২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যা মামলা: ছোট ভাইয়ের পরিবর্তে বন্দি বড় ভাইয়ের জামিন

সিলেটের চাঞ্চল্যকর নজরুল ইসলাম দিনার হত্যা মামলায় ‘নামের ভুলে’ যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে বন্দি নুরুল ইসলাম কারাগার থেকে সাময়িক মুক্তি পেতে যাচ্ছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2016, 09:11 PM

Updated : 20 Aug 2022, 12:56 PM

তাকে ছয় মাসের জামিন দিয়েছে হাই কোর্টের বিচারপতি আবু বকর সিদ্দিকী ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের বেঞ্চ।

নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে নুরুল ইসলামের আপিলে জামিন আবেদনের শুনানি নিয়ে হাই কোর্টের এ আদেশ হয়।

“এখন তার কারামুক্তিতে আর কোনো বাধা নেই,” বলেছেন নুরুল ইসলামের আইনজীবী মোহাম্মদ আফতাব উদ্দিন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মামলার তদন্ত কর্মকর্তা নুনু মৌলভী ওরফে নজরুল ইসলাম না লিখে নুনু মৌলভী ওরফে নুরুল ইসলাম লিখে।

“এই ভুলের কারণে ওই হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডিত ছোট ভাই নুনু মৌলভীর পরিবর্তে বড় ভাই নুরুল ইসলাম প্রায় আড়াই বছর ধরে কারাভোগ করছেন।”

মামলার বিবরণে জানা যায়, ১৯৯২ সালে সিলেটের বিয়ানীবাজার উপজেলার দেবাগ ইউনিয়নের মেওয়া গ্রামের আব্দুস সালাম ওরফে সেলাইয়া মিয়ার ছেলে মেওয়া মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র দিনার খুন হয়। ওই ঘটনায় ২৪ মে দিনারের বাবা অজ্ঞাতনামাদের বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় মামলা করেন।

আইনজীবী আফতাব বলেন, পুলিশ লাশ উদ্ধারের সময় মেওয়া পূর্ব জামে মসজিদ থেকে নজরুল ইসলাম ওরফে নুনু মৌলভীকে গ্রেপ্তার করে। নুনু মৌলভীর কাছে প্রাইভেট পড়ত দিনার। তবে এলাকার লোকজনের অনুরোধে আটকের পরদিন তাকে ছেড়ে দেয় পুলিশ।

ওই মামলায় তদন্ত কর্মকর্তা একই বছরের ২২ সেপ্টেম্বর নুনু মৌলভীসহ সাতজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

১৯৯৯ সালের ২ জুন সিলেটের দায়রা আদালতের রায়ে নুনু মৌলভী, আব্দুস জলিল, আব্দুর রহমান ওরফে সাদ, আব্দুস শহীদ, এনাম উদ্দিন, খলিলুর রহমান ও নিজাম উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এর মধ্যে নুনু মৌলভী ছিলেন পলাতক।

রায়ের পর নুনু মৌলভী হিসেবে তার বড় ভাই নুরুল ইসলামকে ২০১৪ সালের ১৮ মার্চ গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠায় পুলিশ। তখন থেকে নুরুল ইসলাম কারাগারে আছেন।

আইনজীবী আফতাব বলেন, “ঘটনার সময় নুরুল ইসলাম দেশের বাইরে ছিলেন। তবে নুরুলের ছোট ভাই নুনু মৌলভী ঘটনার পর থেকেই পলাতক।”

দণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে গত নভেম্বরে নুরুল ইসলাম আপিল করলে হাই কোর্ট তা শুনানির জন্য গ্রহণ করে। বিচারাধীন এই আপিলে গত মাসে নুরুল জামিন আবেদন করেন।

“আবেদনে নুরুল ইসলামের জাতীয় পরিচয়পত্র, ভোটার তালিকায় তার নাম ও চেয়ারম্যানের প্রত্যায়নপত্রসহ বিভিন্ন কাগজপত্র আদালতে দাখিল করা হয়। শুনানি নিয়ে হাই কোর্ট তার ছয় মাসের জামিন মঞ্জুর করেছেন,” বলেন আইনজীবী আফতাব।