২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুনিদের রেহাই দেব না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চট্টগ্রামে পুলিশ কর্মকর্তার স্ত্রী হত্যায় জড়িতদের রেহাই দেওয়া হবে না।  

রিয়াজুল বাশার

মদিনা থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2016, 11:02 AM

Updated : 12 Apr 2022, 02:13 AM

সৌদি আরব সফররত শেখ হাসিনা সোমবার বিকালে মদিনায় হিলটন হোটেলে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাতে এ ঘটনাকে ‘অত্যন্ত দুঃখজনক’ বলে মন্তব্য করেন।

জঙ্গিদমনে ভূমিকার জন্য প্রশংসিত পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতুকে রোববার চট্টগ্রামে কুপিয়ে ও গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। সকালে ছেলেকে স্কুলবাসে উঠিয়ে দিতে বাসার কাছেই হামলার শিকার হন তিনি।

এই প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, “গত কয়েকদিন আগে চট্টগ্রামে অত্যন্ত দুঃখজনক ঘটনা ঘটল- একজন পুলিশ অফিসারের স্ত্রী; তার তো কোনো দোষ নাই। বাচ্চাকে স্কুলে দিতে গিয়েছিল, বাচ্চার সামনে তাকে হত্যা করেছে।

“ইনশাআল্লাহ, এগুলি ধরা পড়বে। এটা আমি বলতে পারি, যারা অন্যায় করেছে তারা ধরা পড়বে। তাদের রেহাই আমরা দেব না।”

সন্ত্রাস, দুর্নীতির বিরুদ্ধে সরকার সব সময় দৃঢ় অবস্থানে দাবি করে প্রধানমন্ত্রী বলেন, “আমরা চাই না বাংলাদেশে এ ধরনের ঘটনা ঘটুক। তবুও বিক্ষিপ্ত ঘটনা ঘটে যাচ্ছে। এটা অত্যন্ত কাপুরুষোচিত কিছু কাজ করে যাচ্ছে।”

এসব হত্যাকাণ্ডের জন্য দৃশ্যত বিএনপি-জামায়াতের দিকে অভিযোগের আঙুল তুলে তিনি বলেন, “এর আগে জ্বালাও-পোড়াও করে মানুষ হত্যা করল। প্রকাশ্য দিবালোকে মানুষকে পুড়িয়ে পুড়িয়ে হত্যা করেছে। গাড়িতে, বাসে, ট্রেনে, লঞ্চে আগুন দিয়ে মানুষকে পুড়িয়েছে। আর এখন হচ্ছে গুপ্তহত্যা।”

গত ফেব্রুয়ারিতে মুক্তমনা লেখক অভিজিৎ রায়কে হত্যার পর ধারাবাহিকভাবে বাংলাদেশে ব্লগার, অনলাইন অ্যাক্টিভিস্ট, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ও ভিন্ন মতাবলম্বী মুসলমান ধর্মীয় নেতা খুন হয়েছেন।

এসব হত্যাকাণ্ডের অনেকগুলোতে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি গোষ্ঠী আইএস ও আল-কায়েদার নামে দায় স্বীকারের বার্তা এলেও সরকার তা নাকচ করে আসছে।

দেশীয় বিভিন্ন জঙ্গি গোষ্ঠী এসব হত্যাকাণ্ড ঘটাচ্ছে বলে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে উঠে এসেছে।

বিএনপি-জামায়াতের বিরুদ্ধে ওই সব গোষ্ঠীকে মদদ দেওয়ার অভিযোগ তুলে শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতারা বলছেন, আন্দোলনের মাধ্যমে সরকার পতনে ব্যর্থ হয়ে এখন তারা ‘গুপ্তহত্যার’ পথ বেছে নিয়েছে।

অন্যদিকে বিএনপি বলছে, সরকার জঙ্গি তৎপরতা দমন না করে বিরোধীদের উপর দায় চাপানোতে ব্যস্ত রয়েছে।

বক্তব্যে দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদানের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “দিনের পর দিন কষ্ট করে অর্থ উপার্জন করে তারা দেশে পাঠায়।”

