২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝড়ের নাম নিয়ে দুর্বিপাকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর

ঘূর্ণিঝড় ‘রোয়ানু’কে ‘স্কার্ট’ বানিয়েছে স্বয়ং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।

মঈনুল হক চৌধুরী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2016, 10:44 PM

Updated : 11 Oct 2022, 08:15 PM

পুরনো খবর:

এগিয়েছে রোয়ানু, ৪ নম্বর সংকেত
ঘূর্ণিঝড় রোয়ানু: উপকূলে সরকারি কর্মকর্তাদের ছুটি বাতিল
Image
বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের খবরে ঘূর্ণিঝড়টির নাম ‘স্কার্ট’ লেখা হয়। গুগল সার্চের স্ক্রিন শটটি রাত ১০টার দিকে নেওয়া।

বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের খবরে ঘূর্ণিঝড়টির নাম ‘স্কার্ট’ লেখা হয়। গুগল সার্চের স্ক্রিন শটটি রাত ১০টার দিকে নেওয়া।

দুর্যোগ মোকাবেলায় আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিতে মাঠ কর্মকর্তাদের কাছে বৃহস্পতিবার অধিদপ্তরের উপ পরিচালক মো. একরামুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ ‘ভুল’ করা হয়।

গভীর নিম্নচাপ থেকে বুধবার গভীররাতে সৃষ্ট এই ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রভাবে সাগর উত্তাল থাকায় দেশের সব সমুদ্রবন্দরে চার নম্বর হুঁশিয়ারি সঙ্কেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সাগর তীরের আট দেশের আবহাওয়া দপ্তর ও বিশ্ব আবহাওয়া সংস্থার দায়িত্বপ্রাপ্ত প্যানেলের তালিকা অনুযায়ী এ ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে ‘রোয়ানু’। মালদ্বীপ এ নামটি প্রস্তাব করেছিল।

তবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর বৃহস্পতিবার জারি করা অফিস আদেশে বলেছে, “সাম্প্রতিক সময়ে ঘূর্ণিঝড় স্কার্ট ভারতের দক্ষিণ উপকূলে আঘাত হেনেছে, যার প্রভাবে বাংলাদেশে নিম্নচাপ দেখা দিয়েছে। নিম্নচাপের কারণে সৃষ্ট দুর্যোগ মোকাবেলার আগাম সতর্কতা অবলম্বনের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সব কার্যক্রম শুক্রবার ও শনিবার খোলা থাকবে…।”

ঘূর্ণিঝড়টি সৃষ্টির ১৮ ঘণ্টা পরও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের এ ধরনের অফিস আদেশে বিভ্রান্তি সৃষ্টি হয় বিভিন্ন মহলে।

রাত সোয়া ৯টায় এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মো. রাশেদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অফিস আদেশটি দেখেছি। এ ঘূর্ণিঝড়ের নাম রোয়ানু, এখানে ‘স্কার্ট’ ব্যবহার করা হয়েছে। এটা ভুল।”

এই ঘূর্ণিঝড়ের নামও আগে থেকে নির্ধারিত ছিল বলে উল্লেখ করেন তিনি।

ঘূর্ণিঝড়টির নাম হিসেবে ‘স্কার্ট’ ব্যবহার করাকে ভুল বলে স্বীকার করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. রিয়াজ আহমেদও।

রাত সাড়ে ৯টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “অফিস আদেশে ঘূর্ণিঝড়ের নাম ভুল গেছে। এইমাত্র আমার নজরেও এল। ঘূর্ণিঝড়ের নাম রোয়ানু হবে। অফিস আদেশটি করণিক ত্রুটি হয়েছে, সংশোধন করা হচ্ছে।”

রাত পৌনে ১০টায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ওয়েবসাইট এর নোটিস বোর্ড থেকে ওই অফিস আদেশটি তুলে নেওয়া হয়।