্ববর্তী দেশ ভারতের মতো ধাপে ধাপে ভোট শেষ করে ফল একসঙ্গে দেওয়া হলে সহিংসতা কম হতো। এমন পদক্ষেপ নিতে রাজনৈতিক দলসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করতে হবে। তবে বর্তমান কমিশনের হাতে সেজন্য ‘যথেষ্ট’ সময় নেই।
আবু হাফিজ প্রশ্ন রাখেন, “ভোটের সময় পরিস্থিতি দেখার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। আগে-পরে চার দিন তাদের নিয়োগ করে দিচ্ছি, ব্যয়ও দিচ্ছি, এরপরও আমাদের ত্রুটি কোথায়? সবকিছু সঠিক করলাম, ত্রুটি করলাম না- এরপরও দায় কেন আমাদের বলা হচ্ছে?”
স্থানীয় সরকারের সবচেয়ে জনপ্রিয় ভোট হিসেবে পরিচিত ইউনিয়ন পরিষদের নির্বাচনে এবারই প্রথম চেয়ারম্যান পদে দলীয় প্রতীকে লড়াই হয়।
গত ফেব্রুয়ারিতে নির্বাচনের তফশিল ঘোষণার পর ৪ জুন শেষ হওয়া এই নির্বাচনকে কেন্দ্র করে শতাধিক মানুষের প্রাণহানিতে ব্যাপক সমালোচনার মুখে ‘দিশেহারা’ নির্বাচন আয়োজনকারী সাংবিধানিক সংস্থাটি।
ক্ষমতাসীন আওয়ামী লীগের পাশাপাশি বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, ওয়ার্কার্স পার্টিসহ কয়েকটি দল নির্বাচনী অনিয়মের অভিযোগ নিয়ে ইসির সঙ্গে বৈঠক করেছে।
রাজনৈতিক দলসহ বিভিন্ন মহলে বলা হচ্ছে, অনিয়ম-সহিংসতা রোধে কোনো পদক্ষেপ নেয়নি ইসি। সরকারও এর দায় এড়াতে পারে না।
ছয় ধাপের এই ভোটে অনিয়ম-সহিংসতার মধ্যে আইনশৃঙ্খলা রক্ষায় ইসির পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বারবার তাগাদা দেওয়া হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে।
শেষ পর্বে এসে অনেকটা ‘স্বস্তি’ নিয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ বরাবরের মতো বলেছেন, কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা বাদে সার্বিকভাবে আগের চেয়ে ভালো নির্বাচন করতে পেরেছেন তারা। সহিংসতা রোধে মানসিকতা পরিবর্তনের তাগিদ দেন তিনি।
ফেব্রুয়ারিতে তফসিল ঘোষণার পর ২২ মার্চ থেকে ৪ জুন পর্যন্ত ছয় দিন ভোট হয়। এসব ভোটের দিন অন্তত ৩৫ জন এবং আগে-পরের সহিংসতায় ৭০ জনের বেশি প্রাণ হারিয়েছেন।
সর্বশেষ এইচ এম এরশাদের শাসনামলে ১৯৮৮ সালে একদিনে সারা দেশের সব ইউপিতে ভোট হয়, সেদিন ব্যাপক সহিংসতা হয়। তারপর থেকে কয়েক মাস ধরে ইউপির ভোট হচ্ছে।
ইউপি নির্বাচনে গোলযোগ ও প্রাণহানির ঘটনাকে ‘অগ্রহণযোগ্য ও অনভিপ্রেত’ হিসেবে বর্ণনা করে আগামীতে ‘যথাযথ ব্যবস্থা’ নেওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
বিগত বিভিন্ন নির্বাচনে সহিংসতা ও গোলযোগের খতিয়ান তুলে ধরে বুধবার তিনি বলেন, “এর চেয়ে বেশি সহিংসতাও অতীতে হয়েছে। বরং আমরা নিয়ন্ত্রণ করে নিয়ে এসেছি। এখন সমস্ত ক্ষমতা ইলেকশন কমিশনের হাতে।”
আওয়ামী লীগের পক্ষে দলের যুগ্ম মহাসচিব মাহবুব-উল-আলম হানিফ অভিযোগ করেছেন, বিএনপি ষড়যন্ত্রের মাধ্যমে এই নির্বাচন ও নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করার পথ বেছে নিয়েছে। পাশাপাশি ব্যক্তিগত ও সামাজিক দ্বন্দ্বকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতাকে নির্বাচনী সহিংসতা হিসেবে চালিয়ে দিয়ে সরকার ও নির্বাচনকে বিতর্কিত করতে চেয়েছে দলটি।
কাজী রকিব নেতৃত্বাধীন এই ইসি স্বাধীন নয় অভিযোগ করে বিএনপির পক্ষে দলটির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান বলেন, “এ সরকারের অধীনে কাজ করছে ইসি। কমিশন যদি স্বাধীনই হতো তাহলে এ সহিংসতা রোধ করা যেত। ভোটে সব অনিয়ম সহিংসতার দায় নির্বাচন কমিশনের, এ সরকারের।”
(ফাইল ছবি)
তারা বলছে, ইসির ‘অনেক কিছু’ করার ছিল। প্রথমেই ‘কিছু ভুল’ ছিল ইসির। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা, অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ও তদারকি করলে এ সহিংসতা রোধ করা যেত।
আয়োজনের কোনো ‘ত্রুটি না থাকায়’ দায় ইসির নয় বলে মনে করেন নির্বাচন কমিশনার হাফিজ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমাদের আয়োজনে ত্রুটি, ঘাটতি ও শৈথিল্য থাকলে এবং সে কারণে সহিংসতা ঘটলে তখন আমাদের দায় থাকে।
“কিন্তু যদি ভোট আয়োজনে ঘাটতি না থাকে, শৈথিল্য না থাকে, ত্রুটি না থাকে আর প্রার্থীরা কেন্দ্রের বাইরে মারামারি করে-তাহলে তার দায় ইসির কেন? আমরা তো কোনো ঘাটতি রাখিনি।”
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর উল্লেখ করে এ নির্বাচন কমিশনার প্রশ্ন রাখেন, তফসিল ঘোষণার পর অনেক ঘটনা ঘটে; এর দায় কে নেবে?