দেশের আর্থ-সামাজিক অগ্রগতির কথা তুলে ধরে তিনি বলেন, “আমরা বাংলাদেশকে উন্নতির দিকে নিয়ে যাচ্ছি। এখন আর কেউ বাংলাদেশকে অবহেলার চোখে দেখে না। আমাদের আর দরিদ্র বলে কেউ গালি দিতে পারবে না। আমরা দারিদ্র সীমা থেকে উঠে আসার পথে অনেক দূর এগিয়ে গেছি। ভবিষ্যতে আমরা আরও এগিয়ে যেতে পারব, সে বিশ্বাস আমাদের আছে।”

প্রধানমন্ত্রী দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, মাথাপিছু আয় বৃদ্ধি, দারিদ্র্যের হার কমে যাওয়া, খাদ্য নিরাপত্তা সৃষ্টি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি ও দেশের ইতিহাসে সবচেয়ে বড় অংকের বাজেট দেওয়ার কথা তুলে ধরেন।

তিনি বলেন, “আমাদের অর্থনীতি এখন খুবই ভালো অবস্থায় আছে আপনারা জানেন। বাংলাদেশের মানুষের অবস্থা এখন অনেক ভালো। অর্থনৈতিক দিক থেকেও আমরা অনেক ভালো আছি। আমরা অনেক বড় বড় প্রজেক্ট নিয়েছি।

“আপনারা দেখেছেন যে, বাংলাদেশকে কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছি আমরা। এবার আমরা প্রবৃদ্ধি ৭ শতাংশে উন্নীত করতে পেরেছি।”

বিদেশিদের কাছ থেকে বাংলাদেশের উন্নয়নের প্রশংসা আসছে জানিয়ে শেখ হাসিনা বলেন, “বুলগেরিয়া গেলাম। বুলগেরিয়ার প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশ কী করছে.. এটা একটা ম্যাজিক। আমি বললাম- না, এটা আমাদের আন্তরিকতা। আমরা দেশেকে ভালোবেসে কাজ করি বলে, দেশের উন্নয়নে কাজ করি বলে এটা আমরা করতে পারছি।”

সৌদি আরবের সঙ্গে ব্যবসা-বাণিজ্য বাড়ানোর প্রচেষ্টার কথাও প্রবাসীদের কাছে তুলে ধরেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, “ব্যবসা-বাণিজ্য বাড়াতে ইতোমধ্যে আমরা পদক্ষেপ নিয়েছি। আমার সঙ্গে ব্যবসায়ীদের সাক্ষাৎ হয়েছে। সেটাও খুব ভালো  সভা হয়েছে।

“সবার সঙ্গে আমাদের সুসর্ম্পক বিশেষ করে সৌদি আরবের সঙ্গে। সৌদি আরব যে সকল পদক্ষেপ নিয়েছে যেমন, আন্তর্জাতিক পর্যায়ে কাউন্টার টেরোরিজমের যে পদক্ষেপ আমরা কিন্তু.. সমর্থন করে এরসঙ্গে সংযুক্ত হয়েছি।”

বৈঠকে সৌদি প্রবাসী বাঙালিরাও প্রধানমন্ত্রীর কাছে তাদের মতামত তুলে ধরেন। 

সৌদি বাদশাহর আমন্ত্রণে পাঁচদিনের সরকারি সফরে শুক্রবার সৌদি আরব আসেন শেখ হাসিনা। ওইদিন রাতেই তিনি ওমরাহ পালন করেন।

রোববার সৌদি বাদশাহর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হয় বাংলাদেশের প্রধানন্ত্রীর।

এছাড়া পররাষ্ট্র, অর্থ ও শ্রমসহ বেশ কয়েকজন সৌদি নীতি নির্ধারকের সঙ্গেও বৈঠক হয় শেখ হাসিনার। সোমবার তিনি মদিনায় এসে মহানবীর রওজা মোবারক জিয়ারত করেন এবং মসজিদে নববীতে নামাজ আদায় করেন।