ঘূর্ণিঝড় রোয়ানু: উপকূলে সরকারি কর্মকর্তাদের ছুটি বাতিল
দুর্যোগ মোকাবেলায় সার্বিক প্রস্তুতি নিতে শুক্র ও শনিবারের ছুটি বাতিল করা হয়েছে। এসময় কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে থাকার নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।
ঘূর্ণিঝড় ‘রোয়ানু’র দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুতি নিতে উপকূলীয় জেলাগুলোয় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে।
পাশাপাশি জেলা-উপজেলা-ইউনিয়ন পর্যায়ের দুর্যোগ মোকাবেলা সংক্রান্ত কমিটিকে প্রয়োজনীয় সহায়তার দিতে কর্মকর্তাদের নিজ নিজ কর্মস্থলে থাকার নির্দেশনা দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
বৃহস্পতিবার রাতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. রিয়াজ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
সন্ধ্যা ৬টায় ঘূর্ণিঝড় ‘রোয়ানু’ চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ১ হাজার ৩৬৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩৩৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১৮৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ১২১৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।
আবহাওয়া অধিদপ্তর রাত ৮টায় বিশেষ বুলেটিনে জানিয়েছে, ঘূর্ণিঝড়টি কার্যত স্থির থেকে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হতে পারে।
সন্ধ্যায় ঘূর্ণিঝড় ‘রোয়ানু’র প্রভাবে সব সমুদ্রবন্দরে চার নম্বর হুঁশিয়ারি সংকেত দেওয়ার পর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, আবহাওয়া অধিদপ্তর, সশস্ত্রবাহিনী বিভাগ, আবহাওয়া অধিদপ্তর, দমকল বাহিনী, রেড ক্রিসেন্ট, রেডক্রস ও সংশ্লিষ্ট বিভাগ-সংস্থার প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব।
বৈঠক শেষে রাত রিয়াজ আহমেদ বলেন, “দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী (এসওডি) অনুযায়ী সচিবের নেতৃত্বে গঠিত কমিটির বৈঠক হয়েছে। এতে উপকূলীয় জেলা ও সংলগ্ন জেলাগুলোয় শুক্রবার-শনিবার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিলের সিদ্ধান্ত হয়েছে।
“আগামী দুইদিন সরকারি কর্মকর্তারা নিজ কর্মস্থলে থেকে স্থানীয় দুর্যোগ মোকাবেলা সংক্রান্ত কমিটির কার্যক্রম তদারকি, আশ্রয়কেন্দ্র খোলা রাখা, প্রয়োজনীয় খাবার মজুদ, ত্রাণ কার্যক্রমের প্রস্তুতি রাখবেন। এছাড়া জানমালের ক্ষতি এড়াতে যেসব প্রস্তুতি রাখা দরকার সবই রাখা হবে।”
তিনি বলেন, শেষ পর্যন্ত তা আঘাত হানতে পারে, আবার দুর্বলও হতে পারে। বাংলাদেশ উপকূল থেকে দেড় হাজার কিলোমিটার দূরে স্থির হয়ে থাকা ঘূর্ণিঝড়টির আরও শক্তি নিয়ে আঘাত হানার শঙ্কা এখনও রয়ে গেছে।
“এ অবস্থায় দুর্যোগ মোকাবেলায় আমাদের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি রাখা হচ্ছে। বৈঠক থেকে ইতোমধ্যে এ সংক্রান্ত নির্দেশনা উপকূলীয় জেলায় পাঠানো হয়েছে, খোঁজখবরও নিচ্ছি অগ্রগতির।”
তিনি জানান, স্বেচ্ছাসেবকদের দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি রাখার পাশাপাশি আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা প্রচার ও জনগণকে সচেতন করা হবে। উপকূলীয় লোকজনকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হলে যথাযথ ব্যবস্থা নেবেন সংশ্লিষ্টরা।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তারা জানান, সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় অন্তত এক ডজন উপকূলীয় জেলার ৩৫টি উপজেলার ৩২২টি ইউনিয়নে প্রায় ৫০ হাজার স্বেচ্ছাসেবককে প্রস্তুত রাখা হবে। প্রত্যেক জেলা-উপেজেলায় সার্বক্ষণিক নিয়ন্ত্রণ কক্ষ খোলা রাখা হবে। এছাড়া মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন অধিদপ্তর এবং বিভাগেও আলাদা আলাদা নিয়ন্ত্রণ কক্ষ খোলা হবে।
বিভিন্ন উপকূলীয় এলাকার বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের মাধ্যমে লোকজনকে সতর্ক রাখা হবে এবং একাধিক মেডিকেল টিম গঠন ও বিভিন্ন বাহিনীর সদস্যদের উদ্ধার কার্যক্রমে অংশ নেয়ার জন্য প্রস্তুত রাখা হবে। ত্রাণ কার্যক্রমের অংশ হিসেবে শুকনো খাবার ও খাবার পানি প্রস্তুত রাখতে বলা হয়েছে।
