সন্ত্রাস কর্মকাণ্ডের পৃষ্ঠপোষকতায় জামায়াত: শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জামায়াতে ইসলামীর পৃষ্ঠপোষকতায় বিভিন্ন নামে একাধিক দল বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর চেষ্টা করছে।
অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত গ্রেগ উইলককের সঙ্গে বৈঠকে একথা বলেন বাংলাদেশের সরকার প্রধান। তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় শেখ হাসিনার সঙ্গে জাতীয় সংসদ ভবনে বিদায়ী সাক্ষাৎ করেন।
শেখ হাসিনা বলেন, “বিভিন্ন নামে একাধিক দল দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর চেষ্টা করছে। এদের মূলে রয়েছে জামায়াত। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো এধরনের ১৬টি দলের সন্ধান পেয়েছে।”
প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম বৈঠকের বিষয়বস্তু সাংবাদিকদের জানান।
সাম্প্রতিক সময়ে বিদেশি নাগরিক, মসজিদের ইমাম, গির্জার পাদ্রী ও মন্দিরের পুরোহিত হত্যাকাণ্ডগুলোকে ‘সফট টার্গেট’ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সহিংস রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যর্থ হয়ে বিএনপি-জামায়াত জোট এরকম বেছে বেছে হত্যার পথ নিয়েছে।”
গত বছর বিএনপি-জামায়াত জোটের তিন মাসের হরতাল-অবরোধে নাশকতায় প্রাণহানির প্রসঙ্গও শেখ হাসিনা রাষ্ট্রদূতকে তুলে ধরেন।
সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে তথ্যের আদান-প্রদানের উপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।
এই বৈঠকের আগে জাতীয় সংসদে ২০১৬-১৭ অর্থবছরের জাতীয় বাজেট ্পুস্থাপন করা হয়।
শেখ হাসিনা বলেন, “আওয়ামী লীগের একটি নিজস্ব অর্থনৈতিক নীতি রয়েছে। বিভিন্ন আলোচনা, সেমিনার ও বৈঠক থেকে অর্থনৈতিক নীতি চূড়ান্ত করা হয়।”
বাংলাদেশের জ্বালানি খাতে অস্ট্রেলিয়ার বিনিয়োগের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন দেশটির রাষ্ট্রদূত।
অস্ট্রেলিয়ার একটি কোম্পানির সঙ্গে কাজ করতে অচিরেই বাপেক্সের সঙ্গে বৈঠকে বসবে বলে প্রধানমন্ত্রীকে জানান উইলকক।