তিনি বলেন, ভোটের দিনসহ চার দিনের জন্য নির্বাচন কমিশন আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়োগ দেয় এবং তার ব্যয়ও অনেক।
“চার দিনের জন্য তাদের নিয়োগ দিলেও মোট ব্যয়ের ৬০-৭০ ভাগ খরচ হয় নিরাপত্তা রক্ষায়। তফশিলের পর থেকে দীর্ঘ সময় ইসি তাদের নিয়োগ দিলে এতো ব্যয় বহন করা যাবে কি না- তাও দেখতে হবে।”
ইসির বিবেচনায় ‘ভালো’ ভোট হয়েছে দাবি করা হলেও সার্বিক বিষয় দেখবে ভোটে সংশ্লিষ্টরা।
আবু হাফিজ বলেন, যারা ভোট নিয়ে আলোচনা-পর্যালোচনা করেন, তারা দেখবেন কেমন ভোট হয়েছে। তারপরও সারা দেশ বিবেচনা করলে, কয়েকটি জায়গায় গোলযোগের ঘটনা ঘটেছে। বেশিরভাগ জেলায় এরকম ঘটনা ঘটেনি।
তিনি বলেন, “সহিংসতার দায় কার-তা বলতে চাই না। এলাকায় এক্স-ওয়াই-জেড মারামারি করল-এ অবস্থায় ইসির দায় বললে তারা উৎসাহিত হবে।
“সব মহলে ঢালাওভাবে দায় ইসির বললে যারা সহিংসতা করে তারা ভাববে মারামারি করলেও দায় তাদের না। এ বিষয়গুলো বিবেচনায় নিতে হবে।”
সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন করতে ইসির ‘যেটুকু করার সব চেষ্টা’ করা হয় বলে দাবি করেন এ নির্বাচন কমিশনার।
বিদ্যমান পরিস্থিতিতে ‘ধাপে ধাপে’ নির্বাচন হলেও ফল একদিনে ঘোষণা করা যায় কি না- সে আলোচনা হওয়া উচিত বলে মনে করেন আবু হাফিজ।
তিনি বলেন, “ধাপে ধাপে নির্বাচন হলেও ফল একসঙ্গে ঘোষণা করা যায় কি না- তা নিয়ে আলোচনা করে দেখা যেতে পারে। ধাপে ধাপে ভোটের পর ফল ধরে রেখে একসঙ্গে প্রকাশ করা গেলে সহিংসতা কম হত। এক নির্বাচনের প্রভাব আরেক নির্বাচনে পড়ত না।”
তবে এ নিয়ে আইনী সমস্যার কথা তুলে ধরেন আবু হাফিজ।
“এখন কেন্দ্রে কেন্দ্রে ফল দিতে হয়। আমি বললেও হবে না। ইসিতে সবার সঙ্গে আলোচনা হতে হবে। যারা নির্বাচন করে এবং দলের সঙ্গে আলোচনা করতে হবে। আইন পরিবর্তন করতে হবে। কেন্দ্র থেকে এনে জেলা নির্বাচন কর্মকর্তা বা রিটার্নিং কর্মকর্তা ফল ঘোষণা করলে তা গ্রহণ করা হবে কি না- এ নিয়ে আলোচনা করা উচিত।”
বর্তমান ইসির মেয়াদ আট মাস বাকি থাকলেও এ নিয়ে দলগুলোর সঙ্গে আলোচনা করা সম্ভব হবে না বলে মনে করেন তিনি।
আবু হাফিজ বলেন, “দলের সঙ্গে বসা এ সময়ে সম্ভব না, পরবর্তী কমিশন যদি করতে পারে- সেটা করবে কি না- তারা তা দেখবে। আগামী ইসির জন্য আমাদের কোনো সুপারিশ থাকবে কি না- তা নিয়েও আলোচনা হয়নি।”
২০১২ সালের ফেব্রুয়ারি ৫ সদস্যের বর্তমান ইসির নিয়োগ হয়। আগামী ফেব্রুয়ারিতে বিদায় নেবেন তারা।
এই কমিশন ভোটার তালিকা হালনাগাদ ও দশম সংসদের সীমানা পুনর্বিন্যাস নিয়ে ২০১৩ সালে একবার নিবন্ধিত দলগুলোর সঙ্গে সংলাপের আয়োজন করলেও তাতে যায়নি তৎকালীন বিরোধী দল বিএনপি।
