২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডন পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বুলগেরিয়ায় অনুষ্ঠেয় গ্লোবাল উইমেন লিডারস ফোরামে যোগ দিতে ইউরোপের পথে রওনা হয়ে লন্ডন পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সৈয়দ নাহাস পাশা

‍যুক্তরাজ্য থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2016, 09:45 PM

Updated : 11 Oct 2022, 08:14 PM

যুক্তরাজ্যে দুদিন অবস্থান করে বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় যাবেন শেখ হাসিনা। সেখানে বুধ থেকে শুক্রবার অনুষ্ঠেয় উইমেন লিডারস ফোরামে অংশ নেবেন তিনি।

রোববার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে লন্ডনের পথে রওনা হন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ সময় রাত ৯টায় (লন্ডন সময় বিকাল ৪টা) তিনি লন্ডন পৌঁছান।

হিথরো বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান তার ছেলে ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আবদুল হান্নান।

জয় যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাজ্যে গেছেন। শেখ হাসিনার সঙ্গে তার বোন শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি রয়েছেন। ববির বোন টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্য পার্লামেন্টের সদস্য।

বিমানবন্দরের বাইরে আওয়ামী লীগের নেতা-কর্মীরা জড়ো হয়ে শেখ হাসিনাকে স্বাগত জানান।

অন্যদিকে শেখ হাসিনা যে হোটেলে থাকবেন, সেই তাজ হোটেলের কাছেই অবস্থান নিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করে প্রবাসী বিএনপি নেতা-কর্মীরা।

Image
শেখ হাসিনাকে স্বাগত জানিয়ে আওয়ামী লীগের অবস্থান

শেখ হাসিনাকে স্বাগত জানিয়ে আওয়ামী লীগের অবস্থান

Image
শেখ হাসিনার বিরুদ্ধে বিক্ষোভ বিএনপির

শেখ হাসিনার বিরুদ্ধে বিক্ষোভ বিএনপির

ঢাকা শাহজালাল বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবং মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বুলগেরিয়ায় প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হবেন।

 বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থার নারী নেতাদের উপস্থিতিতে ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী মূল বক্তা হিসেবে বক্তৃতা করবেন বলে তার প্রেস সচিব ইহসানুল করিম ইতোমধ্যে জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, বুধবার স্থানীয় সময় দুপুর সোয়া ১টায় সোফিয়ায় পৌঁছাবেন শেখ হাসিনার। ওইদিন বিকালে বুলগেরিয়ার প্রেসিডেন্ট রোসেন প্লেনেলিয়েভের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন তিনি।

বিকালে উইমেন লিডারস ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার পর রাতে ইউনেস্কো মহাসচিব ইরিনা বোকোভার দেওয়া নৈশভোজে অংশ নেবেন।

শুক্রবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত ও দ্বিপক্ষীয় বৈঠক করবেন বুলগেরিয়ার প্রধানমন্ত্রী বয়কো বরিসভ। বৈঠকের পর দুই দেশের মধ্যে কয়েকটি চুক্তিও হতে পারে।

সফর শেষে শুক্রবার রাতে সোফিয়া থেকে রওনা হয়ে শনিবার সকালে ঢাকা পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর।