শিক্ষক লাঞ্ছনা তদন্তে আরও ৬০ দিন চায় পুলিশ
শিক্ষক লাঞ্ছনার ঘটনায় করা সাধারণ ডায়েরির প্রেক্ষিতে চলমান তদন্তে অগ্রগতি আছে জানিয়ে হাই কোর্টে প্রতিবেদন দিতে ৬০ দিন সময় চেয়ে আবেদন করেছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার ও বন্দর থানার ওসি।
পদক্ষেপ সম্পর্কে আগের প্রতিবেদনে বিস্তারিত না থাকায় অনুশোচনা প্রকাশ করে আদালতের আদেশ অনুসারে নেওয়া পদক্ষেপ সম্পর্কে নতুন প্রতিবেদনও জমা দিয়েছেন জেলা প্রশাসক, যাতে জেলা আইনশৃঙ্খলা কমিটি ও এ সংক্রান্ত কোর কমিটির বিশেষ সভার সিদ্ধান্ত তুলে ধরা হয়েছে।
বুধবার অ্যার্টনি জেনারেল কার্যালয়ে এসব প্রতিবেদন জমা দেওয়া হয়। বৃহস্পতিবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাই কোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি হতে পারে।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জেলা প্রশাসকের প্রতিবেদন, পুলিশ সুপার ও বন্দর থানার ওসির সময় চেয়ে করা আবেদন এসেছে। এসব হলফনামা করা হয়েছে। বৃহস্পতিবার আদালতে উপস্থাপন করা হবে।
ধর্ম অবমাননার অভিযোগ তুলে গত ১৩ মে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার পিয়ার সাত্তার লতিফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তিকে মারধর করে স্থানীয় একদল লোক। পরে তাকে কান ধরিয়ে উঠ-বস করান স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমান।
দেশজুড়ে ওই ঘটনার প্রতিবাদ ও দোষীদের বিচার দাবির মধ্যেই ওই শিক্ষককে চাকরিচ্যুত করে স্কুল কর্তৃপক্ষ। তার দুই দিনের মাথায় শিক্ষা মন্ত্রণালয় স্কুল পর্যদের ওই সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে জানায়, প্রধান শিক্ষক তার পদে বহাল আছেন। নিয়মবহির্ভূত সিদ্ধান্ত নেওয়ায় স্কুল কমিটিও বাতিল করে মন্ত্রণালয়।
ওই ঘটনা নিয়ে সংবাদপত্রে আসা প্রতিবেদন ১৮ মে আদালতের নজরে আনেন জ্যেষ্ঠ আইনজীবী এম কে রহমান ও মহসীন রশিদ। সেদিন আদালত স্বতঃপ্রণোদিত হয়ে রুলসহ অন্তর্বর্তীকালীন আদেশ দেয়।
সাংসদ সেলিম ওসমানসহ ওই ঘটনায় যাদের সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে, তাদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না- তা জানতে চাওয়া হয় রুলে। পাশাপাশি ওই ঘটনায় দোষীদের বিরুদ্ধে কী আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছ- তা জানতে চায় আদালত।
আদেশ পাওয়ার তিন দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করার নির্দেশও দেয় আদালত।
এর ধারাবাহিকতায় ২৯ মে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপার ও বন্দর থানার ওসির প্রতিবেদন আদালতে দাখিল করে রাষ্ট্রপক্ষ।
স্থানীয় প্রশাসনের দেওয়া প্রতিবেদনে অসন্তোষ প্রকাশ করে আদালত বলে, ‘দায়সারা নয়’, আগামী ৮ জুনের মধ্যে ‘সুনির্দিষ্ট ও পূর্ণাঙ্গ’ প্রতিবেদন দাখিল করতে হবে।
বিষয়টি ৯ জুন আবারও আদালতে উঠবে জানিয়ে আদেশ দিয়েছে আদালত। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিষয়টি আদালতে উঠছে।
প্রতিবেদনের ভাষ্য
জেলা প্রশাসকের প্রতিবেদনের ভাষ্য, ১৩ মে ঘটনার পর জেলা প্রশাসকের নেতৃত্বে ১৬ মে আইনশৃঙ্খলা কমিটির সভা হয়। সভার আলোচ্যসূচিতে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষককে লাঞ্ছনার বিষয়টিও ছিল।
প্রতিবেদন অনুসারে, সভায় এ বিষয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা হয়, যার প্রেক্ষিতে তদন্তের জন্য তিন সদস্য বিশিষ্ট একটি কমিটিও রা হয়। পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চক্ষমতা সম্পন্ন কমিটি গঠনের প্রেক্ষিতে ওই কমিটির কার্যক্রম বাতিল ঘোষণা করা হয় এবং বিষয়টি ফোনের মাধ্যমে মন্ত্রণালয়কে জানানো হয়। সভায় নতুন করে যাতে সহিংসতার ঘটনা না ঘটে সেজন্য আইনশৃঙ্খলায় নিয়োজিত সদস্যদের নির্দেশ এবং শিক্ষকের যথাযথ চিকিৎসাসেবা অব্যাহত রাখাতে বলা হয়।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার বলেন, ৩১ মে জেলা প্রশাসক আনিসুর রহমান মিয়ার সভাপতিত্বে নারায়ণগঞ্জ জেলা আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বিশেষ সভা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ওই সভায় নারায়ণগঞ্জের পুলিশ সুপার, র্যাব-১১ এর অধিনায়ক, কোস্ট গার্ড সদস্য, আনসার-বিডিবির জেলা কমান্ড্যান্ট, এনএসআই-এর উপ-পরিচালক, নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও নৌ-পুলিশের পরিদর্শক উপস্থিত ছিলেন।
কোর কমিটির সিদ্ধান্ত ঊদ্ধৃত করে মোতাহার হোসেন সাজু বলেন, ওই সভায় প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তের সম্মানহানির বিষয়ে করা জিডি ও নিম্ন আদালত তদন্তের যে অনুমতি দিয়েছে সে বিষয়ে আইনি কার্যক্রম যথাযথভাবে পালন করা, ওই শিক্ষক ও তার পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা, হাই কোর্টের দেওয়া নির্দেশনা যথাযথভাবে প্রতিপালন করা, স্কুল পাশ্ববর্তী এলাকায় যাতে শান্তি বজায় থাকে এবং ওই এলাকার মানুষের মধ্যে শান্তি ও সম্প্রীতি বজায় থাকে সে বিষয়ে পদক্ষেপ গ্রহণ করার সিদ্ধান্ত হয়।
ওই বিদ্যালয়ের কার্যক্রম যাতে সুষ্ঠুভাবে চলে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সিদ্ধান্ত হওয়ার কথা প্রতিবেদন এসেছে বলে জানান তিনি।
ডেপুটি অ্যটর্নি জেনারেল মোতাহার বলেন, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপার, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা, ওসি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওই সিদ্ধান্ত বাস্তবায়ন করবেন বলে সিদ্ধান্ত আসে।
বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা, শিক্ষা কর্মকর্তা ও ওই প্রধান শিক্ষককে এ সিদ্ধান্ত ২ জুন অবহিত করা হয় বলে জেলা প্রশাসকের প্রতিবেদনে এসেছে।
পুলিশের আবেদনের বিষয়ে ডেপুটি অ্যটর্নি জেনারেল বলেন, ঘটনার দিন বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে অনুমতি নিয়ে তদন্ত চলছে এবং তা অব্যাহত রয়েছে। এজন্য হাই কোর্টে প্রতিবেদন দাখিলে ৬০ দিন সময় চাওয়া হয়েছে।
