২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইফতারের বাহারে রয়েছে মৌসুমী ফলও

রমজানের প্রথম দিনই বাহারি ইফতারের পসরায় ঢাকার ফাস্টফুড, রেস্তোরাঁ আর ছোট-বড় খাবার দোকানগুলোর চিরচেনা চিত্র পাল্টে গেছে। ছোলা, বেগুনি, পেয়াজুর সঙ্গে কাবাব, চপ, হালিম-জেলাপি দিয়ে সাজানো হয়েছে খাবার দোকানগুলো।

ফয়সাল আতিক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2016, 11:48 PM

Updated : 11 Oct 2022, 08:20 PM

পুরনো খবর:

ক্লান্ত শরীরেও উপচে পড়া ভিড় চকের ইফতার বাজারে

প্রথম রোজার দিনে বাংলা পঞ্জিকার পাতায় মধুমাস জৈষ্ঠ্যের ২৪তম দিন চলে গেছে। ফল-ফলাদির ভরপুর মৌসুম হওয়ায় দোকানগুলোতেও ইফতার ক্রেতাদের ভিড় দেখা গেছে।

মহাখালী চৌরাস্তার কাছে একটি ফলের দোকানে কথা হয় মুরতাজা খানের সঙ্গে।

তিনি বলেন, ভাজা-পোড়া ইফতারির সঙ্গে আম, লিচু, লটকল থাকলে খারাপ হয় না।

নগর কর্তৃপক্ষের কড়াকড়ির পাশাপাশি রোজার প্রথমদিনে বৃষ্টির বাগড়া- এই দুইয়ে মিলে এবার মহাখালী, গুলশান, ফার্মগেইট এলাকায় যত্রতত্র ইফতারির দোকানের সংখ্যা কিছুটা কম দেখা যায়।

গুলিপথগুলোতে ফুটপাত দখল করে কিছু ইফতারির দোকানের দেখা মিললেও এসব এলাকার প্রধান সড়কের পাশে এবার অযাচিত দোকান তেমনটি দেখা যায়নি।

মহাখালীতে ‘হোটেল খাবার দাবার’ ও রেল ক্রসিংয়ের পশ্চিম পাশে ‘লিবান’ রেস্টুরেন্টে বড় পরিসরে ইফতার আয়োজন দেখা যায়।

তবে অন্যান্য বছরের তুলনায় এবার দাম কিছুটা বেশি বলে দাবি করেছেন কয়েকজন বিক্রেতা। বিকাল অবধি থেমে থেমে বৃষ্টি হওয়ায় ক্রেতাদের উপস্থিতিও কিছুটা কম দেখা গেছে।

লিবান রেস্টুরেন্ট ফুটপাতে ইফতার না বসিয়ে পাশে নির্মাণাধীন একটি ভবনের নিচ তলায় তাদের ইফতারগুলো সাজিয়েছে।

বিক্রয়কর্মীদের সঙ্গে কথা বলে জানান যায়, তাদের ইফতার সামগ্রীর মধ্যে মোরগ মোসাল্লাম ২৫০ টাকা, চিকেন শাসলিক ১০০ টাকা, জালি কাবাব ৬০ টাকা, ভেজিটেবল রোল ৩৫ টাকা, চিকেন কাটলেট ৮০ টাকা, মিনি কাবাব ৩৫ টাকা, দইবড়া ৩০ টাকা, চিকেন গ্রিল ৩২০ টাকা এবং প্রতিটি পেঁয়াজু ও বেগুনি ৮ টাকা করে ও আলুর চপ ১০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া বোম্বে জিলাপি ও ছোলা ১৬০ টাকা কেজি দরের পাশাপাশি বিভিন্ন আকারের পাত্রে ১০০ টাকা, ২০০ টাকা, ৩০০ টাকা ও ৪০০ টাকায় বিক্রি হচ্ছে হালিম।

কাঁচা বাজারের পাশে ‘হোটেল খাবার দাবার’ রেস্টুরেন্টের বাইরের ফুটপাতেও সাজাতে দেখা যায় ভারী ইফতার।

গুলশানে দুপুরে ইফতারির বাজারে ভ্রাম্যমাণ আদালত নিয়ে অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ।

স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইমদাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা ইফতার আয়োজন নিয়ে বিক্রেতাদের সতর্ক করে দিতে এই অভিযানে গিয়েছি। প্রথম দিনে কাউকে জরিমানা করা হয়নি, তবে সতর্ক করা হয়েছে।”

গুলশান-১ নম্বর চত্বরের পাশে ডিএনসিসি মার্কেটেও বসেছে কয়েকটি ইফতারির দোকান। মহাখালী ওয়ারলেস এলাকায় ব্র্যাক ইউনিভার্সিটির পাশে ঘরোয়া রেস্টুরেন্ট, মুসলিম হোটেল, গ্র্যান্ড ফুড রেস্টুরেন্টে ইফতারের বড় পসরা দেখা গেছে।

শরীফুল ইসলাম নামের একজন বলেন, “এবার সবকিছুর দাম একটু বেশি মনে হচ্ছে। ২০ টাকা করে চাচ্ছে সবজি বড়া। এতো টাকা চাওয়ার কি আছে?”

মুসলিম হোটেলে বিফ কাবাব ৫০ টাকা, মুরগির চাপ ৮০ টাকা, প্রতিটি ডিম চপ ২০ টাকা, মিট বল ৫০ টাকা, চিকেন রোল ৫০ টাকায় বিক্রি হচ্ছিল। এছাড়া বিভিন্ন দামের ছোলা, জিলাপি, বুরিন্দা, হালিমও ছিল আয়োজনে।