২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ক্লান্ত শরীরেও উপচে পড়া ভিড় চকের ইফতার বাজারে

রমজানের প্রথম রোজায় সারা দিনের অভুক্ত শরীর ক্রমশ ক্লান্ত ও দুর্বল হয়ে আসছে, তার ওপর গুড়ি গুড়ি বৃষ্টি, কর্দমাক্ত রাস্তা। হাঁটতেও লাগছে যেন অন্য সময়ের চেয়ে দ্বিগুণ শক্তি।

নিজস্ব প্রতিবেদক

কামাল হোসেন তালুকদার,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2016, 07:31 PM

Updated : 11 Oct 2022, 08:20 PM

পুরনো খবর:

ইফতারের বাহারে রয়েছে মৌসুমী ফলও

সব ধরনের শারীরিক ও প্রাকৃতিক প্রতিকূলতা সত্ত্বেও চকবাজারের বাহারি ইফতারের স্বাদ নিতে রোজাদারদের উপড়ে পড়া ভিড়।

এই ভিড়ের মাঝেও শোনা যায় বিক্রেতার নানা ধরনের হাক-ডাক, ‘বড় বাপের পোলায় খায়, ঠোঙ্গা ভরে নিয়ে যায়’। এর মধ্যেই একটি জটলায় বেশ কয়েকটি টেলিভিশনের সাংবাদিকদের বিভিন্ন জনের সাক্ষাৎকার নিতে দেখা যায়, ... কেউবা দিচ্ছেন ‘পিটিসি’।

সব মিলিয়ে প্রথম রমজানের পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারের পরিবেশ উৎসবমুখর।

চকবাজারের এই ইফতার বাজারকে নিজেদের গর্ব বলে মনে করেন পুরান ঢাকার রহমতগঞ্জের বাসিন্দা আব্দুল জব্বার। আনুমানিক ৬০ বছর বয়সী জব্বারকে এ দোকান ও দোকান ঘুরে ইফতারির নানা উপকরণ কিনতে দেখা যায়।

সাংবাদিক পরিচয় দিয়ে কথা বলতে চাইলে তিনি বলেন, ‍“এই চকবাজার নিয়ে আমরা গর্ব করি। আমাদের চকবাজারে শুধু আমরা (পুরান ঢাকাবাসী) কেনাকাটা করছি না, বিভিন্ন এলাকা থেকে এখানে মানুষ ইফতারি কিনতে আসেন।

“ভিড়ের মাঝে এই বয়সে কেনাকাটা করছি। কিন্তু তবু বিরক্ত অনুভব করছি না, কারণ এতো মানুষ চকে আসে বলেই গর্ব করি আমরা।”

প্রতিবারের মতো এবারও চকবাজারে ইফতারির পসরা নিয়ে বসেছেন দোকানিরা।

এখানে বিভিন্ন ধরনের ভাজির সঙ্গে পাওয়া যাচ্ছে খাসির রানের রোস্ট, আস্ত মুরগি, কোয়েল, কবুতর ও হাঁসের রোস্ট। বটি কাবাব, জালি কাবাব, সুতিকাবাবের সঙ্গে পাওয়া যাচ্ছে চাপ।

মঙ্গলবার দুপুর থেকেই নানা পদের ইফতারির পসরা সাজিয়ে বসেন চকবাজারসহ রাজধানীর বিভিন্ন এলাকার দোকানিরা।

এসময় হঠাৎ বৃষ্টি শুরু হলে দোকানিদের মাঝে চিন্তার ভাঁজ দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা যেন লীন হয়ে যায়; কারণ গুড়ি গুড়ি বৃষ্টি সত্ত্বেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষ আসতে থাকেন চকবাজারে।

তবে অন্যান্য বছরে যে সংখ্যাক নারীকে দেখা যেতো ইফতারির জন্য ভিড় করতে, এবার সেই সংখ্যাটা তার থেকে কম মনে হয়।

তবুও দুই তরুণীকে হাসিমুখে ইফতারি কিনতে দেখা যায়।

কাছে গিয়ে পরিচয় দিয়ে কথা বলতে শুরু করলে জানান, তারা নীলক্ষেত কর্মজীবী মহিলা হোস্টেল থেকে এসেছেন।

নিজেদের নাম পরিচয় না জানিয়ে তারা বলেন, চকবাজারের ইফতারির খবর পত্রিকায় ও খবরে পড়া হয়। তাই এবার এই ইফতারির স্বাদ নিতে বৃষ্টি ও রাস্তার কাঁদা মাড়িয়ে দুই বান্ধবী চলে এসেছেন।

এবার রোজাদারদেরকে ভিড় ঠেলে  দইবড়া, সুতি ও জালি কাবাব, ফালুদা, গরুর কিমা, কলিজি, মগজ, চিকেন, চিড়া, ডাল, সুতি কাবাব, আলু ও ডিমসহ ১২টি মসলার সমন্বয়ে বানানো ‘বড় বাপের পোলায় খায়’ কিনতে দেখা যায়।

চকবাজারের শাহী জিলাপির ভক্তও কম নয়। এক কেজি ওজনের একেকটি জিলাপি কিনতেও দোকানের সামনে বরাবরের মতোই ভিড়।

কেনাকাটার পর ঘরমুখী অনেকের হাতেই মুখরোচক ইফতারির প্যাকেট দেখা যায়।

খেজুর, পিঁয়াজু, বেগুনি, ছোলা, মুড়ি ছাড়া তো বাঙালির ইফতারই হয় না। এছাড়া সাধ্য অনুযায়ী জিলাপি, মিষ্টান্ন, ফল, কাবাব, হালিম, রোস্টের মতো খাবারও কিনেছেন তারা।